YouVersion Logo
Search Icon

যিহিষ্কেল 30

30
প্রভু পরমেশ্বরের হাতে মিশরের দণ্ড
1প্রভু পরমেশ্বর আবার বললেন, 2হে মর্ত্যমানব, আমি, সর্বাধিপতি প্রভু যা বলছি সে কথা ভবিষ্যদ্বাণীরূপে ঘোষণা কর। উচ্চৈঃস্বরে বল:
মহাত্রাসের দিন এগিয়ে আসছে
3সেদিনের আর দেরী নেই,
যেদিন প্রভু পরমেশ্বর সক্রিয় হয়ে উঠবেন।
সেদিন জাতির জীবনে নেমে আসবে ঘোর দুর্দিনের ঘনঘটা।
4মিশরে বাধবে যুদ্ধ, সুদানে ঘনাবে মহাসঙ্কট,
হত্যার তাণ্ডব চলবে মিশরে, লুন্ঠিত হবে দেশ,
পতিত হবে ধ্বংসের করাল গ্রাসে।
5সুদান, লিডিয়া, লিবিয়া আরব, কুব, এমনকি আমার স্বজাতির লোকদের কাছ থেকে ভাড়া করে আনা সৈন্যদল সেই যুদ্ধে মারা পড়বে।
6সর্বাধিপতি প্রভু বলেন, উত্তরে মিগদোল থেকে দক্ষিণে আসুয়ান পর্যন্ত মিশরের সমস্ত সেনানী যুদ্ধে নিহত হবে। মিশরের শক্তির গর্ব খর্ব হবে। আমি, সর্বাধিপতি প্রভু এই কথা বললাম। 7সারা পৃথিবীর মধ্যে এ দেশের ভগ্নদশা হবে সর্বাধিক ভয়াবহ এবং এর সমস্ত শহর-নগর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পরিত্যক্ত হবে। 8আমি যখন মিশরে অগ্নিসংযোগ করব এবং তার সমস্ত মিত্রপক্ষ যখন নিহত হবে, তখন তারা জানবে যে আমি-ই প্রভু পরমেশ্বর।
9সেই দিন যখন আসবে এবং মিশর ধ্বংস হবে, তখন আমি জলযানে করে দূত পাঠাব নিশ্চিন্তে, নির্ভয়ে সুদানবাসীর কাছে। তারা ভয়ে আতঙ্কে বিহ্বল হয়ে পড়বে। সেইদিন আগতপ্রায়!
10সর্বাধিপতি প্রভু বলেছেন, মিশরের ঐশ্বর্য, ধনসম্পদ নিঃশেষ করে দেবার জন্য ব্যাবিলনরাজ নেবুকাডনেজারকে আমি ব্যবহার করব। 11সে এবং তার দুর্ধর্ষ সেনাবাহিনী এসে দেশটাকে ছারখার করে দেবে। মিশরের উপরে তারা সশস্ত্র অভিযান চালনা করবে, সারা দেশ মৃতদেহে পূর্ণ হয়ে যাবে। 12নীল নদকে আমি বিশুদ্ধ করব এবং মিশরকে দুষ্টলোকের পদানত করব। বিদেশীরা নির্মম হাতে এ দেশ ধ্বংস করবে, আমি, প্রভু পরমেশ্বর বলছি এ কথা।
13সর্বাধিপতি প্রভু বলেছেন, আমি মেমফিসের নশ্বর মূর্তি আর অলীক দেবতাদের ধ্বংস করব। মিশরের উপর আধিপত্য করার জন্য কোন রাজপুরুষ আর থাকবে না। সমস্ত মিশরীর মনে আমি ভীতির সঞ্চার করব,
14দক্ষিণ মিশরকে ধ্বংস করব, আগুন লাগিয়ে দেব উত্তরের শহর জোয়ানে। রাজধানী থিবসকে আমি দণ্ড দেব। 15মিশরের বিরাট দুর্গ নগরী পেলুসিয়ামকে বুঝিয়ে দেব আমার ক্রোধের বিষম জ্বালা। আমি ধ্বংস করব থিবসের ঐশ্বর্য। 16আগুন লাগিয়ে দেব মিশরের সমস্ত শহরে, পেলুসিয়াম কাঁদবে গুমরে গুমরে। থিবসের প্রাচীর ভেঙ্গে পড়বে, নগরী হবে বন্যাপ্লাবিত।#30:16 বন্যাপ্লাবিত-প্রাচীন অনুবাদ। হিব্রু অস্পষ্ট। 17হেলিওপোলিস ও বুবাস্‌তিস্ নগরের যুবকেরা যুদ্ধে নিহত হবে এবং অন্যান্যদের বন্দী করে নিয়ে যাওয়া হবে। 18মিশরের ক্ষমতা যখন আমি খর্ব করব তখন তপনেহসের উপর অন্ধকার ঝাঁপিয়ে পড়বে এবং যে ক্ষমতার গর্বে তারা অন্ধ, তাদের সেই ক্ষমতা আমি চূর্ণ করব। এক খণ্ড মেঘ এসে মিশরকে ঢেকে ফেলবে এবং তার সমস্ত শহর-নগরের অধিবাসীদের বন্দী করে নিয়ে যাওয়া হবে। 19এইভাবে মিশরকে যখন আমি শাস্তি দেব, তখনই তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
মিশররাজের বাহুবল চূর্ণ
20আমাদের নির্বাসনের একাদশ বৎসরের প্রথম মাসের সপ্তম দিনে প্রভু পরমেশ্বর আমাকে বললেন, 21হে মর্ত্যমানব, মিশররাজের হাত আমি ভেঙ্গে দিয়েছি। কেউ আর তার হাতে পটি বেঁধে দেয়নি বা কাঠের ফালিও বেঁধে দেয়নি, যাতে হাতটা সেরে যায় এবং সে তরোয়াল ধরার মত যথেষ্ট শক্তি আবার ফিরে পায়। 22অতএব, আমি, সর্বাধিপতি প্রভু বলছি: আমি মিশররাজের শত্রু। আমি তার দুটি হাতই ভেঙ্গে দেব। একটি হাত আগেই ভেঙ্গেছি, অপর হাতটিও ভেঙ্গে দেব। 23আমি মিশরীদের সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দেব। 24তারপর আমি ব্যাবিলনরাজের বাহুদুটিতে শক্তি সঞ্চার করব এবং আমার তরবারি তার হাতে তুলে দেব। কিন্তু মিশররাজের হাত দুটি আমি ভেঙ্গে দেব, সে মৃত্যু যন্ত্রণায় তার শত্রুদের সামনেই আর্তনাদ করবে। 25আমি তার হাত দুর্বল করব এবং ব্যাবিলনরাজের হাত শত্রু ও দৃঢ় করব। যখন আমি তার হাতে আমার ক্ষমতা তুলে দেব এবং সে যখন মিশরের বিরুদ্ধে সেই ক্ষমতা প্রয়োগ করবে, সেইদিন প্রত্যেকে জানবে যে আমিই প্রভু পরমেশ্বর। 26মিশরীদের আমি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দেব। তখন তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in