যিহিষ্কেল 31
31
সীডার বৃক্ষের সঙ্গে মিশরের তুলনা
1আমাদের নির্বাসনের একাদশ বৎসরের তৃতীয় মাসের প্রথম দিনে প্রভু পরমেশ্বর আমাকে বললেন, 2হে মর্ত্যমানব, মিশররাজ ও তার সমগ্র প্রজাবৃন্দকে বল: তুমি কত শক্তিধর! কার সাথে আমি তোমার তুলনা দেব?
3তুমি লেবাননের সীডার বৃক্ষের মত, মনোরম#31:3 হিব্রু আসিরিয়া।,
ঘনছায়ায় ঘেরা তার শাখাগুলি,
মেঘচুম্বী তার উন্নত চূড়া।
4তার বৃদ্ধির জন্য সেখানে ছিল অবারিত জলধারা,
তার পুষ্টির জন্য ছিল অন্তঃসলিলা স্রোতধারা।
এই বৃক্ষরাজি যেখানে জন্ম নিয়েছিল
সেই ভূমিতে জলসিঞ্চন করত তারা এবং বনভূমির
সমস্ত বৃক্ষের কাছে প্রেরণ করত স্রোতধারা।
5প্রচুর জলসিঞ্চন এই বৃক্ষটিকে
অন্যান্য বৃক্ষের চেয়ে করেছিল উচ্চতর।
তার শাখাগুলি হয়েছিল পুষ্ট ও সুবিস্তৃত।
6তার শাখায় শাখায় পাখিরা বেঁধেছিল নীড়
তার ঘন শাখার আশ্রয়ে বন্যজন্তুরা শাবক প্রসব করত,
সারা পৃথিবীর জাতিবৃন্দ বাস করত তার আশ্রয়ে।
7কী অপরূপ সেই বৃক্ষ সুউন্নত, সুবিস্তৃত তার শাখাগুলি।
তার মূলগুলি মাটির গভীরে বয়ে চলা
স্রোতধারায় গিয়ে শাখা মেলেছে।
8ঈশ্বরের উদ্যানের কোন সীডার তার কাছে কিছুই নয়
এমন সুন্দর পল্লব শাখা কোন ফার গাছেরও নেই।
শাখায়-পল্লবে, রূপের সুষমায় এর সাথে কোন গাছেরই তুলনা চলে না।
ঈশ্বরের উদ্যানেরও কোন বৃক্ষ এমন অপরূপ নয়।#আদি 2:9
9সুবিস্তৃত শাখা-প্রশাখায় আমিই তাকে অপরূপ সুন্দর করেছিলাম,
ঈশ্বরের উদ্যান, এদনের বৃক্ষরাজির কাছে সে ছিল ঈর্ষার পাত্র।
10কাজেই এখন, আমি সর্বাধিপতি প্রভু তোমাকে বলব, এই মেঘচুম্বী বৃক্ষের অমোঘ নিয়তির কথা। উন্নত শীর্ষের জন্য সে অত্যন্ত গর্বিত হয়েছে, 11সেইজন্য তাকে আমি পরিত্যাগ করেছি, বিদেশী রাজশক্তির হাতে তাকে আমি তুলে দেব। সে সেই বৃক্ষকে তার শঠতার যোগ্য প্রাপ্যই দেবে। 12নির্মম বিদেশীরা তাকে ছেদন করে ফেলে রেখে যাবে। তার শাখা-প্রশাখা ও ছিন্ন পল্লব দেশের সর্বত্র পর্বত-উপত্যকায় পড়ে থাকবে। যে সমস্ত জাতি তার ছায়ায় বাস করতো, তারা চলে যাবে। 13পাখিরা এসে সেই পতিত বৃক্ষে বাসা বাঁধবে, বন্য জন্তুরা তার ডালে ডালে ঘুরে বেড়াবে। 14তাই এখন থেকে কোন বৃক্ষ সে যতই জলসিঞ্চিত হোক না কেন—আর কখনও অত উঁচু হতে পারবে না বা মেঘের সীমানা ছাড়িয়ে অত উঁচুতে মাথা তুলতেও পারবে না। মরণশীল মানুষের মতই মৃত্যু হবে তাদের অনিবার্য পরিণতি। মৃত্যুলোকে মৃতদের সাথে মিলিত হতে যাওয়াই হবে তাদের শেষ পরিণাম।
15সর্বাধিপতি প্রভু এই কথা বলেনঃ ঐ বৃক্ষ যেদিন মৃত্যুলোকে গমন করবে, সেইদিন শোকের চিহ্নরূপে ভূগর্ভের জলস্রোতকে আমি রুদ্ধ করে দেব, রোধ করব নদীর উৎসমুখ, বন্ধ করে দেব ঝরণার প্রবাহ। কারণ বৃক্ষটি মারা গেছে। লেবাননের পর্বতমালার ওপর নেমে আসবে অন্ধকার, বনভূমির সমস্ত গাছপালা শুকিয়ে যাবে। 16যখন আমি তাকে মৃত্যুলোকে প্রেরণ করব, তখন তার পতনের ঘোর শব্দে জাতিবৃন্দ কেঁপে উঠবে। এদনের সমস্ত বৃক্ষ এবং লেবাননের জলসিঞ্চিত সমস্ত উৎকৃষ্ট বৃক্ষরাজি, যারা পাতালে চলে গেছে, তারা তার পতনে আনন্দিত হবে। 17তারাও তার সাথে মৃত্যুলোকে যাবে তাদের সঙ্গে মিলিত হতে, যারা আগেই চলে গেছে। এবং যারা তার আশ্রয়ে বাস করত তারা ছড়িয়ে পড়বে নানা জাতির#31:17 নানা জাতির: সম্ভাব্য পাঠ: সকল জাতি। হিব্রু: অস্পষ্ট। মাঝে।
18মিশররাজ ও তার প্রজাবৃন্দ হল সেই বৃক্ষ। এদনের বৃক্ষরাজি পর্যন্ত এক উচ্চ ও আকর্ষণীয় ছিল না। কিন্তু এখন, এদনের বৃক্ষরাজির মত সে চলে যাবে মৃতলোকে যুদ্ধে নিহত অধার্মিক লোকদের সঙ্গে মিলিত হতে। আমার এ কথা সুনিশ্চিত। সর্বাধিপতি প্রভু বলেছেন এ কথা।
Currently Selected:
যিহিষ্কেল 31: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.