YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 19

19
1মিথ্যাবাদী মূর্খের চেয়ে দরিদ্র সজ্জন বরং ভাল।
2উৎসাহের সঙ্গে বুদ্ধিবিবেচনা না থাকলে সে উৎসাহ ভাল নয়, তাড়াহুড়ো করে কাজ করলে কাজ পণ্ড হয়।
3মানুষ যখন নিজের নির্বুদ্ধিতায় ধ্বংসহয়, তখন সে প্রভুর উপরে দোষারোপ করে।
4ধনাগম হলে অনেক নতুন বন্ধু জোটে, কিন্তু দরিদ্রকে তার বন্ধুরা পরিত্যাগ করে।
5মিথ্যা সাক্ষ্য যে দেয় তার দণ্ড হবেই। মিথ্যা কথা বলে কেউ রেহাই পাবে না।
6সকলেই উচ্চপদস্থ লোকের অনুগ্রহ চায়, যে উদারহস্তে দান করে সকলেই হয় তার বন্ধু।
7দরিদ্র ব্যক্তির ভাইয়েরাও তাকে অবজ্ঞাকরে, তার বন্ধুরা তার কাছ থেকে দূরে সরে যায়। মানুষ দরিদ্র হয়ে পড়লে সে যতই চেষ্টা করুক না কেন কেউ তার বন্ধু হয় না।
8যে জ্ঞান আহরণ করে সে নিজের মঙ্গল করে, যার বুদ্ধি বিবেচনা আছে তার উন্নতি হয়।
9মিথ্যা সাক্ষ্য দেয় যে দণ্ড এড়াতে পারবে না, মিথ্যা কথা যে বলে সে অবশ্যই ধ্বংস হবে।
10মূর্খের বিলাসিতা যেমন শোভা পায় না, ক্রীতদাসের পক্ষেও তেমনি সম্ভ্রান্ত লোকদের উপর কর্তৃত্ব করা অশোভন।
11মানুষের ক্রোধ সংযত করে তার সুবুদ্ধি, কেউ তার বিরুদ্ধে অন্যায় করলে তা উপেক্ষা করাই তার পক্ষে গৌরবজনক।
12রাজার ক্রোধ সিংহের গর্জনের মত। তাঁর অনুগ্রহ ঘাসের উপর শিশিরের মত।
13মূর্খ পুত্র তার পিতার ধ্বংসের কারণ, মুখরা স্ত্রীর অনর্গল বাক্যবাণ সারাদিন টিপ টিপ করে বৃষ্টি ঝরার মত।
14মানুষ ঘরবাড়ি ধনদৌলত পিতৃপুরুষদের কাছে পায়, কিন্তু প্রভুই তাকে দিতে পারেন বুদ্ধিমতী স্ত্রী।
15আলস্য গভীর নিদ্রায় আচ্ছন্ন করে, এবং কর্মবিমুখ ব্যক্তি হবে ক্ষুধায় ক্লিষ্ট।
16প্রভুর নির্দেশ পালন করলে দীর্ঘজীবন লাভ হয়, কিন্তু যে তা অমান্য করে তার মৃত্যু সুনিশ্চিত।
17দীনহীনকে যে দান করে, সে প্রভুকেই দান করে, প্রভু পরমেশ্বর তার কাজের পুরস্কার দেবেন।
18সময় থাকতে তোমার সন্তানকে শাসনকর যদি নাকর তাহলে তুমিই তাকে ঠেলে দেবে ধ্বংসের পথে।
19উগ্রমেজাজী লোককে তার পরিণাম ভোগ করতে দাও, যদি তুমি তাকে একবার সঙ্কট থেকে উদ্ধার কর তবে বার বার তোমাকে তা করতে হবে।
20তুমি যদি উপদেশ শোন, গ্রহণ কর শিক্ষা, তাহলে ভবিষ্যতে তুমি জ্ঞানী হবে।
21মানুষ মনে মনে অনেকন পরিকল্পনা করতে পারে, কিন্তু প্রভু পরমেশ্বরের উদ্দেশ্যই শেষ পর্যন্ত কার্যকরী হবে।
22মানুষের কাছে আনুগত্যই প্রত্যাশা করা যায়, মিথ্যাবাদীর চেয়ে দরিদ্র লোকই শ্রেয়।
23পরমেশ্বরের প্রতি সম্ভ্রম জীবনকে উর্ত্তীণ করে, তখন মানুষের জীবনে আসে পরম তৃপ্তি, কোন অমঙ্গল স্পর্শ করে না তাকে।
24কোন কোন লোক এত অলস যে ভাত মেখে মুখে তুলতেও তার ক্লান্তি।
25উদ্ধত লোককে দণ্ড দাও, যেন অজ্ঞ লোকেরা তা দেখে শিক্ষা পায়। বুদ্ধিমান লোককে ভর্ৎসনা করলে সে জ্ঞান লাভ করে।
26নির্লজ্জ এবং অপদার্থ পুত্রই তার পিতার প্রতি দুর্ব্যবহার করে, বিতাড়িত করে তার মাতাকে।
27বৎস, তুমি যদি শিক্ষা গ্রহণ করতে না চাও, তাহলে যা শিখেছ তাও অচিরে ভুলে যাবে।
28সাক্ষী যদি যথার্থ সাক্ষ্য না দেয় তাহলে বিচার প্রহসনে পরিণত হয়। মন্দের প্রতিই দুষ্ট লোকের আকর্ষণ।
29দুর্বিনীত মূর্খের জন্য প্রহার ও দণ্ড সুনির্দিষ্ট।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for হিতোপদেশ 19