দ্বিতীয় বিবরণ 8
8
ইসরায়েলীদের প্রতি ঈশ্বরের করুণা
1আজ আমি তোমাদের যে সব নির্দেশ দিচ্ছি, তোমরা সযত্নে সব পালন করবে তাহলে তোমরা জীবন পাবে এবং বৃদ্ধিলাভ করবে আর প্রভু পরমেশ্বর তোমাদের পিতৃপুরুষদের যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই দেশে গিয়ে তোমরা দেশ অধিকার করতে পারবে। 2তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই চল্লিশ বছর ধরে তোমাদের নত নম্র করার জন্য এবং তাঁর আদেশ পালন সম্পর্কে তোমাদের মনোভাব যাচাই করে দেখার জন্য প্রান্তরে যে সব পথে তোমাদের পরিচালনা করেছেন, সেই পথের কথা তোমরা স্মরণে রাখবে। 3তিনি তোমাদের অবনত করেছেন, ক্ষুধার্ত করেছেন, তারপর তোমাদের মান্না ভোজন করিয়েছেন, যার কথা তোমরা কিম্বা তোমাদের পিতৃপুরুষেরা আগে কখনও জানতে না, এই উদ্দেশ্যে যে তোমরা যেন জানতে পার যে মানুষ কেবল রুটিতে বাঁচে না, প্রভু পরমেশ্বরও মুখনিঃসৃত প্রতিটি বাক্যেই মানুষের জীবন বিধৃত।#মথি 4:4; লুক 4:4 4এই চল্লিশ বছর তোমাদের বস্ত্র জীর্ণ হয় নি, চরণ স্ফীত হয় নি। 5তাহলে বিবেচনা করে দেখ, লোকে যেমন পুত্রকে শাসন করে, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরও তেমনি তোমাদের শাসন করেন। 6তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভুর নির্দেশগুলি পালন করবে, তাঁর প্রদর্শিত পথে চলবে এবং তাঁকে সম্ভ্রম করবে। 7কারণ তিনি তোমাদের উত্তম এক দেশে নিয়ে যাচ্ছেন। সেই দেশের উপত্যকা ও পাহাড়ের বুকে নদী, ঝর্ণা বয়ে চলেছে। উৎসারিত হচ্ছে প্রস্রবণ। 8সেখানে গম, যব, আঙুরলতা, ডুমুর গাছ, ডালিম, জলপাইগাছ ও মধু উৎপন্ন হয়, 9সেই দেশে তোমাদের কখনও অন্নকষ্ট বা কোন জিনিষের অভাব হবে না। সে দেশের পাথরে লোহা আছে, সেখানকার পাহাড় থেকে তোমরা তামা সংগ্রহ করতে পারবে। 10তোমরা আহারে পরিতৃপ্ত হবে এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সেই উৎকৃষ্ট দেশ তোমাদের দিয়েছেন বলে তোমরা তাঁর স্তুতি করবে।
11সাবধান, তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভুলে যেও না, তাঁর যে সমস্ত নির্দেশ, অনুশাসন ও বিধি আজ আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, সেগুলি তোমরা অমান্য করবে না।#হোশেয় 13:5-6 12তোমরা যখন আহারে পরিতৃপ্ত হবে, সুন্দর ঘরবাড়ি তৈরী করে বসবাস করবে, 13তোমাদের গো-মেষাদির পাল ও সোনা রূপোর সম্পদ বৃদ্ধি লাভ করবে, সকল দিকেই তোমরা যখন সমৃদ্ধিশালী হয়ে উঠবে, 14তখন যেন তোমাদের হৃদয় গর্বিত না হয় এবং তোমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বর যিনি তোমাদের মিশরের দাসত্বের আগার থেকে উদ্ধার করে এনেছেন, তাঁকে যেন ভুলে না যাও। 15তিনি তোমাদের সেই ভয়ঙ্কর বিশাল প্রান্তরের মধ্য দিয়ে, বিষধর সর্প ও বৃশ্চিকে পরিপূর্ণ জলহীন মরুপ্রান্তরের মধ্য দিয়ে তোমাদের পরিচালনা করেছেন, তিনি সুকঠিন পর্বতগাত্র থেকে তোমাদের জন্য জলস্রোত নির্গত করেছেন। 16তোমাদের পূর্বপুরুষেরা যা কখনও দেখে নি, সেই মান্না দিয়ে তিনি প্রান্তরে তোমাদের প্রতিপালন করেছেন। পরিশেষে তোমাদের কল্যাণের জন্যই তিনি তোমাদের অবনত ও পরীক্ষা করেছেন। 17মনে মনে তোমরা একথা কখনও বলো না যে, আমাদেরই ক্ষমতা ও বাহুবলে আমরা এই সব সম্পদ লাভ করেছি। 18তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে তোমরা স্মরণে রাখবে কেননা তিনি তোমাদের পিতৃপুরুষদের কাছে শপথ করে যে সম্বন্ধ করেছিলেন তা এখন সুপ্রতিষ্ঠিত করার জন্যই তোমাদের সম্পদ অর্জনের ক্ষমতা তিনি দিয়েছেন। 19যদি তোমরা তাঁকে ভুলে গিয়ে অন্যান্য দেবতাদের অনুগামী হও, তাদের ভজনা কর ও তাদের কাছে প্রণিপাত কর, তাহলে আজ আমি তোমাদের সাবধান করে দিয়ে বলছি যে তোমরা নিশ্চয়ই ধ্বংস হয়ে যাবে। 20তোমরা যদি তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কথায় কর্ণপাত না কর তাহলে তোমাদের সাক্ষাতে তিনি যে সব জাতিকে ধ্বংস করেছেন ঠিক তেমনিভাবে তিনি তোমাদেরও ধ্বংস করবেন।
Currently Selected:
দ্বিতীয় বিবরণ 8: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.