গীতসংহিতা 147
147
সর্বশক্তিমান ঈশ্বরের প্রশংসা
1প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা!
আমাদের আরাধ্য ঈশ্বরের স্তুতিগান করা কত উত্তম,
তাঁর প্রশস্তি করা কতই না মনোহর।
2প্রভু পরমেশ্বরই জেরুশালেমকে স্থাপন করেছেন,
নানা স্থানে ছড়িয়ে থাকা ইসরায়েলীদের একত্র করেন তিনি।
3ভগ্নহৃদয় তিনি করেন নিরাময়
বন্ধন করেন তাদের ক্ষতসমূহ।
4তিনি তারকারাজির সংখ্যা নির্ধারণ করেন,
নাম ধরে ডাকেন তাদের।
5মহান আমাদের প্রভু পরমেশ্বর মহা শক্তিমান তিনি
অসীম, অপরিমেয় তাঁর প্রজ্ঞা।
6তিনি দীনহীনকে করেন উন্নত
করেন ভূপাতিত দুর্জনকে
7তোমরা গানে গানে প্রভুর চরণে কর কৃতজ্ঞতা নিবেদন,
কর স্তব আমাদের আরাধ্য ঈশ্বরের বীণার ঝঙ্কারে
8তিনিই মেঘপুঞ্জে আচ্ছন্ন করেন আকাশমণ্ডল
ধরিত্রীর জন্য করেন বর্ষার আয়োজন
পর্বতগাত্রকে ভূষিত করেন তৃণের আবরণে।
9তিনিই আহার জোগান পশুদের মুখে ক্রন্দনরত বায়সশাবকের মুখে
তিনিই খাদ্য তুলে দেন।
10অশ্বের অমিত শক্তিতে তাঁর প্রীতি নেই,
সৈনিকের বীরত্বে নেই তাঁর সন্তোষ।
11কিন্তু প্রভুকে যারা সম্ভ্রম করে,
তাঁর অবিচল প্রেমেই যাদের প্রত্যাশা তারাই তাঁর প্রীতিভাজন।
12হে জেরুশালেম, প্রভু পরমেশ্বরের গুণকীর্তন কর,
ওগো সিয়োন, প্রশস্তি কর তোমার আরাধ্য ঈশ্বরের।
13তিনি সুদৃঢ় করেছেন তোমার তোরণসমূহের অর্গল,
তোমার মাঝে যাদের বাস তিনি তাদের করেছেন আশীর্বাদ।
14তিনি প্রতিষ্ঠা করেছেন শান্তি তোমার সীমান্ত ঘিরে,
সর্বোৎকৃষ্ট শস্যের সম্ভারে তোমায় করেন সমৃদ্ধ।
15তিনি প্রেরণ করেন তাঁর নির্দেশ এই পৃথিবীতে,
দ্রুত সঞ্চারী তাঁর সেই নির্দেশ।
16তিনি ধরণীর বুকে বিছিয়ে দেন তুলার মত তুষারের আবরণ
ভস্মের মত ছড়িয়ে দেন নীহারকণা।
17তিনি নিক্ষেপ করেন অজস্র বরফখণ্ড,
কে সহ্য করতে পারে তাঁর হিমশীতলতা?
18তাঁর কথাতেই আবার সেই তুষার হয় বিগলিত,
তাঁর বায়ু সঞ্চারে প্রবাহিত হয় জলস্রোত।
19তিনি যাকোবের কাছে প্রেরণ করেছেন তাঁর বাণী,
ইসরায়েলের কাছে ব্যক্ত করেছেন তাঁর বিধি ও অনুশাসন
20অপর কোন জাতির জন্য এমন মহৎ কাজ তিনি করেননি কখনও,
তাদের কাছে ব্যক্ত করেননি তাঁর অনুশাসন।
প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা!
Currently Selected:
গীতসংহিতা 147: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.