YouVersion Logo
Search Icon

যিহিষ্কেল 27

27
টায়ারের জন্যে বিলাপ
1প্রভু পরমেশ্বর আমাকে বললেন, 2হে মর্ত্যমানব, টায়ার নগরীর জন্য বিলাপ কর 3যে নগরী সাগর উপকুলে অবস্থিত এবং উপকুলবাসীর সঙ্গে সে ব্যবসা-বাণিজ্য করে। সর্বাধিপতি প্রভুর বাণী তার কাছে উচ্চারণ কর:
হে টায়ার, তুমি তোমার অনিন্দ্যনীয় রূপের জন্য অহঙ্কার করতে,
4সমুদ্র তোমার বাসভূমি,
তোমার শিল্পীরা তোমায় গড়েছে অপরূপ এক তরীর রূপসজ্জায়।
5হারমোন পর্বত থেকে ফার গাছ এনে তক্তা বানিয়েছে তোমার জন্য,
লেবানন থেকে সীডার কাঠ এনেছে তোমার মাস্তুল করবে বলে।
6তোমার দাঁড় তৈরীর জন্য বাশান থেকে এনেছে ওক গাছ।
সাইপ্রাসের পাইন কাঠ দিয়ে তৈরী করেছে তোমার অন্তঃপুর,
সাজিয়ে দিয়েছে গজদন্তের সুশোভন কারুকার্যে।
7মিশরের সূচীশিল্পে শোভিত রেশমী বস্ত্রে তৈরী করেছে তোমার পাল,
বহুদূর থেকে চেনা যায় সহজেই।
তোমার আচ্ছাদন রচিত হয়েছে সাইপ্রাস দ্বীপের সূক্ষ্ম বেগুনী কাপড়ে।
8সীদোন ও আরবাদের লোকেরা টানত তোমার দাঁড়।
তোমার নাবিকেরা ছিল অত্যন্ত নিপুণ।
9তরীর ছুতোর মিস্ত্রিরা ছিল বিবলসের সুশিক্ষিত নিপুণ শিল্পী।
সমুদ্রগামী প্রত্যেকটি বাণিজ্যতরীর বণিক তোমারই হাটে বেসাতি করত।
10পারস্য, লিডিয়া ও লিবিয়ার সৈনিকেরা তোমার সৈন্যদলে কাজ করত। তারা তাদের ঢাল ও শিরস্ত্রাণ টাঙ্গিয়ে রাখত তোমার সৈন্য শিবিরে। এরাই তোমার জন্য গৌরব ও মর্যাদা জয় করে এনে ভূষিত করেছে তোমাকে। 11আরবাদের সেনানীরা রক্ষা করেছে তোমার নগর প্রাকার, গামাদের সেনানীরা রক্ষা করেছে তোমার সমূহ মিনার। তারা তোমার প্রাকারের গায়ে ঝুলিয়ে রেখেছে তাদের ঢাল। এরাই তোমায় করেছে রূপবতী।
12স্পেনের সঙ্গে তুমি ব্যবসা-বাণিজ্য করতে, তোমার অতুল পণ্যের বিনিময়ে তুমি নিয়ে আসতে রূপো, লোহা, টিন আর সীসে। 13তোমার ব্যবসা চলত গ্রীস, তুবল ও মেশেকের সঙ্গে। তোমার পণ্যসম্ভারের বিনিময়ে নিয়ে আসতে ক্রীতদাস ও পেতলের বাসনপত্র। 14বেথ টোগারমা থেকে তোমার পণ্যের বিনিময়ে কিনে আনতে ঘোড়া, যুদ্ধের ঘোড়া আর খচ্চর। 15রোডস দ্বীপের লোকেরা তোমার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করত, সমুদ্রের উপকূলবর্তী দেশগুলির বহু লোক তোমায় গজদন্ত আর আবলুস কাঠ দিয়ে কিনে নিয়ে যেত তোমার পণ্যসম্ভার। 16সিরিয়ার লোকেরা কিনে নিয়ে যেত তোমার পণ্যসম্ভার, তোমার বহুতর উৎপাদিত দ্রব্য। বিনিময়ে মূল্য রূপে তারা দিন পান্না, চুণি, প্রবাল, মিহি রেশমী বস্ত্র, বেগুনী কাপড় এবং সূচীশিল্পমণ্ডিত বস্ত্রাদি। 17যিহুদীয়া তোমার পণ্যের বিনিময় মূল্যস্বরূপ দিত গম,#27:17 গম: হিব্রুতে দুটি অতিরিক্ত শব্দ আছে, যার অর্থ অস্পষ্ট। মধু, জলপাই তেল এবং মশলা। 18-19দামাসকাসের লোকেরা তোমার পণ্য ও উৎপাদিত দ্রব্যসম্ভার কিনে নিয়ে যেত এবং মূল্যস্বরূপ দিয়ে যেত হেলবোনের সুরা এবং সাহার#27:18-19 সাহার: হিব্রুতে তিনটি অতিরিক্ত শব্দ আছে, যার অর্থ অস্পষ্ট। -এর পশম। তোমার পণ্যের বিনিময়ে তারা তোমাকে দিত পেটা লোহা আর মশলা। 20দেদান ঘোড়ার জিনের কাপড় দিয়ে কিনে নিয়ে যেত তোমার পণ্য। 21আরববাসীরা আর কেদরের দলপতিরা ছাগল, ভেড়া ও ভেড়ার বাচ্চা তোমায় যোগান দিত, বিনিময়ে নিয়ে যেত তোমার পণ্যসম্ভার, 22শেবা ও রামাহ্‌র বণিকেরা তোমার পণ্যের বিনিময়ে তোমাকে দিয়ে যেত মণিমাণিক, সোনা আর সেরা মশলা। 23হারাণ, কান্নেহ্ এবং এদনের সমস্ত শহর, শেবার বণিকেরা, অশুর এবং কিলমাদ্-এর সমস্ত শহরের সঙ্গে চলত তোমার ব্যবসা-বাণিজ্য। 24তারা তোমার কাছে বিক্রি করত দামী কাপড়, বেগুনী কাপড় এবং সূচের কারুকার্য করা কাপড়, রংবেরং-এর গালিচা, শক্ত মজবুত দড়ি এবং কাছি। 25মালবাহী জাহাজে বোঝাই করে কিনে নিয়ে যেত তোমার পণ্যসম্ভার।
হে টায়ার, তুমি ছিলে সমুদ্রের মাঝে যেন এক
বাণিজ্যতরী পরিপূর্ণ পণ্য সম্ভারে।#প্রকা 18:11-19
26তোমার মাঝি মাল্লারা যখন তোমায় নিয়ে এল মাঝ দরিয়ায়
সুদূর ভূখণ্ড থেকে ছুটে এল দারুণ পূবালী ঝড় চূরমান করে দিল তোমায়।
27তোমার সমস্ত পণ্য সম্ভারের ঐশ্বর্য,
তোমার মাঝি-মাল্লা, লোক-লস্কর, নাবিক-কাপ্তান,
তোমার বাণিজ্যতরীর সমস্ত ছুতোর মিস্ত্রি এবং তোমার ব্যবসায়ী বণিকেরা,
তরীর সমস্ত সৈনিকেরা হারিয়ে গেল সাগরের বুকে
তীরখানি ভেঙ্গে যাবার সাথে সাথে।
28ডুবন্ত যাত্রীদের আকুল আর্তনাদ
সাগর উপকূল প্রতিধ্বনি তোলে।
29প্রত্যেকটি তরী এখন পরিত্যক্ত
যাত্রীরা ফিরে গেচে উপকুলে।
30তারা তোমার জন্য বুক ফাটা কান্নায় ভেঙ্গে পড়ে
তোমার শোকে তারা মাথায় ধুলো মাখে ছাই-এ গড়াগড়ি দেয়।
31তোমার শোকে তারা মস্তক মুণ্ডন করে বসন ছেড়ে পরে চট।
তারা যখন কাঁদে, হৃদয় তাদের বেদনায় মথিত হয়ে ওঠে।
32তারা তোমার জন্য শোক গাথা উচ্চারণ করে,
টায়ারের সঙ্গে কার তুলনা চলে,
যে টায়ার আজ সলিল সমাধিতে চিরস্তব্ধ।
33যখন তোমার বাণিজ্যের পণ্যসম্ভার যেত দেশ-বিদেশে তখন তুমি
প্রতিটি জাতির প্রয়োজন মিটিয়েছ।
তোমার পণ্যসম্ভারের প্রাচুর্যে নৃপতিরা হয়েছে ঐশ্বর্যবান।
34এখন তুমি বিধ্বস্ত , চূর্ণবিচূর্ণ সমুদ্রবক্ষে,
সাগরের অতল গভীরে তুমি নিমজ্জিত
তোমার সমগ্র পণ্যসম্ভার ও তোমার নাবিকেরা
তোমারই সাথে অদৃশ্য হয়েছে সাগর গর্ভে।
35উপকূলবাসী সকলে তোমার এই দুর্ভাগ্যের আকস্মিক আঘাতে বিমূঢ়, বিচলিত। এমনকি নৃপতিবৃন্দও আতঙ্কে বিহ্বল, তাদের মুখে ভীতির ছাপ সুস্পষ্ট। 36তুমি শেষ হয়ে গেলে চিরতরে! সারা পৃথিবীর মহাজনেরা ভীত,সন্ত্রস্ত এই কথা ভেবে যে তোমার মত দুর্ভাগ্য তাদের জন্যও অপেক্ষা করে আছ।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in