YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 118

118
বিজয় সঙ্গীত
1প্রভু পরমেশ্বরের স্তবগান কর মঙ্গলময় তিনি,
তাঁর অবিচল প্রেম অনন্তকাল স্থায়ী।#১ বংশা 16:34; ২ বংশা 5:13; 7:3; ইষ্রা 3:11; গীত 100:5; 106:1; 107:1; 136:1; যির 33:11
2ইসরায়েল বলুক:
তাঁর অবিচল প্রেম অনন্তকাল স্থায়ী।
3হারোণের কুল বলুক:
তাঁর অবিচল প্রেম অনন্তকাল স্থায়ী।
4প্রভুকে যারা সম্ভ্রম করে তারাও বলুক:
তাঁর অবিচল প্রেম অনন্তকাল স্থায়ী।
5চরম সঙ্কটের মাঝে আমি ডাকলাম প্রভু পরমেশ্বরকে,
প্রভু সাড়া দিলেন আমায়, করলেন উদ্ধার।
6প্রভু পরমেশ্বর আমার পক্ষে, আমার কোন ভয় নাই,
মানুষ আমার কি করতে পারে?#হিব্রু 13:6
7আমার সহায় প্রভু পরমেশ্বর, আমি নিয়েছি তাঁরই শরণ,
তাই আমি স্বচক্ষে দেখব শত্রুদের দুর্দশা।
8মানুষের উপর ভরসা করার চেয়ে
প্রভুরই শরণ নেওয়া শ্রেয়।
9নেতৃবৃন্দের উপর নির্ভর করার চেয়ে
প্রভুর শরণাগত হওয়া শ্রেয়।
10বৈরীদল আমাকে ঘিরে ধরেছিল,
কিন্তু প্রভুর নামে আমি তাদের করেছি উচ্ছেদ।
11তারা ঘিরে ধরেছিল আমায়, ঘিরে ধরেছিল চারিদিক থেকে।
কিন্তু প্রভুর নামে আমি তাদের করেছি উচ্ছেদ।
12মৌমাছির মত তারা আমাকে ঘিরেছিল,
কাঁটাঝোপের আগুনের মতজ্বলে উঠেছিল তারা,
কিন্তু প্রভুর নামেই আমি তাদের করেছি উচ্ছেদ।
13ওরা প্রবলভাবে আক্রমণ করেছিল আমায়,
আমি দাঁড়িয়েছিলাম পরাজয়ের মুখোমুখি,
14তখন প্রভু পরমেশ্বরই হলেন আমার সহায়, আমার আনন্দ,
তিনিই আমার পরিত্রাণ।#যাত্রা 15:2; যিশা 12:2
15ঐ শোন বিজয়সঙ্গীত ভক্তবৃন্দের শিবিরে
প্রভু পরমেশ্বরের পরাক্রম এ বিজয় করেছে সাধন।
16মহাপরাক্রান্ত প্রভু পরমেশ্বর,
তিনিই আমাদের করেছেন দান বিজয় গৌরব।
17মরব না আমি থাকব জীবিত,
ঘোষণা করব আমি প্রভুর মহানকীর্তি।
18প্রভু পরমেশ্বর করেছেন আমায় কঠোর শাসন,
কিন্তু মৃত্যুমুখে করেননি নিক্ষেপ।
19উন্মুক্ত করে দাও ধার্মিকতার তোরণ,
আমি যেন প্রবেশ করতে পারি প্রভুর আরাধনার জন্য।
20এই তো প্রভু পরমেশ্বরের তোরণ,
এর মধ্য দিয়েই ধার্মিকেরা করবে প্রবেশ।
21আমি করব তোমার স্তুতিগান,
তুমি সাড়া দিয়েছ আমার ডাকে, তুমিই হয়েছ আমার পরিত্রাতা।
22যে পাথরটি স্থপতিরা করেছিল বর্জন ব্যবহারের অযোগ্য বলে,
সেটিই হয়ে উঠল কোণের প্রধান প্রস্তর।#লুক 20:17; প্রেরিত 4:11; ১ পিতর 2:7
23প্রভুই সম্পন্ন করেছেন এ কাজ
পরমাশ্চর্য এ কাজ আমাদের দৃষ্টিতে।#মথি 21:42; মার্ক 12:10-11
24আজই পরমেশ্বরের বিজয়ের দিন,
এই দিনে আমরা করব আনন্দোল্লাস।
25হে প্রভু পরমেশ্বর, বিনতি করি উদ্ধার কর আমাদের,
বিনতি করি আমাদের সফলতা দাও।#মথি 21:9; মার্ক 11:9; যোহন 12:13
26ধন্য সে, যে আসে প্রভুর নামে,
প্রভু তাকে করেন আশীর্বাদ প্রভুর মন্দির থেকে, আমরা তাঁর করি প্রশংসা।#মথি 21:9; 23:39; মার্ক 11:9; লুক 13:35; 19:38; যোহন 12:13
27প্রভু পরমেশ্বরই একমাত্র ঈশ্বর,
তিনিই আমাদের দান করেছেন দীপ্তি,
শাখাপল্লব হাতে শোভাযাত্রা করে এগিয়ে যাও,
এগিয়ে যাও বেদী প্রদক্ষিণে।
28তুমি আমার আরাধ্য ঈশ্বর, আমি তোমাকেই জানাব কৃতজ্ঞতা,
তুমিই আমার ঈশ্বর আমি গাইব তোমার গৌরব গান।
29প্রভু পরমেশ্বরের স্তবগান কর, তিনি মঙ্গলময়,
তাঁর অবিচল প্রেম অনন্তকাল স্থায়ী।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 118