দ্বিতীয় বিবরণ 11
11
1তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে তোমরা ভালবাসবে এবং তিনি যে দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ তাঁর বিধি, অনুশাসন ও নির্দেশসমূহ সর্বদা পালন করবে। 2এ সবই আজ তোমরা তোমাদের অভিজ্ঞতা দিয়ে জেনেছ। তোমাদের সন্তানদের এ অভিজ্ঞতা নেই কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সম্পর্কে তারা কিছু জানে না। কিন্তু তোমরা তাঁর মাহাত্ম্য, পরাক্রম ও অলৌকিক ক্ষমতার কথা জান। 3মিশররাজ ফারাও ও তাঁর রাজ্যের বিরুদ্ধে তিনি যে সব অলৌকিক কাজ করেছিলেন সবই তোমরা দেখেছ।#যাত্রা 7:8—12:13 4মিশরী সেনাবাহিনী, অশ্ব ও রথের যে দুর্দশা তিনি করেছিলেন, তারা যখন তোমাদের পিছনে তাড়া করেছিল তখন তিনি যে ভাবে লোহিত সাগরের জল তাদের উপরদিয়ে প্রবাহিত করেছিলেন সবই তোমরা দেখেছ। এইভাবে প্রভু পরমেশ্বর তাদের ধ্বংস করছিলেন এবং আজও তারা সেই অবস্থায় আছে।#যাত্রা 14:28 5প্রান্তরের মধ্য দিয়ে এখানে পৌঁছানো পর্যন্ত তিনি তোমাদের জন্য যা করেছেন তাও তোমরা জান। 6রূবেণের পুত্র ইলিয়াবের সন্তান দাথন ও অবিরামের কি দশা তিনি করেছিলেন তা-ও তোমরা জান-সমগ্র ইসরায়েলী জনতার সাক্ষাতে পৃথিবী মুখ গহ্বর বিস্তার করে আত্মীয় পরিজন, ধন সম্পদ, তাঁবু সমেত তাদের সকলকে গ্রাস করেছিল।#গণনা 16:31-32 7তোমরা স্বচক্ষে প্রভু পরমেশ্বরের এই সমস্ত মহৎ কীর্তি দেখেছ।
প্রতিশ্রুত দেশে সমৃদ্ধির আশ্বাস
8সুতরাং আজ আমি তোমাদের যে সব নির্দেশ দিচ্ছি, সব তোমরা পালন করবে, তাহলে তোমরা শক্তিমান হবে এবং নদী পার হয়ে যে দেশে তোমরা যাচ্ছ সেই দেশ অধিকার করতে পারবে। 9প্রভু তোমাদের পিতৃপুরুষদের ও তাদের বংশধরদের যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুজলা-সুফলা সেই দেশে দীর্ঘকাল বাস করতে পারবে। 10তোমরা যে দেশে যাচ্ছ সেই দেশ মিশরের মত নয়, যেখান থেকে তোমরা বেরিয়ে এসেছ। সেখানকার মাটিতে বীজ বপন করার পর তোমাদের কঠোর পরিশ্রমে জল সেচন করতে হত। 11কিন্তু তোমরা যে দেশ অধিকার করতে যাচ্ছ, পর্বত ও উপত্যকায় সমৃদ্ধ সেই দেশ আকাশের বৃষ্টি ধারায় সিঞ্চিত। 12তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সেই দেশের তত্ত্বাবধান করেন, বছরের প্রথম থেকে শেষ অবধি সর্বদা তার উপরে দৃষ্টি রাখেন।
13আমি আজ তোমাদের যে সব নির্দেশ দিলাম তা যদি সযত্নে পালন কর, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভালবাস, তোমাদের হৃদয়, মন ও প্রাণ দিয়ে তাঁর সেবা কর,#লেবীয় 26:3-5; দ্বি.বি. 7:12-16; 28:1-14 14তাহলে তিনি যথাসময়ে তোমাদের দেশে শরৎ ও বসন্ত ঋতুতে বৃষ্টি বর্ষণ করবেন আর তার ফলে তোমরা তোমাদের শস্য, দ্রাক্ষারস ও তেল সংগ্রহ করতে পারবে। 15তোমাদের পশুপালের জন্য তিনি চারণভূমিতে তৃণ উৎপন্ন করবেন এবং তোমরা খাদ্যে পরিতৃপ্ত হবে। 16কিন্তু সাবধান তোমাদের চিত্ত যেন বিভ্রান্ত না হয় এবং তোমরা যেন বিপথে গিয়ে অন্য দেবতাদের সেবা ও আরাধনা না কর, 17তাহলে তোমাদের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের কোপানল প্রজ্বলিত হবে এবং তিনি আকাশ রুদ্ধ করে দেবেন, ফলে বৃষ্টি হবে না, তোমাদের ক্ষেতে ফসল উৎপন্ন হবে না এবং প্রভু যে দেশ তোমাদের দিয়েছেন সেই সমৃদ্ধ দেশ থেকে তোমরা অচিরেই উৎখাত হয়ে যাবে।
18সুতরাং তোমরা আমার এই সব কথা অন্তরে সঞ্চয় করে রেখ। এগুলির স্মারক চিহ্ন তোমরা হাতে বেঁধে রাখবে এবং ভূষণ স্বরূপ দুচোখের মধ্যস্থলে ললাটে ধারণ করবে। 19তোমাদের সন্তানদের সেগুলি শিখাবে, আর তোমরা যখন ঘরে থাকবে, পথে চলবে, শয়ন করবে বা শয্যাত্যাগ করবে-সব সময়েই ঐগুলি আলোচনা করবে। 20তোমাদের ঘরের দরজায় ও বাড়ির প্রবেশ পথে সেগুলি লিখে রাখবে।#দ্বি.বি. 6:6-9 21তাহলে প্রভু পরমেশ্বর তোমাদের পিতৃপুরুষদের যে দেশ দেওয়ার প্রতিশ্রুত দিয়েছিলেন সেই দেশে তোমরা ও তোমাদের সন্তান সন্ততিরা দীর্ঘজীবন লাভ করবে এবং পৃথিবীর উপরে আকাশ যতদিন থাকবে ততদিন তোমরা সেই দেশে বসবাস করতে পারবে।
22যে সব নির্দেশ আমি তোমাদের দিলাম তা যদি তোমরা সযত্নে পালন কর, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভালবাস, তাঁর নির্দেশিত পথে চল ও তাঁরই প্রতি তোমাদের অনুরাগ থাকে, 23তাহলে প্রভু পরমেশ্বর তোমাদের সম্মুখ থেকে এই সমস্ত জাতিকে বিতাড়িত করবেন এবং তোমরা তোমাদের চেয়ে বৃহৎ ও শক্তিমান জাতিসমূহের দেশ অধিকার করতে পারবে। 24যে সব দেশে তোমরা পদার্পণ করবে সেগুলি হবে তোমাদের। তোমাদের সীমানা হবে মরুপ্রান্তর থেকে লেবানন এবং ইউফ্রেটিস নদী থেকে পশ্চিমের সমুদ্র পর্যন্ত বিস্তৃত।#যিহো 1:3-5 25তোমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না, যে দেশে তোমরা পদার্পণ করবে, প্রভু পরমেশ্বর তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী সেই দেশের সর্বত্র তোমাদের সম্পর্কে ভীতি ও ত্রাসের সঞ্চার করবেন।
26দেখ, আজ আমি তোমাদের সামনে আশীর্বাদ ও অভিশাপ দুই-ই রাখলাম। 27আজ আমি যে সব নির্দেশ তোমাদের জানিয়ে দিলাম, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সেই সমস্ত নির্দেশ যদি তোমরা পালন কর, তাহলে আশীর্বাদ লাভ করবে। 28আর যদি তোমরা তাঁর নির্দেশ অমান্য কর এবং আজ আমি যে পথে চলার নির্দেশ তোমাদের দিলাম সেই পথ পরিত্যাগ করে যদি তোমাদের অজ্ঞাত অন্যান্য দেবতাদের অনুগামী হও, তাহলে তোমরা হবে অভিশপ্ত।
29যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ, সেই দেশে প্রভু পরমেশ্বর যখন তোমাদের নিয়ে যাবেন তখন তোমরা গেরিষীম পর্বতে আশীর্বাণী এবং এবাল পর্বতে অভিশাপ বাণী উচ্চারণ করবে।#দ্বি.বি. 27:11-14; যিহো 8:33-35 30এই দুটি পর্বত জর্ডনের ওপারে পশ্চিম দিকে আরাবা উপত্যকা নিবাসী কনানীদের দেশ গিল্গলের সম্মুখে মোরির ওক বনের কাছে অবস্থিত। 31তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে দেশ দেবেন, জর্ডন পার হয়ে সেই দেশে তোমাদের যেতে হবে।সেই দেশ অধিকার করে তোমরা সেখানে বসবাস করবে, 32এবং আজ আমি তোমাদের সাক্ষাতে যে সব বিধি ও অনুশাসন প্রবর্তন করলাম, সেগুলি অবশ্যই সযত্নে পালন করবে।
Currently Selected:
দ্বিতীয় বিবরণ 11: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.