YouVersion Logo
Search Icon

যিহিষ্কেল 17

17
ঈগল ও দ্রাক্ষালতার রূপক কাহিনী
1প্রভু পরমেশ্বর আমাকে বললেন, 2হে মর্ত্যমানব, ইসরায়েলীদের এই রূপক কাহিনীটি বল। 3তাদের বল যে এ কাহিনী আমি সর্বাধিপতি প্রভুই তাদের বলছি: একটি বিরাট ঈগল পাখি সুন্দর পালকে ঢাকা বিশাল ডানা মেলে দিয়েছে। উড়তে উড়তে সে এল লেবানন পর্বতে। ভেঙ্গে নিয়ে গেল সীডার তরুর চূড়ার শাখা। 4নিয়ে গেল সেটি বণিকের দেশে, কলম করে রোপণ করল এক বণিক-শহরে। 5তারপর ইসরায়েল দেশ থেকে একটি চারাগাছ তুলে এনে এক উর্বরা ভূমিতে রোপণ করে দিল। সেখানে জলের যোগান ছিল অফুরান#17:5 এখানে হিব্রুতে একটি বাড়তি শব্দ আছে। যার অর্থ অস্পষ্ট। 6চারাটি পল্লবিত হল, লতিয়ে লতিয়ে বিছিয়ে গেল অনেক দূর, পরিণত হল দ্রাক্ষাকুঞ্জে। ডালপালাগুলি লতিয়ে উঠল ঈগলের বাসার দিকে, আর তার শিকড়গুলি নামল নীচে, মাটির গভীরে। পল্লবিত লতায়-পাতায় ছেয়ে গেল দ্রাক্ষাকুঞ্জ।
7সেখানে ছিল আর একটি বিরাট ঈগল পাখি, ঘন পালকে ঢাকা তার বিশাল ডানা। এই দ্রাক্ষালতা এবার তার শিকড় ও লতা-পাতা চালাল এই ঈগলের দিকে, যে বাগানে তাকে রোপণ করা হয়েছিল, সেখানকার চেয়ে আরও বেশি জল পাওয়ার আশায়। 8কিন্তু চারাটিকে তো উর্বরা, সজলভূমিতে রোপণ করা হয়েছিল, যাতে সেটি বড় হয়, ছেয়ে যায় লতায়-পাতায়, ভরে ওঠে ফল-সম্ভারে, রূপের মাধুরীতে অপরূপা হয়ে ওঠে।
9তাই আমার প্রশ্নঃ এ দ্রাক্ষালতা কি বাঁচবে? প্রথম ঈগলটা কি তাকে শিকড়শুদ্ধ উপড়ে ফেলবে না, ছিঁড়ে নেবে না ফলগুলি? শেষে কি গাছটা সেখানেই শুকিয়ে যাবে না? এমন কি এটাকে সে কোন দুর্বল লোকও উপড়ে ফেলতে পারবে। 10এটি রোপণ করা হয়েছিল, এ কথা সত্য, কিন্তু পূবালী মরুবায়ু বইলেই তো লতাটি শুকিয়ে যাবে, যেখানে বেড়ে উঠেছিল সেখানেই শুকিয়ে যাবে।
রূপক কাহিনীর ব্যাখ্যা
11প্রভু পরমেশ্বর আমাকে বললেন, 12ঐ দুরাচারীদের জিজ্ঞাসা কর, এই রূপক কাহিনীর অর্থ তারা বোঝে কি? তাদের বল, ব্যাবিলনের রাজা জেরুশালেমে এসে সেখানকার রাজা ও সভাসদদের ব্যাবিলনে নিয়ে গেল।#২ রাজা 24:15-20; ২ বংশা 36:10-13 13রাজপরিবারের একজনকে বেছে নিয়ে তার সঙ্গে সন্ধিচুক্তি করল, তাকে অনুগত হতে শপথবদ্ধ করল। সেখানকার নেতৃবৃন্দকে বন্দী করে নিয়ে গেল। 14যাতে রাজ্যটা দুর্বল হয়ে পড়ে এবং প্রজারা একান্তভাবে তার অনুগত থাকে। 15কিন্তু যিহুদীয়ার রাজা বিদ্রোহ করল। সে মিশর রাজের কাছে দূত পাঠিয়ে বিপুল সংখ্যক সৈন্য ও অশ্ব চেয়ে পাঠাল। কিন্তু সে কি সফল হবে? এমন কাজ করে কি নিস্তার পাবে? এভাবে শপথ ভঙ্গ করে কি শাস্তি থেকে রেহাই পাবে?
16সর্বাধিপতি প্রভু বলেন, আমি সদা জাগ্রত ঈশ্বর, এ কথা যেমন সত্য, তেমনি এও ধ্রুব সত্য যে, সন্ধির চুক্তি ও শপথ ভঙ্গের দায়ে ব্যাবিলনেই তাকে মরতে হবে। কারণ এই ব্যাবিলনের রাজাই তাকে সিংহাসনে বসিয়েছিল। 17যুদ্ধকালে ব্যাবিলনবাসীর অবরোধ পেরিয়ে সর্বাত্মক ধ্বংসের হাত থেকে পরাক্রান্ত মিশর রাজের বিশাল সৈন্যবাহিনীও তাদের রক্ষা করতে পারবে না। 18কারণ সে তার শপথ ভঙ্গ করেছিল। এই শপথ ভঙ্গের দায় সে কিছুতেই এড়াতে পারবে না।
19সর্বাধিপতি প্রভু বলেন, আমি সদাজাগ্রত ঈশ্বর, একথা যেমন সত্য, তেমনি এও ধ্রুব সত্য যে, আমার নাম উচ্চারিত শপথ ভঙ্গের অপরাধে আমি তাকে শাস্তি দেব। 20শিকারীর মত জাল ফেলে আমি তাকে ধরব, নিয়ে যাব ব্যাবিলনে, সেখানে আমি শাস্তি দেব তাকে। কারণ সে আমার কাছে অবিশ্বস্ত হয়েছে। 21তার কুশলী নিপুণ যোদ্ধারা যুদ্ধে নিহত হবে এবং যারা বেঁচে যাবে, তারা চারিদিকে ছড়িয়ে পড়বে। তখনই সে বুঝবে যে, আমিই প্রভু পরমেশ্বর।
ঈশ্বরের প্রতিশ্রুতি
22সর্বাধিপতি প্রভু এই কথা বলেনঃ
সীডার বৃক্ষের চূড়া থেকে
আমি ভেঙ্গে নেব একটি নবীন শাখা,
ইসরায়েলের সর্বোচ্চ পর্বত শিখরে
রোপণ করব তাকে।
23সে শাখা পল্লবিত হবে শাখা-প্রশাখায়,
ঘন শাখা-পল্লবে অপরূপ হয়ে উঠবে,
পরিণত হবে বিশাল মহীরুহে।
তার ছায়াঘন শাখায় এসে নীড় বাঁধবে পক্ষীকুল।
24বনভূমির বৃক্ষরাজি জানবে যে আমি প্রভু পরমেশ্বর।
আমিই বনস্পতিরাজিকে ছেদন করেছি,
খর্ব করেছি তাকে, ক্ষুদ্রকে করেছি উন্নত,
শ্যামল বনানী শুষ্ক করেছি, সতেজ করেছি শুষ্ককে।
-আমি প্রভু পরমেশ্বর বলছি: —আমি যা বলেছি তা করবই।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in