যিহিষ্কেল 19
19
শোক গাথা
1ইসরায়েলের দুজন রাজার জন্য প্রভু পরমেশ্বর আমাকে এই শোকগাথা গাইতে বললেনঃ
2সিংহদলের মাঝে ধন্য তোমার সিংহ-জননী!
হিংস্র সিংহদলের মাঝে সে পালন করেছে তার শাবককে,
3লালন করেছে তাকে, সযত্নে শিখিয়েছে শিকার করতে!
সে হয়ে উঠেছে নরখাদক।
4সমস্ত জাতি জানল তার কথা, সচকিত হল,
ফাঁদ পেতে ধরল তাকে।
শৃঙ্খলিত করে টেনে নিয়ে গেল মিশরে,
5সিংহজননী তার আশায় পথ চেয়ে রইল।
শেষে ব্যর্থ হয়ে আর একটি শাবককে গড়ে তুলল,
সেও পরিণত হল বলবান এক হিংস্র সিংহে।
6পূর্ণ পরিণত হয়ে সে তখন সিংহ দলের সাথে
মিশতে লাগল সেও শিখল শিকার করতে,
তারপর সেও হয়ে উঠল নরখাদক।
7সে বিধ্বস্ত করতে লাগল নানা দুর্গ,#19:7 প্রাচীন অনুবাদে পাওয়া যায়। হিব্রু অস্পষ্ট।
ধ্বংস করতে লাগল শহর-নগর,
তার ভয়াল গর্জনে সন্ত্রস্ত হয়ে উঠল দেশবাসী।
8জাতিবৃন্দ তার বিরুদ্ধে একত্র হল
সমস্ত দেশ থেকে লোকেরা এগিয়ে এল,
শিকারীরা জাল বিছিয়ে রাখল চারিদিকে,
ফাঁদ পেতে ধরল তাকে।
9তারা তাকে খাঁচায় বন্দী করল
নিয়ে গেল ব্যাবিলনরাজের কাছে।
পাহারা দিয়ে রাখা হল তাকে যাতে ইসরায়েলের পাহাড়-পর্বতে
আর যেন তার গর্জন শোনা না যায়।
10তোমার জননী ছিলেন#19:10 হিব্রুতে একটি অতিরিক্ত শব্দ আছে, যার অর্থ অস্পষ্ট। ঝরণার ধারে রোপিত এক দ্রাক্ষালতার মত,
প্রচুর জল ছিল সেখানে।
তাই সেই দ্রাক্ষালতা ছেয়ে থাকত পাতায় পাতায়,
অজস্র ফলসম্ভারে।
11তার শাখাগুলি ছিল শক্ত, মজবুত,
রাজদণ্ড হওয়ার উপযুক্ত।
দ্রাক্ষালতাটি বাড়তে বাড়তে মেঘচুম্বী হল
সকলে দেখল পত্রাচ্ছাদিত দীর্ঘতম সেই লতাটিকে।
12কিন্তু ক্রুদ্ধ আক্রোশে তাকে উপড়ে ফেলা হল,
ছুঁড়ে ফেলা হল একান্তে।
পূবালী মরু বাতাসে শুকিয়ে গেল তার ফলগুলি।
ভাঙ্গা হল তার ডাল-পালা, শুকিয়ে গেল সব,
আগুন তাকে গ্রাস করল।
13এবার তাকে রোপণ করল ঊষর মরুতে,
জলহীন এক প্রান্তরে।
14সেই গাছের গুঁড়িতে একদিন আগুন লাগল,
পুড়ে গেল তার ডালপালা, পুড়ে গেল ফলমূল।
তার শাখা আর কখনও সুদৃঢ় হবে না,
এ দিয়ে তৈরী হবে না রাজদণ্ড।
এ হল দুঃখের গান—বার বার এ গান গাওয়া হবে।
Currently Selected:
যিহিষ্কেল 19: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.