YouVersion Logo
Search Icon

যিহিষ্কেল 26

26
টায়ার
1আমাদের নির্বাসনের একাদশ বৎসরের….মাসের#26:1 মাসের: হিব্রুতে মাসের সংখ্যার উল্লেখ নেই। প্রথম দিনে প্রভু পরমেশ্বর আমাকে বললেন,#যিশা 23:1-18; যোয়েল 3:4-8; আমোস 1:9-10; সখ 9:1-4; মথি 11:21-22; লুক 10:13-14 2হে মর্ত্যমানব, টায়ার নগরীর অধিবাসীরা উল্লাসে মুখর হয়ে উঠেছিল। সোল্লাসে চীৎকার করে বলেছিল, জেরুশালেম বিধ্বস্ত! বিলুপ্ত তার বাণিজ্যশক্তি! আমাদের প্রতিদ্বন্দীরূপে আর কোনদিন সে মাথা তুলে দাঁড়াতে পারবে না।
3অতএব আমি, সর্বাধিপতি প্রভু এবার বলছি, হে টায়ার নগরী, আমি তোমার শত্রু। তোমাকে আক্রমণ করার জন্য আমি নিয়ে আসব বহুতর জাতিকে। তারা আসবে সাগর তরঙ্গের মত। 4তারা ধ্বংস করবে তোমার নগর প্রাকার, ভেঙ্গে ফেলবে সমস্ত মিনার। তারপর আমি ঝেঁটিয়ে ফেলে দেব সমস্ত ধূলারাশি, সেখানে প্রকট হয়ে থাকবে নগ্ন পাষাণ। 5সাগরের কুলে জেগে থাকা সেই পাষাণ খণ্ড হবে জেলেদের জাল মেলে দেবার জায়গা। এ কথা আমি, সর্বাধিপতি প্রভু বলছি। 6সমস্ত জাতির দ্বারা বিধ্বস্ত লুন্ঠিত হবে টায়ার। শহরের ভিতরে যারা থাকবে তারা নিহত হবে আক্রমণকীরাদের অস্ত্রাঘাতে। তখন টায়ার বুঝবে যে আমিই প্রভু পরমেশ্বর।
7সর্বাধিপতি প্রভু বলেন, টায়ার আক্রমণ করার জন্য আমি শ্রেষ্ঠতম রাজাকে—ব্যাবিলনের রাজা নেবুকাডনেজারকে নিয়ে আসব। উত্তর দিক থেকে সে আসবে বিশাল সৈন্যবাহিনী নিয়ে। সঙ্গে থাকবে অসংখ্য রথ ও অশ্ব, থাকবে অশ্বারোহী বাহিনী। 8শহরের মধ্যে যারা থাকবে, তারা যুদ্ধে নিহত হবে। শত্রুরা পরিখা খনন করবে, গড়বে মাটির বুরুজ আর টিলা। আত্মরক্ষার জন্য গড়বে মাটির অবরোধ প্রাচীর। 9প্রাচীর ভাঙ্গার যন্ত্র#26:9 প্রাচীর ভাঙ্গার যন্ত্র: প্রাচীন কালে যুদ্ধের সময় প্রাচীর ভাঙ্গার জন্য লোকে বিরাট বিরাট গাছের গুঁড়ি দিয়ে হাতিয়ার তৈরী করত। দিয়ে তারা তোমার প্রাচীর ভেঙ্গে ফেলবে, লৌহদণ্ড দিয়ে গুঁড়িয়ে দেবে তোমার সমস্ত মিনার। 10তাদের অশ্বক্ষুরের আঘাতে ধূলিমেঘ উঠে ঢেকে ফেলবে তোমাকে। তোমার বিধ্বস্ত নগরীর তোরণদ্বার দিয়ে তাদের অশ্ববাহিনীর শকট ও রথ টেনে নিয়ে যাওয়ার ভীষণ আওয়াজে তোমার দেওয়ালগুলি দুলে উঠবে। 11তাদের অশ্বারোহী সেনাবাহিনী ঝড়ের গতিতে তোমার নগরীর রাস্তায় ছুটে বেড়াবে, হত্যা করবে মানুষকে। তোমার মজবুত স্তম্ভগুলি ভূতলে নিক্ষিপ্ত হবে। 12তোমার শত্রুরা তোমার সঞ্চিত সম্পদরাশি আর বাণিজ্যসম্ভার লুঠ করে নেবে। তারা ভেঙ্গে ফেলবে তোমার নগর প্রাকার ধ্বংস করবে তোমার সৌখীন আবাস। তারা সমস্ত কাঠ, পাথর, মাটি সমুদ্রে ফেলে দেবে। 13তোমার সমস্ত সঙ্গীতের অবসান ঘটাব আমি, থেমে যাবে সব সুরলহরী, আমি স্তব্ধ করে দেব তোমার বীণার ঝঙ্কার।#প্রকা 18:22 14শুধু রেখে যাব এক নগ্ন পাষাণ সেইখানে—যেখানে জেলেরা তাদের জাল শুকাবে। আর কখনও এ নগরী পুনর্নির্মাণ করা হবে না আমি, সর্বাধিপতি প্রভু বলছি এ কথা।
15সর্বাধিপতি প্রভু টায়ার নগরীকে একথাই বলতে চানঃ যখন তুমি পরাজিত হতে থাকবে তখন সমুদ্রের উপকুলবাসী মানুষেরা হত্যালীলার তাণ্ডবে নিহতের বীভৎস আর্তনাদে আতঙ্কগ্রস্ত হবে। 16উপকুলবাসী জাতিবৃন্দের রাজারা নেমে আসবে তাদের সিংহাসন থেকে। খুলে ফেলবে সাজ-পোষাক, খুলে ফেলবে সূচীশিল্প শোভিত অঙ্গাবরণ। কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়বে তারা। তোমার দুর্দশা দেখে তারা এত আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে যে কিছুতেই তাদের কাঁপুনি থামবে না।#প্রকা 18:9-10 17তারা তোমার উদ্দেশে এই শোক গাথাটি গাইবে:
সুপ্রসিদ্ধ নগরী আজ বিধ্বস্ত!
তার বাণিজ্যতরী আজ সাগরের বুকে নেই,
সব কোথায় হয়েছে উধাও,
একদা এ নগরবাসীর অখণ্ড আধিপত্য ছিল,
ছিল দোর্দণ্ড প্রতাপ সমুদ্রের উপরে,
উপকুলবাসী তাদের ভয়ে কাঁপতো।
18এখন তার পতনের দিনে সাগর মেখলা দ্বীপমালা আতঙ্কে বিহ্বল,
এমন ভয়ঙ্কর ধ্বংসলীলা দেখে
তার অধিবাসীরাও ভীত চকিত, অভিভূত!
19সর্বাধিপতি প্রভু বলেন, আমি তোমাকে এমন এক বিধ্বস্ত নির্জন নগরীতে পরিণত করব যেখানে কেউ কোনদিন বাস করে না। আমি তোমাকে মহাসমুদ্রের অতল গভীরে একেবারে তলিয়ে দেব। 20একদা পুরাকালে যে সব মানুষ পৃথিবীতে বসবাস করত, তাদের সঙ্গে মিলিত হতে আমি তোমাকে পাঠাব প্রেতলোকে। সেই পাতালপুরীতে অন্তহীন ধ্বংসলীলার মাঝখানে মৃতজনের সাথে আমি তোমাকে থাকতে বাধ্য করব। এর ফলে তুমি আর কখনও স্বস্থানে জীবিতদের দেশে ফিরে আসতে পারবে না। 21আমি তোমাকে বিভীষিকার দৃষ্টান্তস্বরূপ করব, এ-ই হবে তোমার চরম পরিণতি। লোকে তোমায় খুঁজবে কিন্তু কোন দিন আর তোমাকে খুঁজে পাওয়া যাবে না। সর্বাধিপতি প্রভু একথা বলেছেন।#প্রকা 18:21

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in