যিহিষ্কেল 32
32
কুমীরের সঙ্গে মিশররাজের তুলনা
1আমাদের নির্বাসনের দ্বাদশ বৎসরের দ্বাদশ মাসের প্রথম দিনে প্রভু পরমেশ্বর আমাকে বললেনঃ 2হে মর্ত্যমানব, মিশররাজকে সতর্ক করে দাও। তার কাছে পৌঁছে দাও আমার এই বার্তা: জাতিবৃন্দের মাঝে তুমি সিংহের মত আচরণ করে থাক কিন্তু আসলে তুমি একটা কুমীর। নদীর জলে আস্ফালন করে বেড়াও। পা দিয়ে জল ঘোলা করে দাও, দূষিত করে দাও নদী। 3যখন বহুজাতি একত্র হবে, তখন আমি তোমাকে জাল ফেলে ধরব এবং টেনে আনব নদীর তীরে। 4আমি তোমাকে রুক্ষমাটিতে আছড়ে ফেলব এবং সমস্ত পক্ষীকুল ও পৃথিবীর সমস্ত জীবজন্তুর আহার্যে আমি তোমায় পরিণত করব। 5তোমার গলিত শবে আমি পূর্ণ করব পর্বত-উপত্যকা। 6যতক্ষণ না পর্বত ও নদী রক্তে পরিপূর্ণ হয় ততক্ষণ আমি প্রবাহিত করাব তোমার রক্তধারা। 7তোমাকে যখন আমি ধ্বংস করব তখন আকাশ ঢেকে দেব, মুছে দেব নক্ষত্ররাজি। মেঘের আড়ালে সূর্য মুখ লুকাবে, চাঁদ আর আলো দেবে না।#যিশা 13:10; মথি 24:29; মার্ক 13:24-25; লুক 21:25; প্রকা 6:12-13; 8:12 8আকাশের সব আলো আমি নিভিয়ে দেব, তোমার পৃথিবী ভরে দেব গাঢ় অন্ধকারে। আমি সর্বাধিপতি প্রভু এই কথা বলছি।
9যখন আমি তোমার এই বিনাশের সংবাদ ছড়িয়ে দেব দেশে দেশে, নানা জাতির মাঝে যাদের নামও তুমি কখনও শোন নি, তারা ভয়ে বিহ্বল হয়ে পড়বে। 10আমি তোমার এমন দশা করব যা দেখে বহু জাতি স্তম্ভিত, হতচকিত হয়ে পড়বে। যখন আমি আমার অসি চালনা করবো তখন রাজন্যবর্গ ভয়ে শিউরে উঠবে। তোমার পতনের দিনে তারা প্রাণভয়ে কাঁপবে।
11সর্বাধিপতি প্রভু মিশররাজকে বলেছেন, ব্যাবিলন রাজের তরবারির মুখে তোমায় পড়তে হবে। 12নির্মম জাতির সেনাবাহিনীর হাতে আমি তোমাদের মৃত্যু ঘটাব। তোমার প্রজাবর্গ ও যা কিছু তোমার গর্বের বস্তু, সবই ধ্বংস হবে। 13জলাশয়ের ধারে থাকলেও আমি তোমার পশুপাল সংহার করব। কোন মানুষ বা পশুর পদচালনায় সে জল আর কর্দমাক্ত হবে না। 14আমি শান্ত করে দেব, নির্মল করে দেব তোমার সমস্ত জলাশয়ের জল, ধীরে বয়ে চলবে তোমার নদী-নির্ঝর। 15যখন আমি মিশরকে পরিণত করব ধ্বংসস্তূপে, ধ্বংস করব সেখানকার অধিবাসীদের, তখন তারা জানবে, আমিই প্রভু পরমেশ্বর। 16এই শোকগাথা যুগে যুগে সাবধানবাণীরূপে গাওয়া হবে। মিশর এবং মিশরবাসীর জন্য সকল জাতির রমণী এই শোকগাথা গাইবে। আমি সর্বাধিপতি প্রভু এই কথা বললাম।
মৃতলোক
17আমাদের নির্বাসনের দ্বাদশ বৎসরের প্রথম মাসের#32:17 একটি প্রাচীন অনুবাদে প্রথম মাস। হিব্রুতে এ সম্বন্ধে কোন উল্লেখ নেই। পঞ্চদশ দিনে প্রভু পরমেশ্বর বললেন, 18হে মর্ত্যমানব, মিশরের সমস্ত অধিবাসীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন কর। অন্যান্য সমস্ত শক্তিশালী জাতির সঙ্গে তাদেরও জাহান্নামে পাঠিয়ে দাও। 19তাদের বল: তুমি কি ভেবেছ, রূপে তুমি সবার সেরা? জাহান্নামে তোমায় যেতে হবে, সেখানে অধার্মিকদের মাঝেই তোমার শেষ গতি।
20যুদ্ধে নিহত লোকদের সাথে মিশরবাসীকে নেমে যেতে হবে পাতালে। তাদের সকলকে হত্যা করার জন্য তরবারি উদ্যত#32:20 সম্ভাব্য পাঠ: তাদের সকলকে...উদ্যত। হিব্রু অস্পষ্ট।। 21পরাক্রান্ত মহাবীর যোদ্ধারা ও যারা মিশরীদের পক্ষে যুদ্ধ করেছিল, তারা পাতালপুরীতে মৃতলোকে মিশরীদের দলে টেনে নেবে। তারা চীৎকার করে বলবে: যুদ্ধে নিহত অধার্মিকেরা এখানে নেমে এসেছে, এখানেই তাদের শেষ গতি!
22সেখানে আছে আসিরিয়া। চারিদিকে তার সৈন্যদের কবর। যুদ্ধে তাদের সকলের মৃত্যু হয়েছে। 23পাতালপুরীতে মৃতলোকের গভীরতম স্থানে আছে তাদের কবর। তার সমস্ত সেনানী যুদ্ধে নিহত, তাদের কবরগুলি তারই সমাধি ঘিরে রয়েছে। এরাই একদিন পৃথিবীতে বিভীষিকা জাগিয়েছিল।
24সেখানে এলম আছে। তাকে ঘিরে আছে তার সৈনিকদের সমাধি। তারা সকলেই যুদ্ধে নিহত হয়েছে। বে-সুন্নত অবস্থায় তারা পাতালগামী হয়েছে। জীবনকালে তারা ছিল মূর্তিমান বিভীষিকা। কিন্তু মরণে আজ তারা সম্মানহীন, অপদস্থ। 25এলম শুয়ে আছে যুদ্ধে নিহত জনতার সাথে, তাদের কবর চারিদিকে নিয়ে। বে-সুন্নত অবস্থায় তারা যুদ্ধে নিহত হয়েছে। যদিও জীবনকালে তারা ভীতির সঞ্চার করেছিল কিন্তু আজ তারা অপদস্থ, অপমানিত। এদের ও যুদ্ধে নিহত সৈনিকদের একই পরিণাম।
26সেখানে আছে মেশেক ও তুবল। তাকে ঘিরে আছে তার সৈনিকদের সমাধি। তারা সকলেই বে-সুন্নত অবস্থায় যুদ্ধে নিহত হয়েছে। তারাই একদিন ত্রাসের সঞ্চার করেছিল। 27পুরাকালের বীর শ্রেষ্ঠদের মত যথোচিত মর্যাদায় তাদের সমাধি দান করা হয়নি#32:27 বীর শ্রেষ্ঠদের: কিছু প্রাচীন অনুবাদে পাওয়া যায়। হিব্রু: বে-সুন্নতদের। । এই বীর নায়কেরা অস্ত্রসজ্জায় সজ্জিত হয়েই মৃতলোকে গমন করেছিল। তাদের মাথার নীচে দেওয়া হয়েছিল তরবারি, বুকের উপর দেওয়া হয়েছিল ঢাল#32:27 সম্ভাব্য পাঠ: ঢাল: হিব্রু: অপরাধ।। পূর্ণ সামরিক মর্যাদায় তারা বীরগতি লাভ করেছিল। এরাই জীবনকালে একদিন ছিল মহাত্রাস।
28এইভাবে যুদ্ধে নিহত বে-সুন্নতদের মাঝেই বিধ্বস্ত মিশরীদের ঠাঁই নিতে হবে।
29ইদোমও শায়িত সেখানে তার নৃপতিবৃন্দ ও শাসককুলের সঙ্গে। তারা ছিল মহাযোদ্ধা কিন্তু আজ তারা যুদ্ধে নিহত বে-সুন্নতদের সঙ্গে পাতালপুরীতে শুয়ে আছে।
30উত্তরাঞ্চলের রাজন্যবর্গ আছে সেখানে, সঙ্গে আছে সিদোনীরাও। এক সময় তাদের পরাক্রম আতঙ্ক ছড়িয়েছিল কিন্তু আজ তারা অবজ্ঞার পাত্র হয়ে নেমে গেছে পাতালপুরীর অন্ধকারে, যুদ্ধে নিহত বে-সুন্নতদের মাঝখানে, ভোগ করছে একই দুর্গতি।
31সর্বাধিপতি প্রভু বলেন, যুদ্ধে নিহত ব্যক্তিদের এই দুর্গতি দেখে মিশররাজ ও তার সৈন্যবাহিনী সান্ত্বনা পাবে।
32সর্বাধিপতি প্রভু বলছেন, আমিই মিশররাজকে পৃথিবীর সন্ত্রাসস্বরূপ করেছি। কিন্তু এবার সে এবং তার সমগ্র সৈন্যদল যুদ্ধে নিহত বে-সুন্নতদের সঙ্গে চির নিদ্রায় ডুবে যাবে।
Currently Selected:
যিহিষ্কেল 32: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.