YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 135

135
প্রশংসা গীতি
1প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা প্রশংসা কর তাঁর নামের,
হে প্রভু পরমেশ্বরের সেবকবৃন্দ, মুখরিত হও তাঁর প্রশংসায়।
2তোমরা যারা পরিচর্যা কর প্রভুর মন্দিরে পরিচর্যা কর
আমাদের ঈশ্বরের মন্দির প্রাঙ্গণে,
3প্রভু পরমেশ্বরের প্রশস্তি কর তোমরা, মঙ্গলময় তিনি,
তিনি দয়াময় তাঁর গুণগান গাও।
4প্রভু পরমেশ্বর আপন উদ্দেশ্য সাধনে গ্রহণ করেছেন ইসরায়েলকে,
মনোনীত করেছেন যাকোবকে আপন প্রজারূপে।
5আমি জানি, সুমহান আমাদের আরাধ্য প্রভু পরমেশ্বর
সকল দেবতার ঊর্ধ্বে তিনি।
6স্বর্গ ও মর্ত্যে, সাগরে ও গভীর পাতালে সর্বত্র
প্রভুই আপন ইচ্ছা অনুযায়ী কাজ করে যান।
7তিনিই পৃথিবীর প্রান্তদেশে পুঞ্জীভূত করেন মেঘরাশি,
সেই মেঘপুঞ্জকে বিদীর্ণ করে করেন বর্ষণদান,
প্রবাহিত করেন বায়ু নিজ ভাণ্ডার থেকে।
8তিনিই মিশর দেশে মনুষ্য
ও পশুকুলের প্রথম সন্তানদের বিনাশ করেছিলেন।
9তিনিই তোমার মাঝে হে মিশর সাধন করেছিলেন বহু অলৌকিক কার্য,
দেখিয়েছিলেন কত নিদর্শন ফারাও ও তাঁর অনুচরদের বিরুদ্ধে,
10অনেক জাতিকে তিনি আঘাত করেছিলেন,
বধ করেছিলেন পরাক্রান্ত নৃপতিদের।
11ইমোরীদের রাজা সীহোনকে বাশানের রাজা ওগ্‌কে
এবং কনানের সমস্ত রাজাকে করেছিলেন বধ।
12তাদের দেশ তিনি উত্তরাধিকার স্বরূপ বণ্টন করলেন,
আপন প্রজা ইসরায়েলকে দিলেন ভূমির স্বত্বাধিকার।
13হে প্রভু পরমেশ্বর, তোমার নাম অনন্তকাল স্থায়ী,
যুগে যুগে সঞ্চারী তোমার গৌরব!
14প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের রক্ষা করবেন,
তাঁর সেবকদের প্রতি হবে সদয়।
15সোনা ও রূপো দিয়ে মানুষের হাতে গড়া
অন্যান্য জাতির প্রতিমা,
16মুখ আছে তবু এরা পারে না বলতে কথা,
চোখ আছে তবু দেখতে পায় না এরা,
17কান থাকতেও পায় না এরা শুনতে,
নেই তাদের প্রাণের স্পন্দন।
18তাদের নির্মাতা ও উপাসক–—
সকলেরই দশা হবে ঐ প্রতিমাগুলির মত।#গীত 115:4-8; প্রকা 9:20
19হে ইসরায়েলকুল, প্রভু পরমেশ্বরের ধন্যবাদ কর,
হে হারোণকুল, ধন্যবাদ কর তাঁর।
20হে লেবির বংশধরগণ, প্রভুর ধন্যবাদ কর,
প্রভুকে যারা সম্ভ্রম কর, ধন্যবাদ কর তাঁর।
21ধন্য হোন প্রভু,
সিয়োন মুখরিত হোক প্রভু পরমেশ্বরের জয়গানে,
জেরুশালেমে যাঁর নিত্য বসতি।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 135