হিতোপদেশ 24
24
(19)
1দুষ্টদের সমৃদ্ধি দেখে ঈর্ষা করো না বন্ধুত্ব করো না তাদের সঙ্গে। 2তারা সব সময়ে দুষ্কর্মের পরিকল্পনা করে, দৌরাত্ম্যের কথা বলে।
(20)
3প্রজ্ঞার ভিত্তিতেই গৃহ স্থাপিত হয়, বুদ্ধিমত্তার দ্বারা তা হয় প্রতিষ্ঠিত। 4জ্ঞানের সাহায্যেই গৃহ পরিপূর্ণ হয়, সজ্জিত হয় বহুমূল্য ও মনোরম দ্রব্যসম্ভারে।
(21)
5জ্ঞানবান বলবানের চেয়ে শক্তিশালী, বাহুবলের চেয়ে জ্ঞানই শ্রেয়। 6যুদ্ধের আগে তোমার সুনিপুণ পরিকল্পনা প্রয়োজন, তুমি যত বেশী সুমন্ত্রণা লাভ করবে। বিজয়ের সম্ভাবনা হবে তত বেশী উজ্জ্বল।
(22)
7প্রজ্ঞার নাগাল পাওয়া নির্বোধের অসাধ্য, গুরুত্বপূর্ণ আলোচনায় তার বলার মত কিছু থাকে না।
(23)
8সর্বদা দুষ্কর্মের চিন্তায় যার মন ভরে থাকে, সে দুষ্কৃতকারী নামে পরিচিত হয়। 9মূর্খের অভিপ্রায় মাত্রই মন্দ। যে অপরকে অবজ্ঞা করে সে হয় সকলের ঘৃণার পাত্র।
(24)
10বিপদের সময়ে তুমি যদি দুর্বল হয়ে পড় তাহলে বুঝতে হবে তোমার মনোবল নেই।
(25)
11হত্যার জন্য যাকে বলপূর্বক টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে উদ্ধার করতে তৎপর হও। 12তা না করে যদি বল, ‘এটা আমার দায়িত্ব নয়', তাহলে জেন, যিনি তোমাকে বিবেক দিয়েছেন এবং তোমাকে রক্ষা করেন তিনি তোমার মন দেখেন। তিনিই তোমার বিচার করবেন এবং তোমায় প্রতিফল দেবেন।
(26)
13বৎস,মধু পান কর, কারণ তা সুস্বাদু, মৌচাকের রস যেমন তোমার রসনাকে তৃপ্ত করে। 14তেমনি প্রজ্ঞা তৃপ্ত করবে তোমার অন্তরকে। প্রজ্ঞার অন্বেষণ কর, তাহলে তোমার ভবিষ্যৎ হবে উজ্জ্বল, ব্যর্থ হবে না তোমার প্রত্যাশা।
(27)
15যে দুর্জন সৎ ব্যক্তির ক্ষতি করে, কিম্বা তার বসতবাড়ি দখল করার চক্রান্ত করে তুমি তার মত হয়ো না। 16কারণ সৎ ব্যক্তি সাত বার পড়ে গেলেও উঠে দাঁড়াবে, কিন্তু বিপদ এসে দুর্জনকে চিরতরে ধ্বংস করবে।
(28)
17তোমার শত্রুর পতনে তুমি উল্লাস করো না, আনন্দিত হয়ো না তার বিপদে। 18পরমেশ্বর তোমার মনোভাব দেখে অসন্তুষ্ট হবেন এবং তাকে দণ্ডদানে বিরত হবেন।
(29)
19দুর্জনেরা যেন তোমার অর্ন্তজ্বালার কারণ না হয়, তাদের সমৃদ্ধিতে ঈর্ষান্বিত হয়ো না। 20কারণ দুর্জনের কোন ভবিষ্যৎ নেই তার আশার প্রদীপ হবে নির্বাপিত।
(30)
21বৎস, পরমেশ্বরকে সম্ভ্রম কর, রাজাকে কর সম্মান। তাঁদের বিরুদ্ধে বিদ্রোহ করো না। 22যারা বিদ্রোহ করে, তারা যে কোন মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। জেন,ঈশ্বর এবং রাজা উভয়েই ধ্বংস করতে পারেন।
আরও প্রবাদ বচন
23প্রাজ্ঞ ব্যক্তিরা এই প্রবচনগুলিও বলে গেছেনঃ বিচারে পক্ষপাতিত্ব করা উচিত নয়। 24যে দোষী ব্যক্তিকে নির্দোষ, সাব্যস্ত করে, জাতিধর্ম নির্বিশেষে সে হবে সকলেরই অভিশাপ ও ঘৃণার পাত্র। 25কিন্তু যে বিচারক দোষীকে দণ্ড দেয় সে সমৃদ্ধ হবে, অর্জন করবে সু্খ্যাতি। 26যে সদুত্তর দেয় জেন, সে-ই তোমার প্রকৃত বন্ধু। 27আগে অর্থের সংস্থান কর, জমি প্রস্তুত কর, তার পরে গৃহ নির্মাণে মন দাও। 28তোমার প্রতিবেশীর বিরুদ্ধে অকারণে সাক্ষ্য দিও না, অপযশ করো না তার। 29এমন কথা বলো না যে,'সে আমার সঙ্গে যেমন ব্যবহার করেছে, আমিও তার প্রতি তেমনি করব। সে যা করেছে আমি তার প্রতিশোধ নেব।’ 30আমি এক অলসের জমি ও নির্বোধের দ্রাক্ষাকুঞ্জের পাশ দিয়ে গেলাম। 31দেখলাম, সেখানে কাঁটা ঝোপ জন্মেছে, আগাছায় জমি ছেয়ে গেছে, ভেঙ্গে পড়েছে চার পাশের পাথরের দেয়াল। 32এই অবস্থা দেখে আমি চিন্তা করলাম এবং এ থেকে এই শিক্ষা পেলাম: 33আর একটু নিদ্রা, আর একটু তন্দ্রা আরও কিছুক্ষণ হাত পা গুটিয়ে পড়ে থাকা। 34সেই অবসরে দৈন্যদশা দস্যুর মত তোমার উপরে ঝাঁপিয়ে পড়বে, সশস্ত্র দুর্বৃত্তের মত অভাব তোমাকে বিধ্বস্ত করবে।#হিতো 6:10-11
Currently Selected:
হিতোপদেশ 24: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.