গীতসংহিতা 144
144
যুদ্ধজয়ের জন্য রাজার কৃতজ্ঞতা নিবেদন ও প্রজাদের সমৃদ্ধির জন্য প্রার্থনা
দাউদের ভজন
1ধন্য প্রভু পরমেশ্বর আমার শৈল, আমার রক্ষক,
তিনিই আমার হস্তদ্বয়কে শিখিয়েছেন যুদ্ধের কৌশল,
প্রতিটি আঙ্গুলিতে দিয়েছেন রণনিপুণতা।
2অবিচল প্রেমের উৎস তিনি, তিনিই আমার দুর্গ,
আমার সুদৃঢ় আশ্রয় তিনি, আমার মুক্তিদাতা।
তিনিই আমার ঢাল, আমি তাঁরই শরণাগত,
জাতিসমূহকে তিনিই আনেন আমার অধীনে।
3হে প্রভু পরমেশ্বর, নগণ্য মর্ত্যমানবের কি এমন যোগ্যতা যে তুমি তার সন্ধান কর?
নিতান্ত তুচ্ছ মানব সন্তানই বা কে যে তুমি তার তত্ত্বাবধান কর#ইয়োব 7:17-18; গীত 8:4?
4মানুষ যেন ক্ষণিকের নিঃশ্বাস,
তার জীবনকাল বিলীয়মান ছায়ার মত।
5হে প্রভু পরমেশ্বর, আকাশমণ্ডল আনত করে নেমে এস তুমি,
স্পর্শ কর পর্বতশ্রেণীকে, তারা হবে ধূমায়মান।
6বিদ্যুৎ হেনে তুমি কর তাদের ছত্রভঙ্গ,
বিধ্বস্ত কর শরাঘাতে।
7ঊর্ধ্বলোক থেকে প্রসারিত কর তোমার হস্ত,
উদ্ধার কর আমায় মহাপ্লাবন থেকে,
দুর্ধর্ষ শত্রুদের কবল থেকে আমায় রক্ষা কর,
8যাদের মুখে মিথ্যা ভাষণ
ছলনায় ভরা শপথ যাদের।
9হে ঈশ্বর, তোমার উদ্দেশে আমি গাইব নূতন গান
দশতন্ত্রী বীণার ঝঙ্কারে আমি গাইব তোমার স্তুতি গান।
10তুমিই নৃপতিদের ভূষিত কর বিজয়মাল্যে,
তীক্ষ্ণধার তরবারি থেকে উদ্ধার করেছ তোমার দাস দাউদকে।
11রক্ষা কর আমায়, দুর্ধর্ষ শত্রুদের কবল থেকে,
যাদের মুখে মিথ্যাভাষণ ছলনায় ভরা শপথ যাদের।
12আমাদের পুত্রগণ যেন যৌবনে
বেড়ে ওঠে সতেজ তরুর মত,
আমাদের কন্যারা যেন হয়
প্রাসাদের কোণের কারুকার্যশোভিত স্তম্ভের মত।
13আমাদের ভাণ্ডার যেন পরিপূর্ণ থাকে নানাবিধ দ্রব্যসম্ভারে
আমাদের মেষপাল যেন চারণ ক্ষেত্রে সহস্র সহস্র শাবক প্রসব করে।
14আমাদের পশুপাল যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়,
না হয় যেন তার কোন ক্ষয়ক্ষতি,
আমাদের রাজপথগুলিতে যেন ধ্বনিত না হয় আর্তনাদ।
15ধন্য সেই জাতি, এমনি আশীর্বাদে সমৃদ্ধ যাদের জীবন,
ধন্য সেই জাতি, প্রভু পরমেশ্বরই যাদের আরাধ্য ঈশ্বর।
Currently Selected:
গীতসংহিতা 144: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.