হিতোপদেশ 21
21
1নদীর স্রোতের গতির মত রাজার মতিগতিও পরমেশ্বরের নিয়ন্ত্রণাধীন, তিনি তাকে নিজের ইচ্ছা অনুযায়ী পরিচালনা করেন।
2মানুষ নিজের আচরণকে সঠিক বলে মনে করে কিন্তু পরমেশ্বরই বিচার করেন তার মনোভাব।
3বলিদানের চেয়ে ন্যায়সঙ্গত ও সৎ আচরণই পরমেশ্বরের দৃষ্টিতে প্রীতিজনক।
4দুষ্টদের উদ্ধত দৃষ্টি, অহঙ্কারী মন ও জীবনাচরণ সবই পাপ-কলুষিত।
5পরিশ্রমীদের সযত্নরচিত পরিকল্পনা প্রাচুর্য আনে, কিন্তু অতি ব্যস্ততায় যারা কাজ করে তাদের অভাব ঘটে।
6অসৎ উপায়ে অর্জিত ধন বাষ্পের মত মিলিয়ে যায় এবং মানুষকে মৃত্যুর ফাঁদে ফেলে।
7নিজেদের হিংসাত্মক কার্যকলাপেই দুষ্টেরা ধ্বংস হয়, কারণ ন্যায়সঙ্গত কাজে তারা অনিচ্ছুক।
8দুর্জনের পথ কুটিল, কিন্তু সজ্জন সদাচরণ করে।
9মুখরা স্ত্রীর সঙ্গে এক ঘরে বাস করার চেয়ে ছাদের এক কোণে একা থাকা ভাল।
10দুর্জনের অন্তর মন্দের প্রতি আসক্ত এমনকি প্রতিবেশীদের কারও প্রতি সে দয়া করে না।
11দুর্বিনীতকে দণ্ড দিলে তা দেখে অজ্ঞরা শিক্ষালাভ করে, বুদ্ধিমানকে উপদেশ দিলে সে তা থেকে জ্ঞানলাভ করে।
12যিনি ধর্মময় তিনি দুর্জনের গৃহের প্রতি লক্ষ্য রাখেন, তিনিই দুষ্টকে ধ্বংস করেন।
13দীনদুঃখীর আর্তনাদে যে কর্ণপাত করে না সে নিজেযখন আর্তনাদ করবে তখন তার আবেদনেও কেউ সাড়া দেবে না।
14কেউ যদি তোমার উপর ক্রুদ্ধ হয় তাহলে সবার অলক্ষ্যে তাকে কিছু উপহার দিলে সে শান্ত হবে
15ন্যায়বিচার সম্পন্ন হলে ধার্মিকেরা আনন্দ করে কিন্তু দুষ্টেরা হতাশ হয়।
16শুভবুদ্ধির পথ যে পরিহারকরে তার পরিণতি মৃত্যু।
17বিলাসব্যসনে আসক্ত ব্যক্তির জীবনে দারিদ্র্য আসে, সুরাপান ও ভোজনবিলাসে যে মত্ত থাকে সে কখনও ধনী হতে পারে না।
18দুষ্টেরা নিরীহ সৎলোকদের যেভাবে নিপীড়ন করে সেইভাবে তারাও নিপীড়িত হবে।
19মুখরা ও বদমেজাজী স্ত্রীর সঙ্গে ঘর করার চেয়ে বরং নির্জন মরুভূমিতে বাস করা ভাল।
20জ্ঞানীদের ঘরে বহুমূল্য সম্পদ#21:20 সম্পদ: হিব্রু: এবং তেল। থাকে কিন্তু মূর্খের ধনসম্পদ নষ্ট করে ফেলে।
21সৎ ও দয়ালু হও, লাভ করবে সম্মান ও সমৃদ্ধি।
22বিচক্ষণ সেনাপতি সুরক্ষিত নগর জয় করতে পারে, এমন কি সুদৃঢ় প্রাচীরও ভেঙ্গে ফেলতে পারে।
23যে বাক্ সংযম করতে পারে সে নিরাপদে থাকে।
24দুর্বিনীত ব্যক্তি অহঙ্কারী ও উদ্ধত, তার সমস্ত কাজকর্ম দম্ভ ও অবিবেচনাপ্রসূত।
25শ্রমবিমুখ অলস ব্যক্তি নিজের ধ্বংস ডেকে আনে।
26সে সারাদিন অন্যের সম্পত্তি গ্রাসের চিন্তায় মগ্ন থাকে, কিন্তু ধার্মিক ব্যক্তি উদার হস্তে দান করে।
27দুর্জনের বলিদান প্রভু ঘৃণা করেন, মন্দ উদ্দেশ্যে সে যখন বলি উৎসর্গ করে তখন প্রভু তা আরও বেশী ঘৃণা করেন।
28মিথ্যা সাক্ষ্য বিনষ্টহয় কিন্তু স্থায়ী হয় বিবেচক লোকের সাক্ষ্য।
29ন্যায়পরায়ণ ব্যক্তি নিজের সততা সম্পর্কে নিশ্চিত, কিন্তু দুর্জন জোর গলায় মিথ্যা কথা বলে।
30পরমেশ্বরের কাছে মানুষের জ্ঞান, বুদ্ধি, কৌশল সবই নিরর্থক।
31যুদ্ধের জন্য অশ্বারোহীবাহিনী প্রস্তুত করা যেতে পারে কিন্তু প্রভুই দেন জয়মাল্য।
Currently Selected:
হিতোপদেশ 21: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.