যিহিষ্কেল 28
28
টায়ারের রাজার বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী
1প্রভু পরমেশ্বর আমাকে বললেন, 2হে মর্ত্যমানব, আমি, সর্বাধিপতি প্রভু যা বলছি, সেই কথা টায়ারের রাজাকে গিয়ে বল, অহঙ্কারে মত্ত হয়ে তুমি নিজেকে দেবতা বলে দাবী করেছ। তুমি বলেছ, দেবতার মত তুমি সাগর পরিবৃত হয়ে সিংহাসনে সমাসীন। তুমি দেবতা হওয়ার ভাণ করতে পার কিন্তু তুমি দেবতা নও, তুমি মানবমাত্র। 3তুমি ভেবেছ, তুমি দানিয়েলের চেয়েও জ্ঞানবান। কোন গোপন রহস্যই তোমার অজ্ঞাত নয়। 4তোমার জ্ঞান ও দক্ষতা তোমাকে ঐশ্বর্যবান করেছে, স্বর্ণ ও রৌপ্যের অতুল সঞ্চয়ে তোমার কোষাগার পরিপূর্ণ। 5প্রখর ব্যবসাবুদ্ধির চাতুর্যে ঐশ্বর্যবৃদ্ধি করেছ তুমি। ঐশ্বর্যের অহঙ্কার তোমায় এত্ত করেছে।
6অতএব আমি, সর্বাধিপতি প্রভু তোমায় বলছি, যেহেতু তুমি নিজেকে দেবতার মত জ্ঞানবান মনে করেছ, 7সেই হেতু তোমাকে আক্রমণ করারজন্য আমি নিয়ে আসব দুর্ধর্ষ শত্রুদল। জ্ঞান ও দক্ষতা দিয়ে যে সমস্ত মনোহরী দ্রব্যসম্ভার তুমি সঞ্চয় করেছ, তারা এনে সব ধ্বংস করে দেবে। 8তারা তোমাকে হত্যা করবে, সলিল সমাধিই হবে তোমার শেষ পরিণাম। 9তারা যখন তোমাকে হত্যা করতে উদ্যত হবে, তখনও কি তুমি নিজেকে দেবতা বলে দাবী করবে? যখন তুমি হত্যাকারীদের মুখোমুখি দাঁড়াবে, তখন তাদের চোখে তুমি হবে নিতান্তই একটি মানুষ, দেবতা নয়। 10ম্লেচ্ছ বিদেশীদের হাতে পথের কুকুরের মত তুমি প্রাণ হারাবে। আমি সর্বাধিপতি প্রভু এই আদেশ জারি করলাম।
টায়ারের রাজার পতন
11প্রভু পরমেশ্বর আমাকে আবার বললেন, 12হে মর্ত্যমানব, টায়ারের রাজার জন্য যে ভবিতব্য অপেক্ষা করে আছে, তার জন্য শোক কর। আমি সর্বাধিপতি প্রভু যা বলছি, তাকে বল: একদা তুমি ছিলে পূর্ণতার প্রকৃষ্ট উদাহরণ, ছিলে পরম জ্ঞানী, সর্বাঙ্গসুন্দর। 13তুমি ছিলে এদনে ঈশ্বরের উদ্যানে, সর্বপ্রকার মণিমাণিক্য ছিল তোমার ভূষণ: চুণি, পান্না, হীরক, বৈদুর্যমণি, নীলা, পোখরাজ, নীলকান্তমণি, গোমেদ আর মরকতে খচিত তোমার সুবর্ণ অলঙ্কার। তোমার সৃষ্টিলগ্নেই তোমারই জন্য#28:13 তোমারই জন্য-সম্ভাব্য পাঠ-হিব্রু অস্পষ্ট। রচিত হয়েছিল এগুলি। 14তোমায় পাহারা দেবার জন্য সেখানে ভীষণদর্শন এক দূতকে নিয়োগ করলাম আমি#28:14 তোমায় পাহারা....আমি-সম্ভাব্য পাঠ-হিব্রু অস্পষ্ট।। তুমি থাকতে আমার পবিত্র পর্বতে, বিচরণ করতে দ্যুতিময় মণিমাণিক্যের মাঝখানে। 15তোমার সৃষ্টিলগ্ন থেকে শুরু করে অসৎ পথে পদস্খলনের পূর্বমুহূর্ত পর্যন্ত তোমার আচরণ ছিল নিখুঁত সুন্দর। 16কেনা-বেচায় তুমি বড় বেশী ব্যস্ত হয়ে পড়লে, আর এতেই তুমি পরিচালিত হলে বিদ্রোহ ও পাপের পথে। তাই আমি তোমাকে আমার পবিত্র পর্বত ত্যাগ করতে বাধ্য করলাম এবং যে দূত তোমায় পাহারা দিত, সে-ই তোমাকে দ্যুতিময় মাণিক্যের রাজা থেকে বিতাড়িত করল। 17রূপবান হওয়ার দরুণ তুমি অন্ত্যত গর্বিত ছিলে, তোমার যশ-খ্যাতি তোমায় মূর্খের মত আচরণ করিয়েছিল। এইজন্য আমি তোমাকে মাটিতে আছড়ে ফেলে দিলাম। তোমার স্বরূপ প্রকাশ করে দিলাম অন্যান্য জাতির রাজাদের কাছে, হীন করে দিলাম তাদের চোখে। 18কেনা-বেচায় তুমি এত অসাধুতা করলে যে তোমার উপাসনার স্থানগুলি দুর্নীতির আড়ত হয়ে উঠল। তাই আমি নগরে আগুন লাগিয়ে দিলাম, সব ভস্ম হয়ে মাটিতে মিশে গেল। যারা একদিন তোমার দিকে বিমুগ্ধ নয়নে চেয়ে থাকত, তারা এবার দেখবে যে তুমি ভস্ম হয়ে গেছ। 19তুমি শেষ হয়ে গেলে, চিরদিনের জন্য শেষ হয়ে গেলে। সমস্ত জাতি যারা তোমায় চেনে, তারা আতঙ্কিত এই কথা ভেবে যে তাদেরও বরাতে এই একই দুঃখ অপেক্ষা করে আছে।
সীদোনের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী
20প্রভু পরমেশ্বর আমাকে বললেন,#যোয়েল 3:4-8; সখ 9:1-2; মথি 11:21-22; লুক 10:13-14 21হে মর্ত্যমানব, সীদোন নগরের বিরুদ্ধে রায় ঘোষণা কর। 22তাদের গিয়ে বল, আমি সর্বাধিপতি প্রভু তাদের সম্বন্ধে এই কথা বলছি: হে সীদোন, আমি তোমার শত্রু। তোমার প্রতি আমি যে কাজ করব,তার জন্য লোকে আমার প্রশংসা করবে। তোমার অধিবাসীদের সমুচিত দণ্ড দিয়ে আমি যখন দেখিয়ে দেব যে আমি কত পবিত্র তখনই তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর। 23আমি তোমার কাছে মহামারী পাঠাব, নগরের পথে পথে বইয়ে দেব রক্তধারা। তুমি আক্রান্ত হবে চতুর্দিক থেকে, তোমার অধিবাসীরা নিহত হবে। তখন তুমি জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
ইসরায়েল লাভ করবে আশীর্বাদ
24প্রভু পরমেশ্বর বললেন, ইসরায়েলের চারিদিকের যে প্রতিবেশী জাতিবৃন্দ ইসরায়েলকে এতদিন অবজ্ঞা ও উপহাস করেছে, তারা আর কখনও তাদের পথের কাঁটা হবে না, কাঁটা হয়ে বিঁধবে না তাদের। তারা জানবে যে আমিই সর্বাধিপতি প্রভু পরমেশ্বর।
25সর্বাধিপতি প্রভু বললেন, যে জাতিবৃন্দের মাঝে আমি ইসরায়েলকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম, সেখান থেকে আমি তাদের ফিরিয়ে আনব। তখন সমস্ত জাতি জানবে যে আমি পরম পবিত্র। ইসরায়েল জাতি তার আপন দেশে বাস করবে, যে দেশ আমি আমার দাস যাকোবকে দিয়েছিলাম, 26তারা সেখানে নিরাপদে শান্তিতে বাস করবে, ঘর বাঁধবে, রচনা করবে দ্রাক্ষাকুঞ্জ। তাদের যে সমস্ত প্রতিবেশী তাদের ঘৃণা করত, উপহাস করত, তাদের সবাইকে আমি শাস্তি দেব, ইসরায়েলের জীবন হবে নিরাপদ। তখন তারা জানবে যে আমি-ই প্রভু পরমেশ্বর।
Currently Selected:
যিহিষ্কেল 28: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.