YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 115

115
ঈশ্বরই একমাত্র সত্য, তিনি অনন্য
1তোমারই নাম হে প্রভু পরমেশ্বর, শুধু তোমারই নাম কর গৌরবান্বিত,
আমাদের নাম নয়,
তোমার অবিচল প্রেম ও সত্যপরায়ণতার জন্য।
2অন্যান্য জাতির মানুষ কেন বলবে,
‘কোথায় ওদের ঈশ্বর?’
3স্বর্গে আছেন আমাদের ঈশ্বর,
আপন ইচ্ছাই পূর্ণ করেন তিনি।
4মানুষের হাতে গড়া ওদের প্রতিমাগুলি
সোনা ও রূপো দিয়ে,
5মুখ আছে তবু এরা পারে না কথা বলতে
চোখ আছে তবু দেখতে পায় না এরা।
6কান থাকতেও এরা শুনতে পায় না,
নাক আছে তবু গন্ধ পায় না।
7হাত আছে তবু স্পর্শ শক্তি নাই পা থাকতেও চলতে পারে না এরা,
ধ্বনিত হয় না কোন কথা তাদের কণ্ঠে।
8ওদের নির্মাতা ও উপাসক
সকলেরই দশা হবে ঐ প্রতিমাগুলির মত।#গীত 135:15-18; প্রকা 9:20
9কিন্তু প্রভু পরমেশ্বরের উপর ইসরায়েলের একান্ত নির্ভর,
তিনিই তাদের সহায়, তাদের ঢালস্বরূপ।
10হারোণের বংশ নির্ভর করে প্রভুর উপর,
তিনিই তাদের সহায়, তাদের ঢালস্বরূপ।
11যারা প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করে, স্থাপন করে আস্থা প্রভুরই উপর,
তিনিই তাদের সহায়, তাদের ঢালস্বরূপ।
12প্রভু পরমেশ্বর আমাদের স্মরণে রেখেছেন,
তিনিই আমাদের করবেন আশীর্বাদ,
আশীর্বাদ করবেন তিনি ইসরায়েল কুলকে,
হারোণের বংশকেও করবেন তিনি আশীর্বাদ।
13প্রভুকে সম্ভ্রম করে যারা,
উচ্চ-নীচ নির্বিশেষে তাদের সকলকেই তিনি করবেন আশীর্বাদ।#প্রকা 11:18; 19:5
14প্রভু পরমেশ্বর তোমাদের এবং
তোমাদের সন্তানদের দান করুন সমৃদ্ধি।
15স্বর্গ ও পৃথিবীর স্রষ্টা প্রভু পরমেশ্বর,
আশীর্বাদ করুন তোমাদের।
16স্বর্গ একমাত্র প্রভু পরমেশ্বরেরই আবাস,
কিন্তু মানবসন্তানদের তিনি দিলেন এই পৃথিবীর অধিকার।
17প্রভু পরমেশ্বরের স্তব করে না মৃতজনেরা,
নিঃশব্দলোকে চলে গেছে যারা তারাও করে না প্রভুর স্তব।
18কিন্তু আমরা যারা রয়েছি জীবিত
মুখরিত হব প্রভুর জয়গানে এখন ও চিরকাল।
প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 115