যিহিষ্কেল 44
44
পূর্ব দ্বারের গুরুত্ব
1দিব্যপুরুষ এবার আমাকে নিয়ে গেলেন মন্দির এলাকার পূর্বদিকে বাইরের দেউড়িতে। দেউড়ি বন্ধ ছিল। 2প্রভু পরমেশ্বর আমাকে বললেন, এই দেউড়ি এইভাবেই বন্ধ থাকবে, আর কোনদিন খুলবে না। কোন মানুষ এই দেউড়ি ব্যবহার করতে পারবে না। কারণ আমি, ইসরায়েলের প্রভু পরমেশ্বর এই দ্বার দিয়ে প্রবেশ করেছি। তাই এই দ্বার বন্ধ থাকবে। 3তবে একমাত্র শাসনক্ষমতায় অধিষ্ঠিত রাজাই সেখানে যেতে পারবে, আমার সান্নিধ্যে বসে পবিত্র প্রসাদ গ্রহণ করবে। সে অলিন্দের শেষপ্রান্ত দিয়ে দেউড়ির ভিতরে প্রবেশ করবে এবং সেই পথ দিয়েই বেরিয়ে যাবে।
মন্দিরে প্রবেশের নিয়মাবলী
4তারপর তিনি আমাকে উত্তরের দেউড়ি দিয়ে মন্দিরের সামনে নিয়ে গেলেন। মন্দিরের দিকে তাকাতেই দেখলাম, প্রভু পরমেশ্বরের জ্যোতির্ময় বিভূতিতে মন্দির পরিপূর্ণ। আমি মাটিতে উবুড় হয়ে পড়লাম। 5প্রভু পরমেশ্বর আমাকে বললেন, হে মানব সন্তান, সব কিছু মন দিয়ে দেখ ও শোন। আমি মন্দিরের সমস্ত বিধিবিধান তোমাকে বলব। মন্দিরে প্রবেশাধিকার কাদের তা বিশেষভাবে মনে রাখবে।
6ঐ অবাধ্য ইসরায়েলী প্রজাদের বল যে, আমি, সর্বাধিপতি প্রভু আর ঐ জঘন্য কদাচার সহ্য করব না যা এখনও তারা করে চলেছে। 7ঐ বে-সুন্নত বিদেশীদের তারা মন্দিরে ঢুকতে দিয়ে আমার মন্দির অপবিত্র করেছে। যারা আমায় মানে না তারা আমার সামনে বলির শোণিত ও মেদ উৎসর্গ করার সময় আমার মন্দিরে প্রবেশ করেছে। এইভাবে আমার প্রজারা জঘন্য অনাচার করে আমার সঙ্গে তাদের পবিত্র চুক্তি ভঙ্গ করেছে। 8আমার মন্দিরের পবিত্র আচার অনুষ্ঠান পালনের দায়িত্ব তারা নিজেরা না নিয়ে বিদেশীদের হাতে তুলে দিয়েছে।
9আমি, সর্বাধিপতি প্রভু ঘোষণা করছি যে কোন বে-সুন্নত বিদেশী, যারা আমাকে মানে না, তারা কেউ আমার মন্দিরে প্রবেশ করতে পারবে না। এমন কি ইসরায়েলীদের মাঝে বসবাস করে যে সমস্ত বিদেশী, তারাও মন্দিরে প্রবেশ করতে পারবে না।
পৌরহিত্য থেকে লেবীয়রা বাদ পড়ল
10প্রভু পরমেশ্বর আমাকে বললেন, আমি সেই সমস্ত লেবীয়দের শাস্তি দেব, যারা বাদবাকী ইসরায়েলীদের সঙ্গে আমাকে পরিত্যাগ করে চলে গিয়েছিল এবং অলীক মূর্তি পূজায় মেতেছিল। 11তারা মন্দিরের দেউড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব এবং মন্দিরের অন্যান্য কাজ কর্মের দায়িত্ব পালন করে আমার সেবা করতে পারে। জনসাধারণ বলি উৎসর্গ ও হোমের বলি উৎসর্গের জন্য যে পশু আনবে সেগুলিকে বলিদান করার কাজ তারা করতে পারবে এবং মন্দিরে উপাসকদের সেবার দায়িত্বে তাদের নিয়োগ করা হবে। 12কিন্তু যেহেতু তারা অলীক মূর্তি উপাসনার কাজ পরিচালনা করেছিল এবং ইসরায়েলীদের পাপের পথে নিয়ে গিয়েছিল, সেইহেতু, আমি সর্বাধিপতি প্রভু সুনিশ্চিত শপথ করে বলছি, শাস্তি তারা পাবেই। 13পুরোহিত হিসাবে তারা আমার সেবা করতে পারবে না কিম্বা আমার কাছে যা কিছু পূতঃ পবিত্র তার কাছাকাছি পর্যন্ত তারা যেতে পারবে না কিম্বা মহাপবিত্র স্থানে তারা প্রবেশাধিকার পাবে না। তাদের জঘন্য অনাচারের এই হল শাস্তি। 14তাহলেও মন্দিরের দেখাশুনা ও তদারকির সাধারণ যাবতীয় কাজের ভার আমি তাদের দিলাম।
পুরোহিতবৃন্দ
15সর্বাধিপতি প্রভু বলেন, ইসরায়েল জাতির অবশিষ্ট লোকেরা যেদিন আমাকে পরিত্যাগ করে চলে গিয়েছিল, সেদিন কিন্তু লেবী গোষ্ঠীর সাদোক বংশের পুরোহিতেরা আমাকে ত্যাগ করেনি। তারা আমার মন্দিরে নিষ্ঠাভরে আমার সেবার কাজ অব্যাহত রেখেছিল। সুতরাং একমাত্র তারাই প্রত্যক্ষভাবে আমার সেবা করবে, আমার কাছে এসে বলির শোণিত ও মেদ আমার সামনে উৎসর্গ করার অধিকার একমাত্র তাদেরই। 16একমাত্র তারাই আমার মন্দিরে প্রবেশ করবে, আমার বেদীর সামনে এসে পরিচর্যা করবে এবং মন্দিরের উপাসনা পরিচালনা করবে। 17মন্দিরের ভিতরের উঠোনের দেউড়ি পার হবার সময় তাদের সূতি বস্ত্র পরতে হবে। ভিতরের উঠোনে কিম্বা মন্দিরে যখন তারা কাজ করবে তখন পশমের তৈরী কোন কিছু যেন তাদের পরণে না থাকে।#যাত্রা 28:39-43; লেবীয় 16:4 18তারা যাতে ঘেমে না ওঠে সেইজন্যই তাদের মাথায় বাঁধতে হবে সূতির পাগড়ী, পরতে হবে সূতির পাজামা। কিন্তু কোন কোমর বন্ধনী বাঁধতে হবে না। 19বাইরের উঠোনে জনসাধারণের কাছে যাবার আগে তাকে মন্দিরের পোষাক পবিত্র কক্ষে ছেড়ে রেখে যেতে হবে। অন্য পোষাক পরে তাদের লোকদের কাছে যেতে হবে যাতে ঐ পবিত্র পোষাকের জন্য লোকদের কোন ক্ষতি না হয়#44:19 লোকদের কোন ক্ষতি না হয়: প্রচলিত বিশ্বাস ছিল যে, পবিত্র পোষাকের সংস্পর্শে এলে বা ছোঁয়া লাগলে মানুষের ক্ষতি হয়।।#লেবীয় 16:23
20পুরোহিতেরা মাথার চুল সম্পূর্ণ কামিয়েও ফেলবে না আবার বেশী লম্বাও হতে দেবে না, স্বাভাবিক রাখবে।#লেবীয় 21:5 21ভিতরের উঠোনে যাবার আগে পুরোহিতেরা সুরা পান করবে না।#লেবীয় 10:9 22বিবাহ বিচ্ছিন্না নারীকে কোন পুরোহিত বিবাহ করতে পারবে না। একমাত্র ইসরায়েলী কুমারী কন্যা অথবা অপর কোন পুরোহিতের বিধবা নারীকেই সে বিবাহ করবে।#লেবীয় 21:7,13-14
23পুরোহিতেরা আমার প্রজাদের পবিত্র ও অপবিত্রের মধ্যে পার্থক্য বুঝিয়ে দেবে। আচার-আনুষ্ঠানিকভাবে শুচি ও অশুচির মধ্যে পার্থক্যটি শিখিয়ে পড়িয়ে দেবে।#লেবীয় 10:10 24আইনগত ব্যাপারে বিবাদ বাধলে পুরোহিতেরাই আমার বিধান অনুসারে বিবাদ নিষ্পত্তি করবে। আমার নিয়ম-কানুন বা বিধি-বিধান অনুসারে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে হবে, পবিত্রভাবে সাব্বাথ পালন করতে হবে।
25পুরোহিতেরা কোন শব স্পর্শ করে আচারগত ভাবে অশৌচ পালন করবে না, তবে তা যদি তার পিতামাতা, তার সন্তান বা ভাই বা তার অবিবাহিত বোন হয়, তাহলে তাকে অশৌচ পালন করতে হবে।#লেবীয় 21:1-4 26শুচি হবার পর তাকে সাতদিন অপেক্ষা করতে হবে। 27তারপর তাকে মন্দিরের ভিতরের উঠোনে যেতে হবে এবং শুচি হবার জন্য বলি উৎসর্গ করতে হবে যাতে সে আবার মন্দিরে সেবা করতে পারে। এই কথা আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলছি।
28পুরোহিতেরা তাদের উত্তরাধিকারের লভ্য অংশস্বরূপ এই পৌরহিত্যের পদমর্যাদা ভোগ করবে যে মর্যাদায় অধিকার আমি বংশপরম্পরায় ইসরায়েলের হাতে তুলে দিয়েছি। ইসরায়েল দেশের কোন সম্পত্তি তারা ভোগ করবে না, আমিই হলাম তাদের সর্বস্ব।#গণনা 18:20 29শস্য নৈবেদ্য, পাপস্খালক ও প্রায়শ্চিত্তের নৈবেদ্য এবং মানত পূরণের নৈবেদ্য হবে পুরোহিতদের আহার্য এবং ইসরায়েলের মধ্যে যা কিছু আমার উদ্দেশ্যে পৃথক করে সরিয়ে রাখা হবে, সব কিছুই হবে তাদের প্রাপ্য#গণনা 18:8-19 30প্রথম ফসলের উৎকৃষ্ট অংশ এবং আমার উদ্দেশে নিবেদিত সব কিছুই পাবে পুরোহিতেরা। লোকেরা যখনই রুটি করবে তখনই তাদের প্রথম রুটি নৈবেদ্যরূপে পুরোহিতকে দেবে এবং আমার আশীর্বাদে তাদের গৃহে বর্ষিত হবে। 31পুরোহিতেরা কখনও অন্য জন্তু দ্বারা নিহত কোন পাখি বা পশুর মাংস খাবে না।#লেবীয় 22:8
Currently Selected:
যিহিষ্কেল 44: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.