গীতসংহিতা 119
119
ঈশ্বরের অনুশাসন
1ধন্য তারা, নিষ্কলঙ্ক জীবন যাদের,
যারা পালন করে প্রভু পরমেশ্বরের অনুশাসন।
2ধন্য তারা, যারা পালন করে তাঁর নির্দেশ,
সর্বান্তঃকরণে করে তাঁরই অন্বেষণ।
3ধন্য তারা যারা কোন অন্যায় করে না
কিন্তু চলে তাঁরই নির্দেশিত পথে।
4হে প্রভু পরমেশ্বর, তুমি দিয়েছ আমাদের তোমার আনুশাসন,
যেন তা পালন করি সযতনে।
5তোমার আনুশাসন পালনে হে প্রভু
আমার আচরণ যেন হয় সুসঙ্গত।
6তোমার নির্দেশগুলির প্রতি আমার দৃষ্টি নিবদ্ধ থাকলে
আমি কখনও হব না লজ্জিত।
7যখন আমি শিখব তোমার ন্যায়সঙ্গত শাসন বিধি,
সরল চিত্তে তখন আমি করব তোমার স্তবগান।
8আমি পালন করব তোমার অনুশাসন
তুমি কখনও আমাকে করো না পরিত্যাগ।
অনুশাসন পালন
9তরুণ কীভাবে নিষ্কলঙ্ক রাখবে তার জীবন?
তোমার অনুশাসন পালনেই তার জীবন হবে কলঙ্কহীন।
10আমি সর্বান্তঃকরণে তোমারই অন্বেষণ করি,
তোমার নির্দেশ অমান্য করে বিপথে যেতে দিও না আমায়।
11আমি হৃদয়ে সঞ্চিত রেখেছি তোমার প্রতিশ্রুতি,
যেন তোমার বিরুদ্ধে পাপ না করি।
12ধন্য তুমি হে প্রভু পরমেশ্বর,
আমাকে শিখাও তোমার অনুশাসন।
13তোমার মুখনিঃসৃত সকল শাসনবিধি
উচ্চারণ করবে বার বার আমার ওষ্ঠাধর।
14অতুল ধনসম্পদ লাভে যে আনন্দ
তার চেয়ে বেশী আনন্দ আমি লাভ করেছি তোমার নির্দেশ পালনে।
15আমি ধ্যান করব তোমার সমস্ত আদেশ
নিবদ্ধ রাখব আমার দৃষ্টি তোমারই পথে।
16তোমার অনুশাসন পালনে আমার অপার আনন্দ,
আমি ভুলব না কখনও তোমার নির্দেশ।
অনুশাসন পালনের আনন্দ
17তোমার এ দাসের কল্যাণ কর, যেন আমি জীবিত থাকি,
পালন করতে পারি তোমার উপদেশ।
18উন্মুক্ত করে দাও আমার দৃষ্টি যেন আমি দেখতে পাই
তোমার বিধানের পরমাশ্চর্য নিগূঢ় সত্য।
19আমি এক অজানা পথিক পৃথিবীর পথে,
তবু গোপন রেখ না আমার কাছে তোমার অনুশাসন।
20তোমার শাসনবিধি জানার আকাঙ্ক্ষায়
সতত ব্যাকুল আমার প্রাণ।
21তোমার আদেশ অমান্য করে যারা বিপথে যায়,
অভিশপ্ত সেই দাম্ভিকদের তুমি কর তিরস্কার।
22দূর কর আমার লাঞ্ছনা অপবাদ,
আমি পালন করেছি তোমার বিধিকলাপ।
23যদি শাসককুল আমার বিরুদ্ধে চক্রান্ত করে
তবুও তোমার এ দাস ধ্যান করবে তোমার অনুশাসন।
24তোমার বিধি বিধান আমার আনন্দস্বরূপ
তারাই আমার উপদেষ্টা।
ঈশ্বরের পথে চলার সিদ্ধান্ত
25আমি আজ ধূলায় অবলুণ্ঠিত, সঞ্জীবিত কর আমায়,
পূর্ণ হোক তোমার অঙ্গীকার।
26যা কিছু করেছি আমি সবই বলেছি তোমায়,
আর তুমি দিয়েছ সাড়া এবার শিখাও আমায় তোমার অনুশাসন।
27তোমার আদেশ পালনের পথ দেখাও আমায়,
আমি ধ্যান করব তোমার পরমাশ্চর্য কীর্তিকলাপ।
28দুঃখে আমার প্রাণ বিগলিত প্রায়
সত্য হোক তোমার অঙ্গীকার উজ্জীবিত কর আমায়।
29দূরে রাখ আমায় ছলনার পথ থেকে,
কৃপা কর, শিখাও আমায় তোমার বিধান।
30বাধ্যতারই পথ আমি বেছে নিয়েছি,
তোমার শাসনবিধি রেখেছি সম্মুখে।
31আমি আসক্ত তোমার বিধিব্যবস্থায়,
হে প্রভু পরমেশ্বর আমাকে করো না লজ্জিত।
32তোমার নির্দেশিত পথে আমি হব সাগ্রহে ধাবমান,
তুমি উদার করেছ আমার হৃদয় তোমার গভীর জ্ঞানে।
বোধশক্তি লাভের জন্য প্রার্থনা
33হে প্রভু পরমেশ্বর, দেখাও আমায় তোমার বিধিসম্মত পথ,
আমি আজীবন চলব সেই পথে।
34বোধশক্তি দাও আমায় হে প্রভু যেন আমি মেনে চলতে পারি তোমার বিধান,
যেন পালন করতে পারি সর্বান্তঃকরণে।
35চালাও আমায় তোমার নির্দেশিত পথে
সে পথেই আমার পরম আনন্দ।
36ধনসম্পদ নয়, তোমার নির্দেশ পালনে উদ্বুদ্ধ কর আমার হৃদয়,
আকৃষ্ট না হয় যেন ধনসম্পদের মিথ্যা মোহে।
37মায়ার দর্শন থেকে ফিরাও দৃষ্টি আমার সঞ্জীবিত কর আমায়,
পূর্ণ হোক তোমার অঙ্গীকার।
38যে প্রতিশ্রুতি তুমি দিয়েছ তোমার ভক্তদের,
তোমার এ দাসের প্রতিপূর্ণ কর সেই প্রতিশ্রুতি।
39দূর কর আমার নিন্দা অপবাদ যার ভয়ে ভীত আমি,
অতি উত্তম তোমার বিচারের নীতি।
40তোমার আদেশ পালনে উদগ্রীব আমি,
আগ্রহে আকুল, তোমার ধর্মশীলতায় সঞ্জীবিত কর আমায়।
ঈশ্বরের নির্দেশের প্রতি নির্ভরতা
41হে প্রভু পরমেশ্বর তোমার অবিচল প্রেম বর্ষিত হোক আমার উপর,
উদ্ধার কর আমাকে পূর্ণ হোক তোমার প্রতিশ্রুতি।
42আমি তখন নিন্দুকদের দিতে পারব সমুচিত উত্তর,
আমি করেছি নির্ভর তোমারই অঙ্গীকারে।
43আমার ওষ্ঠাধর থেকে সত্য ভাষণ,
হে প্রভু করো না অপসারণ তোমার শাসন বিধিতেই আমার প্রত্যাশা।
44আমি সতত পালন করব তোমার বিধান
যুগে যুগে, চিরকাল।
45আমার জীবন হবে মুক্ত, অবাধ,
কারণ আমি নিয়ত পালন করি আদেশ তোমার।
46আমি ঘোষণা করব তোমার অনুশাসন
রাজন্যবর্গের সভায় সঙ্কুচিত হব না আমি ভয়ে ও লজ্জায়।
47তোমার নির্দেশ পালনে অসীম আনন্দ আমার,
সে আদেশ আমার পরমপ্রিয়।
48আমার প্রিয় এই নির্দেশগুলির প্রতি আমি করব শ্রদ্ধা নিবেদন,
সেগুলি আমি ভালবাসি, তোমার অনুশাসন আমি সতত করব ধ্যান।
ঈশ্বরের বিধানে প্রত্যাশা ও সান্ত্বনা
49স্মরণ কর হে প্রভু পরমেশ্বর তোমার দাসের প্রতি তোমার প্রতিশ্রুতি,
যার উপর আমার গভীর প্রত্যাশা।
50তোমার প্রতিশ্রুতি আমাকে করে সঞ্জীবিত,
দুঃখ দুর্দশায় এই-ই আমার পরম সান্ত্বনা।
51উদ্ধত দাম্ভিকেরা আমাকে চূড়ান্ত বিদ্রূপ করে,
তবু তোমার বিধানের প্রতি বিমুখ হইনি আমি।
52হে প্রভু, যখন আমি তোমার সনাতন শাসনবিধি স্মরণ করি
তখন লাভ করি পরম সান্ত্বনা।
53যখন দেখি দুর্জনেরা পরিহার করেছে তোমার বিধান,
আমার ক্রোধ হয় প্রজ্বলিত।
54আমার এ প্রবাস জীবনে
তোমার অনুইশাসনই আমার গানের বাণী।
55হে প্রভু পরমেশ্বর, নিশীথে আমি স্মরণ করি তোমার নাম,
আমি মেনে চলি তোমার বিধান।
56আমি যে পালন করতে পেরেছি তোমার আদেশ,
পরম সৌভাগ্য এ আমার।
অনুশাসনের প্রতি একান্ত আনুগত্য
57হে প্রভু পরমেশ্বর, তুমিই আমার সব,
তোমার বিধান পালন করার শপথ নিয়েছি আমি।
58সর্বান্তঃকরণে কামনা করেছি আমি তোমার অনুগ্রহ,
কৃপা কর আমায় পূর্ণ কর তোমার প্রতিশ্রুতি।
59যখন ভাবি, কোন পথে চলেছি আমি,
তখনই তোমার নির্দেশিত পথে চলার সঙ্কল্প করি।
60তোমার আদেশ পালনের জন্য ত্বরান্বিত হই,
বিলম্ব করি না আমি।
61দুর্জনেরা আমার জন্য ফাঁদ পাতলেও
কখনও ভুলিনি আমি তোমার বিধান।
62গভীর নিশীথে জেগে উঠি আমি গাই তোমার স্তুতিগান,
প্রশংসায় মুখর হই –কত সুন্দর ন্যায়বিচার তোমার!
63তোমাকে সম্ভ্রম করে যারা, মেনে চলে তোমার অনুশাসন
আমি তাদের সকলের সাথী।
64হে প্রভু তোমার করুণায় পরিপূর্ণ এ ধরণীতল,
শিখাও আমায় তোমার বিধিবিধান।
ঈশ্বরের বিধান পরম মূল্যবান
65হে প্রভু পরমেশ্বর, তুমি রক্ষা করেছ তোমার প্রতিশ্রুতি,
তোমার এ দাসের করেছ কল্যাণ।
66প্রজ্ঞা দাও আমায়, দাও বিচারের বোধ,
কারণ তোমার শিক্ষা ও নির্দেশে পূর্ণ আস্থা আছে আমার।
67আমি বিপথে গিয়েছিলাম, তুমি দণ্ড দিয়েছ আমায়
আজ আমি পালন করি তোমার আদেশ।
68মঙ্গলময় তুমি, তুমি দয়াময়,
তোমার বিধান প্রভু শিখাও আমায়।
69দাম্ভিকেরা আমার নামে রটনা করেছে মিথ্যা কলঙ্ক,
আমি কিন্তু সর্বান্তঃকরণে মেনে চলি তোমার আনুশাসন।
70অনুভূতিহীন হৃদয় ওদের, স্থূলবুদ্ধি ওরা,
কিন্তু তোমার বিধান পালনে আমি লাভ করি আনন্দ।
71তোমার দণ্ড কল্যাণ করেছে আমার জীবনে,
আমি শিখতে পেরেছি তোমার বিধান।
72অজস্র সোনা-রূপোর চেয়েও
তোমার মুখ নিঃসৃত বিধান আমার কাছে শ্রেয়।
ঈশ্বরের বিধান ন্যায়সঙ্গত
73তোমারই রচনা আমি, তুমি আমার রূপকার,
অন্তর্দৃষ্টি দাও আমায়, যেন শিখতে পারি তোমার অনুশাসন।
74যারা সম্ভ্রম করে তোমায়, তারা আমাকে দেখে আনন্দিত হবে,
কারণ তোমার প্রতিশ্রুতিতেই আমার প্রত্যাশা।
75হে প্রভু পরমেশ্বর, আমি জানি তুমি ন্যায়পরায়ণ বিচারক,
ন্যায্য দণ্ড দিয়েছ আমায়।
76তোমার অবিচল প্রেমই হোক সান্ত্বনা আমার,
যে প্রেমের প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি।
77অভিষিক্ত কর আমায় তোমার করুণা ধারায়, লাভ করব আমি দীর্ঘ পরমায়ু।
কারণ তোমার বিধানেই আমার আনন্দ।
78দাম্ভিকেরা হোক লজ্জাগ্রস্ত, ছলনা দিয়ে ওরা করেছে অনিষ্ট আমার,
তবু আমি ধ্যান করব তোমার অনুশাসন।
79যারা সম্ভ্রম করে তোমায় ফিরে আসুক তারা আমরা কাছে,
যেন তারা জানতে পারে তোমার বিধান।
80তোমার অনুশাসন পালনে একাগ্র হোক চিত্ত আমার,
যেন বরণ করতে না হয় আমায় পরাজয়ের লজ্জা।
পরিত্রাণের জন্য প্রার্থনা
81তোমার পরিত্রাণের প্রতীক্ষায় অবসন্ন আমার প্রাণ,
তবুও তোমার প্রতিশ্রুতিতেই আমার প্রত্যাশা।
82তোমার প্রতিশ্রুতি পূর্ণতার অপেক্ষায় আমার দৃষ্টি হয়েছে ক্ষীণ,
হায় কখন তুমি আমায় দেবে সান্ত্বনা?
83পরিত্যক্ত চর্মপেটিকার মত হয়েছি আমি,
তবুও ভুলিনি তোমার অনুশাসন।
84আর কত কাল ধৈর্য ধরে থাকবে তোমার এ দাস?
কবে তুমি শাসন করবে আমার উৎপীড়কদের?
85দাম্ভিকেরা আমার অপকারের চেষ্টা করছে,
আমার চলার পথে পেতেছে ফাঁদ, ওরা মানে না তোমার বিধান।
86যথার্থ তোমার সকল আদেশ মিথ্যা
অপবাদে ওরা আমাকে করে নির্যাতন, হে প্রভু, সাহায্য কর।
87পৃথিবী থেকে আমার অস্তিত্ব ওরা প্রায় মুছে ফেলেছে,
তবু অগ্রাহ্য করিনি আমি তোমার আদেশ।
88তোমার অবিচল প্রেমে কর সঞ্জীবিত আমায়
যেন আমি মেনে চলি তোমার বিধান।
ঈশ্বরের অনুশাসনে পূর্ণ বিশ্বাস
89হে প্রভু পরমেশ্বর, শাশ্বত তোমার বাক্য
চিরতরে স্বর্গে প্রতিষ্ঠিত।
90তোমার বিশ্বস্ততা যুগে যুগে স্থায়ী,
এই পৃথিবী তুমিই স্থাপন করেছ তাই সুদৃঢ় এ ধরণীর ভিত্তি।
91তোমারই নির্দেশনায় আজও সকলই সুপ্রতিষ্ঠিত,
বিশ্বচরাচর নিয়োজিত তোমার সেবায়।
92তোমার বিধান যদি না হত আমার আনন্দের উৎস,
দুঃখ ব্যথায় আমি নিঃশেষ হয়ে যেতাম।
93তোমার অনুশাসন কখনও ভুলব না আমি,
সেই অনুশাসন আমায় দিয়েছে জীবন।
94আমি তোমারই, উদ্ধার কর আমায়,
তোমার অনুশাসন পালনে আমি হয়েছি তৎপর।
95আমায় ধ্বংস করার আকাঙ্ক্ষায়
ব্যগ্র হয়েছে দুষ্টের দল, কিন্তু তোমার বিধান আমার নিত্যকালের ধ্যান।
96আমি দেখেছি, এ সবেরই শেষ আছে,
কিন্তু অন্তহীন তোমার অনুশাসন। বিধানের প্রতি গভীর ভালবাসা
97হে প্রভু, ভালবাসি আমি তোমার বিধান
এ বিধান আমার দিবারাত্রির ধ্যান।
98তোমার অনুশাসন আমার নিত্যসাথী,
তারই শিক্ষায় আমি শত্রুদের চেয়ে জ্ঞানী।
99আমার শিক্ষাগুরুদের চেয়েও আমি জ্ঞানবান,
তোমার বিধানসমূহ আমি ধ্যান করি অনুক্ষণ।
100প্রবীণদের চেয়ে আমি বুদ্ধিমান
আমি পালন করি তোমার আনুশাসন।
101তোমার বাক্য পালন করার জন্য
আমি নিবৃত্ত করেছি আমার চরণ সকল কুপথ থেকে,
কারণ আমি পালন করি তোমার বিধান।
102তোমার নির্দেশ থেকে আমি হইনি বিচ্যুত,
কারণ স্বয়ং তুমিই আমার শিক্ষাগুরু।
103অমৃতসমান তোমার মুখনিঃসৃত বাণী,
সে বাণী আমার কাছে মধুর চেয়েও অতি সুমধুর।
104তোমার অনুশাসন প্রজ্ঞা দান করে আমায়,
তাই আমি ঘৃণা করি সমস্ত ছলনার পথ।
ঈশ্বরের বিধান পথের প্রদীপ
105তোমার বাক্য আমার পথ নির্দেশের প্রদীপ,
আমার চলার পথের আলো।
106আমি শপথ করেছি, সঙ্কল্পে হয়েছি স্থির,
পালন করব তোমার ন্যায় নির্দেশ।
107দুঃখ যন্ত্রণার তীব্রদহনে জর্জরিত আমি,
সঞ্জীবিত কর আমায় হে প্রভু পরমেশ্বর, সার্থক হোক তোমার অঙ্গীকার।
108হে প্রভু পরমেশ্বর, গ্রহণ কর আমার কৃতজ্ঞতার অর্ঘ্য,
আমায় শিখাও তোমার অনুশাসন।
109বিপদ বেষ্টিত হয়ে প্রাণের আশঙ্কা নিয়ে সতত চলেছি আমি,#119:109 হিব্রু আক্ষরিক: হাতের তালুতে। অর্থ একই।
তবু বিস্মৃত হইনি তোমার বিধান।
110দুষ্টেরা আমার জন্য পেতেছে ফাঁদ,
কিন্তু আমি পরিত্যাগ করিনি তোমার অনুশাসন।
111তোমার বিধানসমূহ আমার চিরকালের উত্তরাধিকার,
আমার চিত্তের আনন্দস্বরূপ।
112তোমার বিধিব্যবস্থা পালনে আমি কৃতসঙ্কল্প,
আজীবন এ আমার পণ।
অনুশাসন পালনে নিরাপত্তা
113তোমার প্রতি যাদের নেই পূর্ণ আনুগত্য, তাদের ঘৃণা করি আমি,
কিন্তু আমি ভালবাসি তোমার বিধান।
114তুমিই আমার অন্তরাল, আমার নিরাপদ আশ্রয়, আমার বর্মস্বরূপ,
তামার প্রতিশ্রুতিতেই আমার প্রত্যাশা।
115দুরাচারী দল, দূর হও আমার কাছ থেকে,
আমি পালন করব আমার ঈশ্বরের সকল নির্দেশ।
116তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে ধারণ কর,
তাহলে আমি জীবন পাব, ব্যর্থ হতে দিও না আমার প্রত্যাশা।
117আমাকে ধরে রাখ তাহলে আমি উদ্ধার পাব,
সর্বদা মেনে চলব তোমার অনুশাসন।
118তোমার অনুশাসন অমান্য করে যারা বিপথে যায়,
অগ্রাহ্য কর তুমি তাদের ব্যর্থ হোক তাদের ছলনাময় পরিকল্পনা।
119তুমি দুর্জনদের আবর্জনাস্বরূপ মনে কর,
তাই আমি ভালবাসি তোমার বিধিব্যবস্থা।
120তোমার প্রতি সম্ভ্রমে, ভয়ে ও বিস্ময়ে সঙ্কুচিত আমি,
আমি ভয় করি তোমার বিচার ও শাসনবিধি।
অনুশাসন পালনই চলার সঠিক পথ
121ন্যায্য ও সঙ্গত যা কিছু, সকলই করেছি আমি,
অত্যাচারীদের হাতে আমায় করো না সমর্পণ।
122তোমার এ দাসের মঙ্গলের ভার তুমি নাও,
দাম্ভিকেরা যেন অত্যাচার উৎপীড়ন না করে আমায়।
123তোমার পরিত্রাণের প্রতিশ্রুতিপূর্ণ হওয়ার প্রতীক্ষায়
আমার দৃষ্টি হয়েছে ক্ষীণ।
124এ দাসের প্রতি তোমার আচরণ হোক তোমার অবিচল প্রেম অনুযায়ী,
শিখাও আমায় তোমার অনুশাসন।
125আমি তোমার দাস, অন্তর্দৃষ্টি দাও আমায়,
যেন আমি বুঝতে পারি তোমার সকল শিক্ষার মর্মকথা।
126সময় হয়েছে প্রভু, সক্রিয় হও তুমি,
মানুষ লঙ্ঘন করছে তোমার বিধান।
127সোনার চেয়ে, খাঁটি সোনার চেয়েও
আমি ভালবাসি তোমার সকল নির্দেশ।
128তোমার শিক্ষায় আমি খুঁজে পেয়েছি
আমার চলার সঠিক পথ, তাই ঘৃণা করি আমি সকল মিথ্যাচার।
অনুশাসন পালনের আকাঙ্ক্ষা
129অপূর্ব তোমার সকল বিধান,
মনপ্রাণ দিয়ে আমি তা মেনে চলি।
130তোমার বাক্যের প্রকাশ আলোকিত করে বিশ্বচরাচর,
অজ্ঞকেও দান করে জ্ঞানের আলো।
131কারণ তোমার নির্দেশের আকাঙ্ক্ষায় ব্যাকুল আমি,
অধীর হয়েছে আমার প্রাণ।
132আমার দিকে ফিরে চাও, করুণা কর আমায়, তোমায় যারা ভালবাসে,
তাদের প্রতি যেমন করুণা করেছ তুমি।
133তোমার প্রতিশ্রুতি অনুসারে সুস্থির রাখ আমার পদক্ষেপ, যেমন প্রতিশ্রুতি দিয়েছ আমায়, কোন অধর্ম যেন আমার উপর প্রভুত্ব করতে না পারে।
134মানুষের উপদ্রব থেকে উদ্ধার কর আমায়
যেন আমি মেনে চলতে পারি তোমার অনুশাসন।
135প্রসন্ন হোক তোমার শ্রীমুখ তোমার এ দাসের প্রতি,
শিখাও আমায় তোমার বিধিবিধান।
136মানুষ আজ পালন করে না তোমার বিধান
তাই দুচোখে আমার বইছে অশ্রুধারা।
ঈশ্বরের বিধান সুনিশ্চিত, অবিচল
137হে প্রভু পরমেশ্বর, ধর্মময় তুমি, ন্যায্য তোমার বিচার।
138তোমার দেওয়া সকল বিধান সুনিশ্চিত, অবিচল।
139আমার শত্রুরা অগ্রাহ্য করেছে তোমার বিধান,
তাই বাক্রোধ হয়েছে আমার
140অভ্রান্ত তোমার সকল প্রতিশ্রুতি তাই তোমার এ প্রতিশ্রুতি
আমার পরম প্রিয়।
141নিতান্ত তুচ্ছ ও ক্ষুদ্র আমি,
তবুও ভুলিনি আমি তোমার অনুশাসন।
142শাশ্বত তোমার ন্যায়নিষ্ঠা,
চিরসত্য তোমার বিধান।
143সঙ্কট ও উদ্বেগে আমি বিপর্যস্ত
তবুও তোমার অনুশাসন আমার আনন্দের উৎস।
144তোমার বিধান চিরদিনই ন্যায়সঙ্গত,
আমাকে তা বোঝার শক্তি দাও, তাহলে জীবন পাব আমি।
উদ্ধারের জন্য মিনতি
145সমগ্র অন্তর দিয়ে আমি ডাকি তোমায়,
হে প্রভু পরমেশ্বর, তুমি সাড়া দাও,
আমি মেনে চলব তোমার অনুশাসন।
146তোমাকেই আমি ডাকি, উদ্ধার কর আমায়,
আমি পালন করব তোমার বিধিকলাপ।
147অরুণোদয়ের আগে আমি উঠি সাহায্যের প্রতীক্ষায় কাতরে আহ্বান করি তোমায়, তোমার প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার আশায় থাকি আমি।
148বিনিদ্র নয়নে কাটাই আমি নিশীথের প্রহরগুলি,
ধ্যান করি শুধু তোমার প্রতিশ্রুতি।
149তোমার অবিচল প্রেমের গুণে আমার মিনতি শোন হে প্রভু পরমেশ্বর,
বাঁচাও আমার প্রাণ, তুমি যে করুণাময়।
150নির্মম অত্যাচারীর দল আমার কাছে এসে পড়েছে,
কিন্তু তোমার বিধান থেকে তারা রয়েছে অনেক দূরে।
151হে প্রভু পরমেশ্বর, তুমি তো রয়েছ আমারই কাছে সত্য ও চিরন্তন তোমার সকল নির্দেশ।
152তোমার বিধানের শিক্ষায়, বহু পূর্বেই জেনেছি আমি, এ বিধান তুমি করেছ প্রতিষ্ঠা সুদৃঢ় ভিত্তির উপরে চিরতরে।
সাহায্যের আবেদন
153চেয়ে দেখ আমার দুর্দশা, উদ্ধার কর আমায়,
আমি ভুলিনি তোমার বিধান।
154আমার পক্ষে দাঁড়াও, মুক্ত কর আমায়,
তোমার প্রতিশ্রুতি রক্ষা কর, বাঁচাও আমার প্রাণ।
155দুর্জনেরা মানে না তোমার অনুশাসন,
সুদূরপরাহত তাদের পরিত্রাণের আশা।
156হে প্রভু পরমেশ্বর, অপার তোমার করুণা,
বাঁচাও আমার প্রাণ, তুমি যে করুণাময়।
157আমার শত্রু ও নির্যাতনকারী সংখ্যায় অনেক
তবুও তোমার বিধিব্যবস্থা ছেড়ে আমি যাইনি বিপথে।
158যারা মানে না তোমার নির্দেশ,
সেই বিশ্বাসঘাতকদের ঘৃণা করি আমি।
159হে প্রভু পরমেশ্বর, তোমার নির্দেশমালা আমার পরম প্রিয়,
তোমার অবিচল প্রেমে আমাকে কর সঞ্জীবিত।
160সত্য তোমার সকল শিক্ষার মর্মকথা,
চিরস্থায়ী তোমার ন্যায়সঙ্গত শাসনবিধি।
ঈশ্বরের বিধান আনন্দের উৎস
161শাসকবর্গ অকারণে আমাকে করছে নির্যাতন,
তবুও তোমার শাসন বাক্য জাগায় সম্ভ্রম আমার মনে।
162মানুষ পায় যে পরমানন্দ মহাসম্পদ লাভে,
সেই আনন্দ লাভ করি আমি তোমার অঙ্গীকারে।
163মিথ্যাকে আমি চরম ঘৃণায় করেছি পরিহার,
আমি ভালবাসি তোমার বিধান।
164তুমি ন্যায়বান, ন্যায়সঙ্গত তোমার বিচার,
আমি স্তব করি তোমার প্রত্যহ সাতবার।
165তোমার বিধান যাদের প্রিয়, পরম শান্তিলাভ করে তারা,
কোন বাধাই আসে না তাদের পথে।
166হে প্রভু পরমেশ্বর, তোমার সাধিত পরিত্রাণের আশায় রয়েছি আমি,
পালন করে চলেছি তোমার নির্দেশ।
167আমি মনে প্রাণে পালন করি তোমার নির্দেশ,
হে প্রভু পরমেশ্বর, সেগুলি আমার পরম প্রিয়।
168আমি পালন করি তোমার নির্দেশ ও অনুশাসন,
আমার সমগ্র জীবন রয়েছে তোমার সম্মুখে।
ঈশ্বরের বিধানই ভক্তের নিত্যসহায়
169হে প্রভু পরমেশ্বর, আমার আকুল আবেদন, পৌঁছাক তোমার কাছে
অন্তরে আমার জাগাও বিচারবোধ, পূর্ণ হোক তোমার শপথ।
170আমার নিবেদন উপস্থিত হোক তোমার কাছে,
সত্য হোক তোমার প্রতিশ্রুতি, উদ্ধার কর আমায়।
171আমার ওষ্ঠাধর করুক তোমার স্তব,
কারণ তুমিই শিখিয়েছ আমায় তোমার অনুশাসন।
172রসনা আমার গাইবে তোমার শপথের গুণগান।
কারণ তোমার অনুজ্ঞা সকলই ধর্মময়।
173নিত্য তুমি হও আমার সহায়,
তোমার আদেশ পালনেই অপার আনন্দ আমার।
174হে প্রভু পরমেশ্বর, ব্যাকুল আমার প্রাণ, কবে তুমি উদ্ধার করবে আমায়,
তোমার বিধান পালনেই আমার অসীম আনন্দ।
175জীবন দাও আমায়, যেন আমি করতে পারি তোমার স্তব,
তোমার শাসনবিধি হোক আমার নিত্য সহায়।
176যদিও আমি পথভ্রান্ত এক মেষের মত,
এস, প্রভু, কর অন্বেষণ তোমার দাসের, আমি তো ভুলিনি তোমার আদেশ।
Currently Selected:
গীতসংহিতা 119: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.