YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 145

145
মুক্তিদাতা ঈশ্বরের প্রশংসা গীতি
দাউদের প্রশংসা গীতি
1হে আমার ঈশ্বর, হে রাজন! আমি উচ্ছ্বসিত প্রশংসা করব তোমার,
চিরকাল করব তোমার নামের গুণগান।
2প্রতিদিন গাইব আমি তোমার জয়গান,
নিত্য করব তোমার নামের প্রশংসা।
3প্রভু পরমেশ্বর মহান, সকল গৌরব ও মহিমা তাঁরই,
বোধের অতীত তাঁর মহত্ত্ব।
4বংশপরম্পরায় লোকে বর্ণনা করবে তোমার কীর্তিকলাপ,
তোমার পরাক্রমের কার্যাবলী করবে ঘোষণা।
5আমি ধ্যান করব তোমার গৌরব, প্রতাপ ও রাজকীয় মহিমার কথা,
ধ্যান করব তোমার পরমাশ্চর্য কীর্তিকলাপ।
6লোকে প্রচার করবে তোমার ভয়াবহ কার্যকলাপ ও পরাক্রমের কথা,
আর আমি তোমার অপার মহত্ত্বের কথা করব ঘোষণা।
7তারা প্রচার করবে তোমার অশেষ দয়ার খ্যাতি,
গানে গানে বর্ণনা করবে তোমার ন্যায়নিষ্ঠার কথা।
8প্রভু পরমেশ্বর স্নেহশীল, পরম করুণাময় তিনি,
ধীর সঞ্চারী তাঁর ক্রোধ, দয়াতে তিনি মহান।
9প্রভু পরমেশ্বর মঙ্গলময়,
সমগ্র সৃষ্টির উপরে বিরাজিত তাঁর করুণা।
10হে প্রভু, তোমার সমগ্র সৃষ্টি প্রশংসা করে তোমার,
ভক্তবৃন্দ করে তোমার স্তব গান।
11তারা বর্ণনা করে তোমার রাজ্যের গৌরব,
বলে তোমার পরাক্রমের কথা।
12যেন মানব সন্তানেরা জানতে পারে তোমার পরাক্রমের কীর্তিকলাপ,
জানতে পারে তোমার রাজ্যের প্রতাপ ও মহিমা।
13যুগে যুগে ব্যাপ্ত তোমার রাজত্ব
পুরুষানুক্রমে প্রতিষ্ঠিত তোমার আধিপত্য।
প্রভু পরমেশ্বর সত্যনিষ্ঠ,
তিনি পূর্ণ করেন তাঁর সকল অঙ্গীকার,
তাঁর কর্মে প্রকাশিত হয় অপার করুণা।
14যারা অধোগামী প্রভু তুলে ধরেন তাদের,
অবনত যারা দুঃখের ভারে তাদের তিনি করেন উন্নত।
15তোমার দিকেই নিবদ্ধ সকলের দৃষ্টি
তুমিই যথাসময়ে তাদের আহার যোগাও।
16তোমার উদার হস্তের দানে
তৃপ্ত হয় সকল প্রাণীর বাসনা।
17প্রভু পরমেশ্বর সকল কর্মে দয়াবান,
ন্যায়পরায়ণ সর্বক্ষেত্রে।
18যারা তাঁকে স্মরণ করে, ডাকেন পরম নিষ্ঠাভরে
প্রভু থাকে তাদের পাশে।
19যারা তাঁকে সম্ভ্রম করে তিনি পূর্ণ করেন তাদের মনোবাসনা
কর্ণপাত করেন তাদের আর্তরবে সত্ত্বর উদ্ধার করেন তাদের।
20যারা তাঁকে ভালবাসে তাদের রক্ষা করেন তিনি
দুষ্টদের করেন সমূলে বিনাশ।
21প্রভু পরমেশ্বরের প্রশংসায় আমি হব মুখর
সকল প্রাণী তাঁর পবিত্র নামের করুক গুণগান যুগে যুগে চিরকাল।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 145