YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 109

109
বিপর্যস্ত ভক্তের অভিযোগ
দাউদের ভজন
সঙ্গীত পরিচালকের জন্য।
1হে আমার আরাধ্য ঈশ্বর, নীরব থেক না তুমি।
2দুর্জন ও প্রতারকেরা অভিযোগ করছে আমার বিরুদ্ধে,
তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।
3তাদের ঘৃণাভরা কথা ঘিরে ধরেছে আমায়,
অকারণে তারা আমায় করছে আক্রমণ।
4আমার ভালবাসার বিনিময়ে তারা করছে বিরুদ্ধাচরণ,
তবুও আমি রয়েছি প্রার্থনায় নিবিষ্ট তাদের মঙ্গল কামনায়।
5ওরা উপকারের বিনিময়ে অপকার,
প্রেমের প্রতিদানে ঘৃণা দিয়েছে আমায়।
6ওদের বিরুদ্ধে নিযুক্ত কর এক কপট বিচারক,
সেই দুর্জন অভিযুক্ত করুক ওদের।
7বিচারে সে দোষী সাব্যস্ত হবে
তার প্রার্থনাও গণিত হবে পাপরূপে।
8সে হোক স্বল্পায়ু,
অপরে দখল করুক তার সঞ্চিত সম্পদ।
9পিতৃহীন হোক তার সন্তানেরা
তার স্ত্রী হোক বিধবা।
10তার সন্তানেরা পথে পথে ভিক্ষা করুক,
ধ্বংস স্তূপের মাঝে খুঁজে ফিরুক আশ্রয়।
11পাওনাদার মহাজন দখল করুক তার সর্বস্ব,
বিদেশীরা লুঠ করে নিক তার শ্রমের ফসল।
12কেউ যেন তাকে করুণা না করে,
তার অনাথ সন্তানদেরও যেন কেউ না করে দয়া।
13বিলুপ্ত হোক তার বংশ,
মুছে যাক পরবর্তী প্রজন্ম থেকে।
14তার পিতৃপুরুষদের অধর্মাচরণ স্মরণে রাখুন প্রভু পরমেশ্বর,
তার মাতৃকলঙ্ক যেন না হয় অপসারিত।
15সেগুলি সতত থাকুক প্রভুর স্মরণে,
তার স্মৃতি তিনি লুপ্ত করুন পৃথিবী থেকে।
16কাউকে করুণা করার কথা
তার মনেও হয়নি কখনও দীন দুঃখী ও অসহায়কে সে করেছে নির্যাতন,
ভগ্ন-হৃদয় ব্যক্তিকে করেছে হত্যা।
17অভিশাপ দিতে সে ভালবাসত তাই অভিশাপ নেমে আসুক তার উপর,
আশীর্বাদ দানে সে বিমুখ ছিল তাই সে নিজেও বঞ্চিত হোক আশীর্বাদ থেকে।
18অভিশাপ উচ্চারণই ছিল তার অঙ্গের বসন,
জলের মত প্রবেশ করুক তার দেহে সেই অভিশাপ,
তেলের মত প্রবিষ্ট হোক তার অস্থির মাঝে।
19সেগুলি হোক তার অঙ্গের আবরণ, হোক নিত্যব্যবহার্য কটিবন্ধের মত।
20যারা আমার বিরুদ্ধে বলছে কুকথা,
আমার সেই বিপক্ষদের সেই ভাবেই শাস্তি দিন প্রভু পরমেশ্বর।
21কিন্তু হে প্রভু, ঈশ্বর আমার তুমি নিজ নামের স্বার্থে আমার পক্ষ অবলম্বন কর,
যা ছিল তোমার অঙ্গীকার, উদ্ধার কর আমায় তোমার অবিচল প্রেমের গুণে।
22আমি দুঃখী ও দীনহীন,
ক্ষতবিক্ষত হৃদয় আমার।
23বিলীয়মান ছায়ার মতই আমি বিগতপ্রায়,
পতঙ্গের মত নিক্ষিপ্ত।
24অনাহারে আমার জানু হয়েছে শিথিল,
পুষ্টির অভাবে দেহ আমার হয়েছে অস্থিচর্মসার।
25লোকের কাছে আমি হয়েছি অবজ্ঞার পাত্র,
আমাকে দেখলে তারা উপহাস করে।#মথি 27:39; মার্ক 15:29
26হে প্রভু, ঈশ্বর আমার,
আমাকে সাহায্য কর তোমার করুণার গুণে আমায় কর উদ্ধার।
27শত্রুরা জানুক, এ তোমারই হস্তক্ষেপ,
তুমিই হে প্রভু পরমেশ্বর, তুমিই আমায় করেছ উদ্ধার,
28ওরা অভিশাপ দিক, কিন্তু তুমি আমায় কর আশীর্বাদ,
আমার আক্রমণকারীরা হোক নতশির লজ্জায়, অপমানে,
আনন্দিত হোক তোমার এ দাস।
29আমার প্রতিপক্ষ হোক কলঙ্কলিপ্ত
লজ্জাই হোক ওদের উত্তরীয়।
30আমি মুক্তকণ্ঠে করব প্রভুর স্তুতিগান,
জনসামাবেশে করব তাঁর মহিমাকীর্তন।
31তিনি দীনহীনের পক্ষে দাঁড়ান,
মৃত্যুদণ্ডের হাত থেকে তিনিই তাকে করেন উদ্ধার।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 109