যিহিষ্কেল 18
18
কৃতকর্মের ফল
1প্রভু পরমেশ্বর আমাকে বললেন, 2বাপ-মা খেয়েছে টক আঙুর আর দাঁত টকেছে ছেলে-মেয়ের।#18:2 যিরমিয়31:29 ইসরায়েল দেশের মানুষ প্রায়ই এই প্রবাদ ব্যবহার করে থাকে। কিন্তু কেন?
3আমি সদাজাগ্রত ঈশ্বর, একথা যেমন সত্য, তেমনি এও ধ্রুব সত্য যে, এই প্রবাদ ইসরায়েল দেশে আর কেউ ব্যবহার করবে না। 4প্রতিটি মানুষের জীবনের অধিকর্তা আমিই। পিতামাতারা যেমন আমার, তাদের সন্তানেরাও তেমনি আমার। যে পাপ করবে, সে-ই মরবে।
5মনে কর, কোন এক ব্যক্তি প্রকৃতই সৎ, ন্যায়নিষ্ঠ ও ধর্মভীরু। 6সে কখনও ইসরায়েলীদের পূজিত মূর্তির আরাধনা করেনা অথবা নিষিদ্ধ দেবস্থানে উৎসর্গিত বলির মাংস গ্রহণ করেনা। প্রতিবেশীর স্ত্রীকে ভ্রষ্ট করেনা অথবা রজঃস্বলা নারীকে স্পর্শ করে না, 7সে কাউকে প্রতারণা করে না, চুরিও করে না। খাতকের বন্ধকী জিনিস ফেরৎ দেয়। ক্ষুধার্তকে অন্ন দেয়, বস্ত্রহীনকে বস্ত্র দেয়। 8দুষ্কর্ম করে না। সে বিনা সুদে ঋণে দেয়। কলহ-বিবাদে সে সুপরামর্শ দিয়ে সমাধনের পথ দেখিয়ে দেয়। 9এইরকম লোকই আমার আদেশ পালন করে এবং আমার অনুশাসন মেনে চলে।#লেবীয় 18:5
10এবার মনে কর, এই ব্যক্তিরই ছেলে চুরি করে, নরহত্যা করে এবং 11তার বাবা যে সমস্ত কাজ কখনও করেনি, সে সেই সমস্ত কাজই করে। নিষিদ্ধ দেবস্থানে উৎসর্গিত বলির প্রসাদ গ্রহণ করে, প্রতিবেশীর স্ত্রীকে ভ্রষ্ট করে। 12দরিদ্রকে প্রতারণা করে, চুরি করে, বন্ধকী জিনিস আত্মসাৎ করে নেয়। নিষিদ্ধ মন্দিরে যায় ও অলীক মূর্তির পূজা করে, 13সুদের কারবার করে। সে কি পার পাবে? না, কখনও নয়। সে এই সমস্ত গর্হিত কদাচার করেছে, তাকে মরতেই হবে এবং তার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী।
14এবার মনে কর এই দ্বিতীয় লোকটির একটি ছেলে আছে। সে তার বাবার এই সমস্ত পাপাচরণ দেখে কিন্তু তাকে অনুসরণ করে না, 15ইসরায়েলীদের পূজিত মূর্তির পূজা করে না অথবা নিষিদ্ধ মূর্তির কাছে নিবেদিত বলির মাংস খায় না। পরস্ত্রীকে বিপথে নিয়ে যায় না 16অথবা কাউকে নিপীড়ন করেনা বা কারো কিছু অপহরণ করেনা। 17সে অন্যায় পরিহার করে চলে, সে সুদের কারবারও করেনা। সে আমার আদেশ পালন করে ও অনুশাসন মেনে চলে। অতএব তার বাবার পাপের দায় তার উপরে কোন অবস্থাতেই বর্তাবে না। 18কিন্তু তার বাবা সারাজীবন চুরি-জোচ্চুরি, প্রতারণা ও অন্যায়-উৎপীড়ন করে কাটালো এবং তার মৃত্যুও হল। এই মৃত্যুর জন্য সে নিজেই দায়ী।
19এখন প্রশ্ন হলঃ বাবার পাপের দায় ছেলের উপর কেন বর্তাবে না? এর উত্তর: যা কিছু সৎ এবং ন্যায্যা—তার ছেলে তাই-ই করেছে। সে আমার অনুশাসন পালন করেছে এবং নিখুঁতভাবে সেগুলি মেনে চলেছে। এই জন্যই সে বেঁচে যাবে। 20অতএব যে পাপ করবে, তার মৃত্যু অনিবার্য। পিতার পাপে পুত্র বা পুত্রের পাপে পিতার দণ্ড কখনই হবে না। সৎ ব্যক্তি তার সৎকর্মের জন্য পুরস্কৃত হবে এবং অসৎ ব্যক্তি তার অসৎ কর্মের জন্য দণ্ডিত হবে।#দ্বি.বি. 24:16
21যদি কোন অসৎ ব্যক্তি অসৎ কর্ম পরিহার করে, আমার অনুশাসন পালন করে এবং যা কিছু সৎ এবং ন্যায্য, তারই অনুশীলন করে, তাহলে তার মৃত্যু হবে না, সে অবশ্যই বাঁচবে। 22তার সমস্ত পাপ ক্ষমা করা হবে এবং সে জীবন লাভ করবে কারণ সে ন্যায্য কাজই করেছে। 23তোমাদের কাছে সর্বাধিপতি প্রভুর প্রশ্নঃ তোমরা কি ভাবো যে একজন পাপাচারীর মৃত্যুতে আমি আনন্দিত হই? না, তাকে আমি বরং অনুতপ্ত হয়ে জীবনলাভ করতে দেখতে চাই।
24কিন্তু যদি একজন সৎব্যক্তি সৎকর্ম পরিহার করে মন্দ ও জঘন্য অনাচারে লিপ্ত হয়, সে কি জীবনলাভ করবে? না। তার কোন সৎকর্মই এক্ষেত্রে বিবেচনা করা হবে না। তার অবিশ্বস্ততা ও পাপের ফল সে পাবেই তার মৃত্যু হবে।
25কিন্তু তোমরা বল, ‘প্রভু পরমেশ্বর যা করছেন তা ন্যায্যা নয়’। হে ইসরায়েলীবৃন্দ, শোন আমার কথা, তোমরা কি ভাব আমার কর্মপন্থা সঠিক নয়? আমি বলি তোমরাই বরং ন্যায়ের পথে চল না। 26যখন কোন ধর্মনিষ্ঠ ব্যক্তি ন্যায্য কাজে বিরত হয় এবং অন্যায় কাজে লিপ্ত হয়, তখন তার মৃত্যু হয়। তার দুষ্কর্ম তার মৃত্যু ডেকে আনে। 27কোন দুর্জন ব্যক্তি যখন পাপাচরণ ত্যাগ করে সৎ ও ন্যায্য কাজ করে, তখন সে নিজের জীবন রক্ষা করে। 28সে যে কী করছে, সে যখন তা বুঝতে পারে এবং পাপাচরণ পরিত্যাগ করে, তখন সে নিশ্চয়ই বাঁচবে, মরবে না। 29কিন্তু তবুও তোমরা, ইসরায়েলীরা বল যে, ‘প্রভু পরমেশ্বর যা করছেন, তা ন্যায্য নয়’। তোমরা কি ভাব, ন্যায়ের পথে আমি চলি না? তোমরাই বরং সঠিক পথে চল না।
30এখন আমি সর্বাধিপতি প্রভু, তোমাদের বলছি যে, আমি তোমদের প্রত্যেকের কর্ম অনুযায়ী বিচার করব। অতএব যে পাপাচরণ তোমরা করছ, তা বর্জন কর। তোমাদের পাপকে তোমাদের সর্বনাশ ডেকে আনতে দিও না। 31সমস্ত অন্যায় পরিত্যাগ কর। নতুনভাবে সঞ্জীবিত কর তোমাদের হৃদয় মন। হে ইসরায়েলীবৃন্দ, কেন তোমরা মরবে? 32আমি কিন্তু তোমাদের কারও মৃত্যু চাই না। তোমরা পাপের পথ থেকে ফিরে এস এবং বাঁচো।
Currently Selected:
যিহিষ্কেল 18: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.