YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 25

25
শলোমনের আরও প্রবাদ বচন
1যিহুদারাজ হিষ্কিয়ের সভাসদেরা শলোমনের এই প্রবাদবচনগুলিও লিপিবদ্ধ করেছিলেন।
2নিগূঢ় রহস্যই ঈশ্বরের মহিমা প্রকাশ করে, রহস্য উদ্ঘাটনে রাজার গৌরববৃদ্ধি হয়।
3আকাশের উচ্চতা ওপাতালের গভীরতা যেমন পরিমাপ করা যায় না রাজার অভিপ্রায়ও তেমনি অনুমান করা অসাধ্য।
4রূপো থেকে খাদ বার করা হলে শিল্পী সেই রূপো দিয়ে সুন্দর শিল্প সৃষ্টিকরতে পারে।
5তেমনি রাজার সম্মুখ থেকে দুর্জনদের বিতাড়িত করা হলে তাঁর সিংহাসনে হবে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত।
6রাজার সম্মুখে নিজেকে জাহির করো না, আসন গ্রহণ করো না সম্ভ্রান্তদের জন্য সংরক্ষিত স্থানে।
7পাছে তোমাকে সবার সামনে নীচের আসনে বসান হয় এবং তুমি অপমানিত হও। তার চেয়ে বরং নীচের আসন থেকে উচ্চাসনে বসার আহ্বান পাওয়া ভাল।#লুক 14:8-10
8কোন ঘটনা দেখা মাত্রই তাড়াতাড়ি আদালতে ছুটে যেও না, কারণ তোমার প্রতিবেশীর সাক্ষ্যে যদি তোমার কথা মিথ্যা প্রমাণিত হয় তখন তুমি কি করবে?
9তোমার প্রতিবেশীর সঙ্গে বিরোধ হলে আপোষে বিরোধ মিটিয়ে নেবে। এ কথা কারও কাছে প্রকাশ করবে না।
10কেউ যদি এ কথা শোনে সে তোমার নিন্দা করবে, তোমার অপযশ কোনদিন দূর হবে না।
11সময়োপযোগী কথা রূপোর পাত্রে রাখা সোনার আপেলের মতই মনোহর।
12উপদেশ যে শোনে তার কাছে অভিজ্ঞ ব্যক্তির সাবধানবাণী সোনার অলঙ্কারের চেয়েও মূল্যবান।
13ফসল কাটার সময় শ্রমক্লান্ত তৃষ্ণার্ত মানুষকে শীতল জল যেমন তৃপ্তি দেয়, তেমনই বিশ্বস্ত সংবাদবাহক প্রেরণকর্তাকে তুষ্ট করে।
14যারা উপহার দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা বর্ষণহীন মেঘ ও বাতাসের মত।
15ধৈর্য ও সহিষ্ণুতা দিয়ে প্রবল বাধা অপসারণ করাযায় বিনীত বচনে জয় করা যায় কঠোর শাসকেরও মন।
16প্রয়োজনের অতিরিক্ত মধু পান করো না, অত্যধিক পান করলে বমি হবে।
17প্রতিবেশীর গৃহে বেশী যাতায়াত না করাই ভাল, অন্যথায় তোমার প্রতিবেশী বিরক্ত হবে, নষ্ট হবে তোমার সঙ্গে তার প্রীতির সম্পর্ক।
18মিথ্যা অভিযোগ গদা, তরবারি ও তীক্ষ্ণ শরের মতই মারাত্মক।
19বিপদের সময় অবিশ্বস্ত লোকের উপর নির্ভর করা যেন নড়া দাঁতে চিবানো কিম্বা খোঁড়া পায়ে হাঁটার চেষ্টা।
20বিষণ্ণচিত্ত ব্যক্তির কাছে গান গাওয়া শীতের দিনে গায়ের কাপড় কেড়ে নেওয়া কিম্বা কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মত যন্ত্রণাদায়ক।
21তোমার শত্রু ক্ষুর্ধাত হলে তাকে অন্ন দাও, তৃষ্ণার্ত হলে তাকে জল দাও,
22তাহলে সে লজ্জা ও অনুতাপের আগুনে জ্বলবে এবং প্রভু তোমাকে দেবেন পুরস্কার।#রোমীয় 12:20
23মৌসুমী বাতাস যেমন বৃষ্টি আনে, কুৎসা রটনা তেমনি ক্রোধের সঞ্চার করে।
24মুখরা স্ত্রীর সঙ্গে এক ঘরে থাকার চেয়ে ছাদের এক কোণে বাস করা ভাল।
25দূরদেশ থেকে আসা সুসংবাদ তৃষিতের কাছে শীতল জলের মত।
26সৎ লোক যখন দুর্জনের কথামত চলে, তখন সে হয় পাঁকে ভরা কূপ ও দূষিত জলধারার মত।
27অত্যধিক প্রশংসা অর্জনের চেষ্টাও ক্ষতিকর যেমন অনিষ্টকর অত্যধিক মধুপান।
28যে ব্যক্তি আত্মসংমে অক্ষম, সে এমন এক নগরের তুল্য যার প্রাচীর হয়েছে বিধ্বস্ত।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for হিতোপদেশ 25