দ্বিতীয় বিবরণ 9
9
ইসরায়েলীদের বিক্ষোভ ও অবাধ্যতার বিবরণ
1হে ইসরায়েলকুল শোন, তোমরা আজ জর্ডন পার হয়ে তোমাদের চেয়ে বৃহৎ ও শক্তিমান জাতিসমূহের দেশ ও আকাশ ছোঁয়া প্রাচীরে ঘেরা সুবৃহৎ নগর সমূহ অধিকার করতে চলেছে। 2তারা বহুসংখ্যক ও দীর্ঘকায় দৈত্যদের#9:2 হিব্রু: অনাকীদের সন্তান। বংশধর। তোমরা তাদের জান, এবং তাদের সম্পর্কে এই প্রবাদ শুনেছ, ‘দৈত্যদের মুখোমুখি কে দাঁড়াতে পারে?’—; 3কিন্তু আজ তোমরা জেনে রাখ যে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর স্বয়ং সর্বগ্রাসী অগ্নিস্বরূপ তোমাদের পুরোভাগে যাচ্ছেন। তিনিই তাদের সংহার করবেন ও তোমাদের অধীন করবেন এবং তোমাদের কাছে প্রভু পরমেশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী তোমরা তাদের বিতাড়িত করে অচিরেই ধ্বংস করতে পারবে।
4তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সম্মুখ থেকে তাদের বিতাড়িত করার পর তোমরা একথা ভেবো না যে, তোমাদেরই পুণ্যের ফলে প্রভু এই দেশের অধিকার তোমাদের দিয়েছেন। প্রকৃত পক্ষে ঐ জাতিগুলির দুষ্কৃতির জন্যই প্রভু তোমাদের সম্মুখে তাদের বিতাড়িত করছেন, 5তোমাদের কোন পুণ্য বা আন্তরিক সততার জন্য সেই দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ, তা নয়, ঐ সব জাতির দুষ্কৃতির শাস্তি স্বরূপ এবং তোমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইস্হাক ও যাকোবের কাছে প্রভু পরমেশ্বরের দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করার জন্যই তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সম্মুখে ঐ জাতিসমূহকে বিতাড়িত করছেন।
6সুতরাং তোমরা জেনে রাখ যে তোমাদের নিজস্ব কোন ধার্মিকতার জন্য তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই সুসমৃদ্ধ দেশের অধিকার তোমাদের দিচ্ছেন তা নয়, কারণ তোমরা অত্যন্ত অবাধ্য এক জাতি। 7প্রান্তরে তোমরা যে ভাবে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ক্রুদ্ধ করে তুলেছিলে, সে কথা তোমরা মনে রেখ, ভুএলে যেও না। মিশর থেকে তোমরা যেদিন বেরিয়ে এসেছিলে সেই দিন থেকে শুরু করে এখানে পৌঁছানো অবধি তোমরা ক্রমাগত প্রভুর বিরুদ্ধাচরণ করে এসেছ। 8হোরেব পর্বতেও তোমরা তাঁকে ক্রুদ্ধ করেছিলে। প্রভু তোমাদের প্রতি ক্রুদ্ধ হয়ে তোমাদের সংহার করতে উদ্যত হয়েছিলেন। 9তোমাদের সঙ্গে তাঁর সম্বন্ধের যে শর্ত প্রস্তরফলক দুটিতে উৎকীর্ণ হয়েছিল সেই ফলক দুটি গ্রহণ করার জন্য আমি সেই পাহাড়ে উঠে গিয়েছিলাম এবং চল্লিশ দিন ও রাত্রি অন্নজল গ্রহণ না করেই সেখানে ছিলাম।#যাত্রা 24:18 10প্রভু পরমেশ্বর আমাকে তাঁর অঙ্গুল দিয়ে লেখা সেই পাষাণফলক দুটি দিলেন। পর্বতে তোমরা যে দিন সমবেত হয়েছিলে সেইদিন অগ্নিশিখার মধ্য থেকে প্রভু পরমেশ্বর তোমাদের যে সব কথা বলেছিলেন সেই সব কথাই লেখা ছিল ঐ পাষাণফলক দুটিতে। 11সেই চল্লিশ দিন ও রাত্রির শেষে প্রভু সেই পাষাণফলক দুটি আমাকে দিলেন। 12প্রভু পরমেশ্বর তখন আমাকে বললেন, ওঠ, শীঘ্র এখান থেকে চলে যাও। তোমার লোকজন, যাদের তুমি মিশর থেকে বার করে এনেছ, তারা ভ্রষ্ট হয়েছে, আমার নির্দেশিত পথ ছেড়ে তারা অতি অল্প সময়ের মধ্যে বিপথগামী হয়েছে। তারা ছাঁচে ঢালাই করে একটা প্রতিমা নির্মাণ করেছে।
13প্রভু পরমেশ্বর আমাকে আরও বললেন, আমি দেখেছি, এই লোকেরা অত্যন্ত অবাধ্য জাতি। 14তুমি আমার কাছ থেকে সরে যাও, আমি এদের সংহার করে পৃথিবীর বুক থেকে এদের নাম বিলুপ্ত করে দেব এবং এদের চেয়ে বৃহৎ ও শক্তিমান এক জাতির জনক করব তোমাকে।
15তখন আমি পাহাড় থেকে নেমে এলাম, পাহাড়ে তখনও আগুন জ্বলছিল। আমার দুই হাতে ছিল প্রভু পরমেশ্বরের সঙ্গে সম্বন্ধের শর্ত সম্বলিত পাষাণফলক দুটি। 16আমি চেয়ে দেখলাম, তোমরা ইতিমধ্যেই তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করেছ, নিজেদের জন্য ছাঁচে ঢালাই করে একটি গোবৎসের মূর্তি তৈরী করে প্রভুর নির্দেশিত পথ ছেড়ে বিপথে গিয়েছ। 17এই অবস্থা দেখে আমি দুহাতের পাষাণফলক দুটি তোমাদের দিকে ছুঁড়ে ফেললাম, সে দুটি ভেঙ্গে গেল। 18প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে গর্হিত কাজ করে যে পাপ তোমরা করেছিলে এবং প্রভু পরমেশ্বরকে ক্রুদ্ধ করে তুলেছিলে, তোমাদের সেই পাপের জন্য আগের মতই চল্লিশ দিন ও রাত প্রভুর কাছে আমি উবুড় হয়ে পড়ে রইলাম, অন্নজল কিছুই গ্রহণ করলাম না, 19কারণ প্রভু পরমেশ্বর ক্রুদ্ধ হয়ে তোমাদের সংহার করতে উদ্যত হওয়ায় তাঁর ক্রোধের প্রচণ্ডতা দেখে আমি ভীত হয়েছিলাম। প্রভু পরমেশ্বর সেবারও আমার বিনতি শুনলেন।#হিব্রু 12:21 20তিনি হারোণের উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকেও সংহার করতে উদ্যত হয়েছিলেন, কিন্তু আমি সেই সময় হারোণের জন্যও বিনতি করেছিলাম। 21আর তোমাদের পাপ-কীর্তি, তোমাদের তৈরী সেই গোবৎসের মূর্তিটি নিয়ে আমি আগুনে পুড়িয়ে ফেললাম, এবং সেটা চূর্ণ করে সূক্ষ্ম ধূলিকণার মত করে ফেললাম, তারপর পাহাড় থেকে নির্গত জলস্রোতে নিক্ষেপ করলাম সেই ধূলিকণা।
22তোমরা তখন তাবেরা, মাসাহ্ ও কিব্রোথ-হত্তাবাতে প্রভু পরমেশ্বরের বিরক্তি উৎপাদন করেছিলে।#গণনা 11:3,34; যাত্রা 17:7 23পরপর কাদেশ-বার্ণিয়া থেকে প্রভু যখন তোমাদের পাঠিয়ে বললেন, ‘তোমরা এগিয়ে যাও, আমি যে দেশ তোমাদের দিয়েছি তা অধিকার কর’। তখনও তোমরা তোমাদের আরাধ্য প্রভু পরমেশ্বরের আদেশ অমান্য করলে, তাঁকে বিশ্বাস করলে না ও তাঁর কথায় কর্ণপাত করলে না।#গণনা 13:25; দ্বি.বি. 1:21-26; হিব্রু 3:16 24তোমাদের সঙ্গে আমার পরিচয় হওয়ার দিন থেকেই দেখেছি তোমরা প্রভুর বিরুদ্ধাচরণ করে চলেছ।
25চল্লিশ দিন ও রাত আমি প্রভু পরমেশ্বরের সাক্ষাতে উবুড় হয়ে পড়ে রইলাম, কারণ তিনি বলেছিলেন যে তিনি তোমাদের সংহার করবেন। 26আমি প্রভু পরমেশ্বরের কাছে বিনতি করে বললাম, হে আমার ঈশ্বর, আমার প্রভু, তুমি নিজ মাহাত্ম্য ও পরাক্রমে তোমার নিজস্ব যে প্রজাদের মিশর থেকে উদ্ধার করে এনেছ, তাদের ধ্বংস করো না। 27তোমার দাস অব্রাহাম, ইস্হাক ও যাকোবের কথা স্মরণ কর। এই লোকদের উদ্ধত স্বভাব, খলতা ও পাপ তুমি গণ্য করো না। 28তুমি যে দেশ থেকে আমাদের উদ্ধার করে এনেছ, সেই দেশের লোকেরা তাহলে বলবে, প্রভু পরমেশ্বর যে দেশ ওদের দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই দেশে তিনি ওদের নিয়ে যেতে পারলেন না, তিনি ওদের ঘৃণা করেন তাই প্রান্তরে এনে সংহার করার জন্যই ওদের বার করে এনেছেন।
29এরা তোমারই প্রজা, তোমারই অধীন এরা। নিজ মহাপরাক্রমে বাহু বিস্তার করে স্বয়ং তুমিই এদের উদ্ধার করে এনেছ।
Currently Selected:
দ্বিতীয় বিবরণ 9: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.