YouVersion Logo
Search Icon

যিহিষ্কেল 41

41
1তারপর তিনি আমাকে মন্দিরের কেন্দ্রস্থলে পবিত্র স্থানে নিয়ে গেলেন। ভিতরে যাবার পথটি তিনি মাপলেন। সেটি ছহাত লম্বা ও 2দশ হাত চওড়া, তার দুদিকে আছে পাঁচ হাত পুরু দেওয়াল। তিনি ঘরটি মাপলেন। তার দৈর্ঘ্য চল্লিশ হাত এবং প্রস্থ কুড়ি হাত।
3তারপর তিনি গেলেন একেবারে মন্দিরের অন্তঃপুরে, গর্ভগৃহে। সেখানে যাবার রাস্তাটি তিনি মাপলেন। সেটি ছ-হাত চওড়া ও দুহাত ভিতরের দিকে চলে গেছে। তার দুদিকে সাত হাত পুরু দেওয়াল। 4তিনি শুধু ঘরটি মাপলেন। তার মাপ হল কুড়ি বর্গহাত। এই ঘরটি পবিত্র স্থানের চেয়ে আরও ভিতরের দিকে। তিনি আমাকে বললেন, এই হল পবিত্রতম স্থান।
মন্দিরের দেওয়ালের গায়ে তৈরী কক্ষসারি
5তিনি মন্দিরের ভিতরের দেওয়াল মাপলেন, দেখলেন দেওয়ালটি ছ-হাত পুরু। এই দেওয়ালটির গায়ে মন্দিরকে ঘিরে রয়েছে চার হাত প্রস্থের ছোট ছোট কামরা। 6এগুলি তিন তলা বাড়ি। প্রতি তলায় ত্রিশটি করে ঘর। মন্দিরের নীচের তলার বাইরের দেওয়ালের চেয়ে উপরের তলার বাইরের দেওয়াল পাতলা। কারণ উপরের তলার দেওয়ালের ভার নীচের দেওয়ালের উপর যাতে কম হয় এবং কোন ঠেকা দিতে না হয় তাই এই ব্যবস্থা। 7তাই, বাইরে থেকে দেখলে মন্দিরের দেওয়ালের ঘনত্ব নীচে থেকে উপর পর্যন্ত একই মনে হয়। মন্দিরের বাইরের দেওয়ালের গায়ে, কামরাগুলির বাইরে দুটো চওড়া সিঁড়ি পথ তৈরী করা হয়েছে, যাতে নীচের তলা থেকে একতলা, দোতলায় ও তিন তলায় সহজেই যাওয়া যায়#41:7 7 পদ-হিব্রু অস্পষ্ট।8-11এই ঘরগুলির বাইরের দেওয়ালের ঘনত্ব পাঁচ হাত। মন্দিরের উত্তরদিকের ঘরগুলিতে যাবার একটি মাত্র দরজা এবং দক্ষিণের ঘরগুলিরও একটিই দরজা ছিল। আমি দেখলাম, পাঁচ হাত চওড়া একটি বারান্দা মন্দিরকে ঘিরে রয়েছে। মাটি থেকে এর উচ্চতা ছ-হাত এবং মন্দিরের দেওয়ালের গায়ে তৈরী ঘরগুলির ভিত্তির সঙ্গেই একসাথে এগুলি গাঁথা হয়েছে। পুরোহিতদের ঘর ও এই বারান্দার মাঝখানে মন্দিরের পাশ বরাবর কুড়ি হাত চওড়া একটি খোলা জায়গা আছে।
পশ্চিম দিকের কক্ষ সারি
12মন্দিরের পশ্চিম দিকে খোলা জায়গার একেবারে শেষপ্রান্তে রয়েছে নব্বই হাত লম্বা আর সত্তর হাত চওড়া একটা দালান। তার দেওয়াল পাঁচ হাত চওড়া।
মন্দিরের মোট মাপ
13তিনি মন্দিরের বাইরের দিকটা মাপলেন। মাপ হল একশো হাত লম্বা। মন্দিরের পিছনের দেওয়াল থেকে পশ্চিমের উঠোনের শেষ পর্যন্ত জায়গাটির মাপ হল একশো হাত। 14মন্দিরের সামনে দুদিকের উঠোনশুদ্ধ জায়গাটির মাপও একশো হাত। 15দুদিকের অলিন্দসহ পশ্চিমমুখী দালানের দৈর্ঘ্য মাপা হল, তার মাপও হল একশো হাত।
মন্দিরের বিশদ বিবরণ
মন্দিরের প্রবেশকক্ষ, পবিত্র স্থান এবং পবিত্রতম স্থানটি 16মেঝে থেকে শুরু করে জানালা পর্যন্ত সব কাঠে মোড়া। সব জানালাগুলিতেই রয়েছে কাঠের জাফরি#41:16 16 পদ: হিব্রু অস্পষ্ট।17মন্দিরের ভিতরে দরজার উপরের চৌকাঠ পর্যন্ত সম্পূর্ণ দেওয়ালে#41:17 17 পদ: হিব্রু অস্পষ্ট। 18খেজুর গাছ ও ডানাওয়ালা করূবের মূর্তি খোদাই করা রয়েছে। ঘরের সমস্ত দেওয়াল জুড়ে একটি খেজুর গাছ, একটি করূব, তারপর খেজুর গাছ, আবার করূব—এইভাবে পরপর সাজিয়ে খোদাই করা হয়েছে। প্রত্যেকটি করূবের দুটি মুখ: 19একটি মানুষের ও অপরটি সিংহের দুই মুখ দুদিকের খেজুর গাছের দিকে ফেরানো। মন্দিরের গায়ে সারা দেওয়াল জুড়েই 20মেঝে থেকে দরজার উপরের চৌকাঠ পর্যন্ত এইভাবে মূর্তি খোদাই করা ছিল। 21পবিত্র স্থানের দরজার চৌকাঠগুলি ছিল চারকোণা।
কাঠের বেদী
পবিত্রতম স্থানে প্রবেশ পথের সামনে 22মনে হয় যেন একটা কাঠের বেদী রয়েছে। তার উচ্চতা তিন হাত, লম্বা ও চওড়ায় দুহাত। এর ভিত ও চারটে পায়া এবং এর চারদিকই কাঠের তৈরী। তিনি আমাকে বললেন, এই বেদীটি প্রভু পরমেশ্বরের উদ্দেশ্যে স্থাপিত।
মন্দিরের দরজা
23অলিন্দের শেষ প্রান্তে রয়েছে একটি দরজা। এটি পবিত্র স্থানে যাবার দরজা। এর অপর প্রান্তে রয়েছে আর একটি দরজা, সেটি হল পবিত্রতম স্থানে যাবার দরজা। 24প্রত্যেকটি দরজার দুটি করে পাল্লা, মাঝখান দিয়ে ভাগ হয়ে খুলে যায়। 25মন্দিরের দেওয়ালের মত এই দরজাগুলিতেও খেজুর গাছ ও করূবের মূর্তি খোদাই করা। প্রবেশ কক্ষের দরজার বাইরে উপরের অংশে রয়েছে জাফরি কাটা কাঠের খিলান। 26অলিন্দের পাশের দেওয়ালে বসানো অনেক জানালা আর তার দেওয়াল দুটিতে খেজুর গাছ খোদাই করা#41:26 হিব্রুতে তিনটে অতিরিক্ত শব্দ রয়েছে, যার অর্থ অস্পষ্ট।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in