যিহিষ্কেল 43
43
মন্দিরে প্রভু পরমেশ্বরের প্রত্যাবর্তন
1তিনি এবার আমাকে নিয়ে গেলেন পূর্বমুখী দেউড়িতে। 2সেখানে গিয়ে আমি দেখলাম, ইসরায়েলের প্রভু পরমেশ্বরের শ্রীমুখের উজ্জ্বল জ্যোতি পূর্বদিক থেকে এগিয়ে আসছে। সাগর গর্জনের মত ধ্বনিত হচ্ছে পরমেশ্বরের গুরু গম্ভীর কন্ঠস্বর, উজ্জ্বল আলোয় উদ্ভাসিত পৃথিবীর বুক।#যিহি 10:3-4,18-19; 11:22-23; প্রকা 1:15 3আমার আজকের এই দর্শন ঠিক আগের সেই দর্শনের মত, যেদিন ঈশ্বর এসেছিলেন জেরুশালেম ধ্বংস করতে এবং এমনিই আর একটি দর্শন পেয়েছিলাম কিবার নদীতীরে। আমি মাটিতে উবুড় হয়ে পড়লাম। 4উজ্জ্বল আলো পূর্বদ্বার দিয়ে সোজা মন্দিরের মধ্যে প্রবেশ করল।
5প্রভু পরমেশ্বরে আত্মা তখন আমাকে তুলে নিয়ে গেলেন ভিতরের উঠোনে। সেখানে গিয়ে দেখলাম, মন্দিরের ভিতরটা প্রভু পরমেশ্বরের মহিমার আলোক বিভায় পূর্ণ হয়ে গেছে। 6সেই দিব্য পুরুষ আমার পাশে দাঁড়িয়েছিলেন। আমি শুনলাম, প্রভু পরমেশ্বর মন্দিরের ভিতর থেকে আমাকে বলছেনঃ 7হে মর্ত্যমানব, এই যে, এখানে আমার সিংহাসন। ইসরায়েল জাতির মাঝে এইখানে আমি বিরাজ করব এবং চিরকাল তাদের শাসন-শৃঙ্খলা পরিচালনা করব। ইসরায়েল বা তাদের রাজারাও আর কখনও অলীক মূর্তি পূজা করে কিম্বা তাদের রাজাদের মৃতদেহ এখানে কবর দিয়ে আমার পবিত্র নামে কলঙ্ক লেপন করবে না।#43:7 মৃতদেহ কবর দিয়ে বা তাদের স্মৃতিস্তম্ভ স্থাপন করে। 8এই রাজারা তাদের প্রাসাদের দেউড়ি ও দুয়ারের চৌকাঠ আমার মন্দিরের দেউড়ি ও দুয়ারের চৌকাঠের একেবারে মুখোমুখি স্থাপন করেছে। মাঝখানে শুধু একটি দেওয়ালের ব্যবধান। সর্বপ্রকার জঘন্য অনাচারে তারা আমার পবিত্র নামের অবমাননা করেছে। সেই ক্রোধে আমি তাদের ধ্বংস করেছি। 9এখন তারা অলীক মূর্তিপূজায় বিরত হবে এবং তাদের রাজন্যবর্গের মৃতদেহ এখানে কবর দেওয়া বন্ধ করবে#43:9 মৃতদেহ অথবা স্মৃতিস্তম্ভ সরিয়ে নেবে।। তাই যদি করে, তাহলে তাদের মাঝে আমি অনন্তকাল বাস করব।
10প্রভু পরমেশ্বর আরও বললেন, মানব-সন্তান, এই মন্দির সম্বন্ধে তুমি ইসরায়েলীদের বল, এর গঠন-পরিকল্পনার বিষয় তারা অধ্যয়ন করুক। তারা তাদের পাপময় কর্মের কথা ভেবে লজ্জিত হোক। 11তারপর, নিজেদের কৃতকর্মের জন্য যদি তারা লজ্জিত হয়, তাহলে এই মন্দিরের গঠনশৈলী ও পরিকল্পনা, এর নক্শা, এর প্রবেশপথ ও বহির্গমনের পথ, এর আকার এবং সমস্ত রকম সাজ-সরঞ্জাম এবং এখানকার নিয়ম-কানুন ও বিধি-বিধান তাদের কাছে ব্যাখ্যা করে বলবে। এ সব কথা তুমি লিখে নাও যেন কী ভাবে সবকিছু সাজানো হয়েছে, সব যেন বুঝতে পারে এবং সমস্ত বিধি-বিধান তারা বিহিতভাবে পালন করতে পারে। 12পর্বতের চূড়ায় মন্দির ঘিরে সমস্ত এলাকা শুচি এবং পবিত্র–এই হল মন্দিরের বিধান।
বেদী
13বেদীর আয়তনের মাপ: বেদীর চারিদিক ঘিরে একেবারে গোড়ায় এক হাত গভীর ও এক হাত চওড়া একটা নালা আছে, তাতে বাইরের দিক দিয়ে এক বিঘত উঁচু বেড় দেওয়া আছে।#যাত্রা 27:1-2; ২ বংশা 4:1 14মাটির উপরে ভিত থেকে বেদীর নীচের ধাপ দু হাত উঁচু। তারপরের অংশ নীচের ধাপের ধার থেকে চারিদিক দিয়ে এক বিঘত ভিতরে চার হাত উঁচু হয়ে উঠে গেছে। এই ধাপের পর আবার তার ধার থেকে চারিদিক দিয়ে এক বিঘত ভিতরে পিছিয়ে আরও চার হাত উঁচু ধাপ রয়েছে। 15এই চূড়ার অংশটিতে আছে অগ্নিকুণ্ড, এখানে হোমবলি উৎসর্গ করা হয়। বেদীর সবচেয়ে উঁচু ধাপে হোম কুণ্ডের চারিদিকে চারটি কোণ আরও উঁচু। 16বেদীর উপরিভাগ সম্পূর্ণ চতুষ্কোণ—প্রত্যেক দিকের মাপ বারো হাত। 17মাঝখানের অংশটিও একটি চতুষ্কোণ—প্রত্যেকদিকের মাপ চোদ্দ হাত। এর বাইরের ধার দিয়ে চারিদিকে এক বিঘত উঁচু বেড় দেওয়া রয়েছে। (নালাটা একহাত চওড়া।) বেদীর উপরে ওঠার সিঁড়িটা ছিল পূর্বমুখী।
বেদীর উৎসর্গ পদ্ধতি
18সর্বাধিপতি প্রভু আমাকে বললেন, হে মানবসন্তান, শোন আমি যা বলি। বেদী তৈরী হয়ে গেলে, তার উপরে হোমবলি আহুতি দিয়ে এবং বলির পশুর রক্ত তার উপরে ছিটিয়ে বেদীটি উৎসর্গ করতে হবে। 19একমাত্র সাদোকের বংশধর লেবী গোষ্ঠীর পুরোহিতেরাই আমার সেবা করার জন্য আমার সান্নিধ্যে আসতে পারবে। আমি সর্বাধিপতি প্রভু এই আদেশ করলাম। প্রায়শ্চিত্তের বলিরূপে তুমি তাদের একটি বৃষবৎস দেবে। 20তারপর বলির কিছুটা রক্ত নিয়ে যজ্ঞ বেদীর চারটি উঁচু কোণে, মাঝখানের ধাপের চারকোণে এবং তার চারিদিকের বেড়ে লাগিয়ে দেবে। এইভাবে তুমি বেদী শুদ্ধ করে উৎসর্গ করবে। 21প্রায়শ্চিত্তের জন্য বলি দেওয়া বৃষ বৎসটি মন্দিরের এলাকার বাইরে নির্দিষ্ট জায়গাটিতে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। 22পরের দিন একটি নিখুঁত ছাগ এনে প্রায়শ্চিত্ত বলিরূপে উৎসর্গ করবে। বৃষের রক্ত দিয়ে যেভাবে বেদী শুদ্ধ করেছিলে, সেইভাবে ছাগরক্ত দিয়ে বেদী শুদ্ধ করবে। 23এরপর একটি বৃষ বৎস ও একটি মেষ আমার কাছে নিয়ে আসবে। 24দুটিই নিখুঁত হওয়া চাই। পুরোহিতেরা তাদের উপর লবণ ছিটিয়ে দেবে এবং আমার উদ্দেশে নৈবেদ্যরূপে উৎসর্গ করবে। 25সাত দিন ধরে দৈনিক একটি করে ছাগ, বৃষ এবং মেষ প্রায়শ্চিত্তের বলিরূপে আমার উদ্দেশে তোমায় উৎসর্গ করতে হবে। পশুগুলির প্রত্যেকটি নিখুঁত হওয়া চাই। 26সাতদিন ধরে পুরোহিতেরা যজ্ঞবেদীতে শুচি করে ব্যবহারের উপযুক্ত করে তুলবে। 27এইভাবে সাতদিন কেটে গেলে পুরোহিতেরা জনসাধারণের আনা হোমবলি ও স্বস্ত্যয়ন বলি যজ্ঞবেদীতে উৎসর্গ করতে পারবে। তখন আমি তোমাদের সবার উপরে তুষ্ট হব, এ কথা আমি সর্বাধিপতি প্রভু বললাম।#যাত্রা 29:35-37
Currently Selected:
যিহিষ্কেল 43: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.