হিতোপদেশ 20
20
1মদ্যপানে মানুষ বাচাল হয়, তীব্র সুরা কলহ সৃষ্টি করে, সুরাসক্ত হওয়া নির্বুদ্ধিতা।
2নৃপতির ভয়াবহ ক্রোধ সিংহের গর্জনের মত, যে তাঁর ক্রোধের উদ্রেক করে তার জীবন বিপন্ন হয়।
3ঝগড়াবিবাদ থেকে দূরে থাকা মানুষের পক্ষে সম্মানজনক, মূর্খেরাই বিবাদে লিপ্ত হয়।
4যে অলস যথাসময়ে জমি চাষ করে না, ফসলের মরশুমে সে পায় না কিছুই।
5মানুষের মনের ভাব গভীর কূপের জলের মত, একমাত্র বিচক্ষণ ব্যক্তিই তা উদ্ঘাটন করতে পারে।
6অনেকেই মুখে আনুগত্য প্রকাশ করে, কিন্তু প্রকৃত বিশ্বস্ত লোক খুঁজে পাওয়া কঠিন।
7যে ধার্মিক ব্যক্তি সৎপথে চলে, আশিসধন্য হয় তার সন্তানেরা। 8বিচারাসনে আসীন রাজা এক নজরেই মন্দকে সনাক্ত করতে পারেন। 9কে বলতে পারে, ‘আমার অন্তর নির্মল'? ‘আমি মুক্তপাপ?’
10সঠিক ওজনের দাঁড়িপাল্লা ও বাটখারা যারা ব্যবহার করে না, তারা পরমেশ্বরের ঘৃণার পাত্র।
11একটি শিশুও কাজকর্মে প্রকাশ পায় সে কতটা ভাল ও খাঁটি।
12পরমেশ্বরই মানুষকে দেখার জন্য চোখ এবং শোনার জন্য কান দিয়েছেন।
13নিদ্রাকাতর হয়ো না, অভাবে পড়বে। কর্মঠ হও, তোমার খাদ্যের অভাবে হবে না।
14ক্রেতা সব সময়ই বলে, দাম খুব চড়া কিন্তু জিনিস কেনার পর সে খুব লাভ করেছে বলেই বড়াই করে।
15হতে পারে সোনা ও মণিমুক্তা বহুমূল্য সম্পদ, কিন্তু জ্ঞানগর্ভ কথাও অমূল্য রত্ন।
16কোন অপরিচিতের দেনার জন্য কেউ জামিন হলে সেই দেনার দায়ে তাকে নিজস্ব সম্পত্তি বন্ধক রেখেও দেনা শোধ করতে হয়।
17প্রতারণার দ্বারা অর্জিত সম্পদ সুস্বাদু খাদ্যের মত মনে হলেও অচিরেই তা বালির মত বিস্বাদ হয়ে পড়ে।
18সুপরামর্শের দ্বারাই পরিকল্পনা সার্থক হয় বিনা পরিকল্পনায় যুদ্ধে অগ্রসর হওয়া অনুচিত।
19যারা অতিরিক্ত কথা বলে তারা গোপন কথা ফাঁস করে দেয়, এদের এড়িয়ে চলাই ভাল।
20কেউ যদি তার পিতামাতাকে অভিশাপ দেয়, তবে তার জীবনদীপ নিভে যাবে চির অন্ধকারে।
21অনায়াসে পাওয়া ধনসম্পদ শেষ পর্যন্ত মানুষের কোন উপকারেই লাগে না।
22অন্যায়ের প্রতিশোধ নেওয়ার ভার নিজের হাতে নিও না, প্রভু পরমেশ্বরের উপর নির্ভর কর, তিনিই ন্যায়বিচার করবেন।
23সঠিক ওজনের দাঁড়িপাল্লা ও বাটখারা যারা ব্যবহার করে না, প্রভু পরমেশ্বর তাদের ঘৃণা করেন।
24পরমেশ্বরই মানুষের চলার পথ নির্দিষ্ট করেন, মানুষের সাধ্য কি তা বোঝে?
25ভাবনাচিন্তা না করে ঈশ্বরের উদ্দেশে মানত করা বিপজ্জনক, পরিণামে অনুশোচনা করতে হয়।
26বিজ্ঞ রাজা অপরাধীদের খুঁজে বার করেন এবং তাদের কঠোর সাজা দেনে।
27মানুষের বুদ্ধি ও বিবেক পরমেশ্বরের দেওয়া প্রদীপের মত, তার কাছ থেকে কিছুই আমরা লুকাতে পারি না।
28রাজা ততদিনই ক্ষমতাসীন থাকেন যতদিন তিনি রাজ্য পরিচালনা করেন সততা, ন্যায় ও ধার্মিকতায়।
29লোকে তরুণদের শক্তিসামর্থ্যের সমাদর করে, ও বৃদ্ধদের বয়সকে সম্মান করে।
30আঘাত ও বেদনার দ্বারাই আমরা নির্মল হই, আমাদের নিভৃত অন্তর হয় শুচি।
Currently Selected:
হিতোপদেশ 20: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.