দ্বিতীয় বিবরণ 12
12
উপাসনার জন্য ঈশ্বরের মনোনীত স্থান
1তোমাদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশের অধিকার তোমাদের দিয়েছেন সেই দেশে গিয়ে তোমরা আজীবন এই সব বিধি ও অনুশাসন সযত্নে পালন করবে:
2যে সব জাতিকে তোমরা অধিকারচ্যুত করবে, পর্বতের শিখরে, টিলার উপরে এবং পত্রশোভিত বৃক্ষের নীচে তাদের দেবতাদের যে সব পীঠস্থান রয়েছে, সেগুলি তোমরা নিঃশেষে ধ্বংস করবে। 3তোমরা তাদের যজ্ঞবেদীগুলি উৎখাত করবে, শিলাস্তম্ভগুলি ভেঙ্গে ফেলবে আশেরা বিগ্রহগুলি আগুনে পুড়িয়ে ফেলবে, তাদের খোদাই করা দেবমূর্তিগুলি চূর্ণবিচূর্ণ করবে এবং সেই স্থান থেকে তাদের নাম লোপ করে দেব।#দ্বি.বি. 7:5
4তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপাসনায় তোমরা তাদের প্রথা অনুসরণ করবে না। 5তোমাদের সমস্ত গোষ্ঠীর এলাকার মধ্যে যে স্থান তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য মনোনীত করবেন, সেই পীঠস্থানেই তোমরা উপস্থিত হয়ে তাঁর আরাধনা করবে। 6সেখানেই তোমরা তোমাদের হোম-নৈবেদ্য, বলি, সম্পদের দশমাংশ, আরতি সহকারে নিবেদনের অর্ঘ্য, মানতের নৈবেদ্য, স্বেচ্ছাপ্রদত্ত অর্ঘ্য এবং গো মেষাদি প্রথম জাত শাবকগুলি নিয়ে যাবে। 7সেখানে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সাক্ষাতে তোমরা তোমাদের শ্রমলব্ধ আহার গ্রহণ করবে এবং তোমাদের সঙ্কল্প অনুযায়ী তোমাদের সকল কর্মে প্রভুর আশীর্বাদ লাভের জন্য সেখানেই তোমরা সপরিবারে আনন্দোৎসব করবে।
8এখানে আজ আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী উপাসনা অনুষ্ঠান করছি, কিন্তু এরপর থেকে তোমরা সেরকম করবে না, 9কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে বিশ্রামের স্থান ও উত্তরাধিকার দেবেন সেখানে এখনও তোমরা উপস্থিত হও নি। 10তোমরা যখন জর্ডন পার হয়ে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের দেওয়া দেশ অধিকার করে সেখানে বসবাস করবে, যখন তিনি তোমাদের চারিপাশের শত্রুদের কবল থেকে তোমাদের নিরাপত্তা দান করবেন এবং তোমরা শান্তিতে সেখানে বাস করবে, 11তখন তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য যে স্থান মনোনীত করবেন সেই স্থানে তোমরা আমার নির্দেশিত সমস্ত হোম-নৈবেদ্য, বলি, সম্পদের দশমাংশ, আরতি সহকারে নিবেদনের অর্ঘ্য এবং প্রভুর কাছে মানত করা সমস্ত উৎকৃষ্ট দ্রব্য নিয়ে যাবে। 12তোমাদের পুত্র, কন্যা, দাসদাসী এবং তোমাদের নগর নিবাসী লেবীয়, তোমাদের সম্পত্তিতে যাদের কোন অংশ বা অধিকার নেই, তাদের সকলকে নিয়ে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে আনন্দোৎসব করবে। 13সাবধান, অন্য কোন স্থানে তোমরা হোমবলি উৎসর্গ করবে না, 14তোমাদের কোন গোষ্ঠীর এলাকাভূক্ত যে স্থান প্রভু মনোনীত করবেন কেবলমাত্র সেই স্থানই তোমরা হোমবলি উৎসর্গ করবে এবং আমার নির্দেশিত সকল ক্রিয়াকর্ম সম্পাদন করবে।
15ইচ্ছা হলে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আশীর্বাদ অনুযায়ী তোমরা নিজেদের নগরে পশু বধ করে তার মাংস খেতে পারবে। সংস্কার অনুযায়ী অশুচি কিংবা শুচি সকলেই কৃষ্ণসার বা মৃগমাংসের মত সেই মাংস খেতে পারবে। 16কিন্তু তার রক্ত তোমরা খাদ্য রূপে গ্রহণ করবে না, সেই রক্ত জলের মত মাটিতে ঢেলে দেবে।#আদি 9:4; লেবীয় 7:26-27; 17:10-14; 19:26; দ্বি.বি. 15:23
17তোমাদের শস্য, দ্রাক্ষারস, ও তেলের দশমাংশ, গো-মেষাদির প্রথম শাবক, মানতের বস্তু, স্বেচ্ছাদত্ত নৈবেদ্য, আরতি সহকারে নিবেদনের অর্ঘ্য-এইগুলি তোমরা নিজেদের নগরে বসে ভোজন করতে পারবে না। 18কিন্তু তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে স্থান মনোনীত করবেন সেখানে তাঁর সাক্ষাতে তোমরা পুত্র, কন্যা, দাসদাসী এবং তোমাদের নগর নিবসী লেবীয়দের সঙ্গে সকলে মিলে ভোজন করবে, এবং তোমাদের সকল কর্ম প্রচেষ্টার জন্য প্রভুর সাক্ষাতে আনন্দ করবে। 19মনে রেখ, সেই দেশে তোমাদের জীবনকালে কখনও লেবীয়দের পরিত্যাগ করবে না।
20তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যখন তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী তোমাদের অধিকৃত অঞ্চলের সীমানা বিস্তৃত করবেন, তখন তোমাদের ইচ্ছা হলেই তোমরা মাংস খেতে পারবে। 21তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য যে স্থান মনোনীত করবেন সেই স্থান যদি তোমাদের কাছ থেকে অনেক দূরে হয় তা হলে আমি যেভাবে বলেছি সেই ভাবে তোমরা প্রভু তোমাদের যে গো-মেষাদির পাল দিয়েছেন তা থেকে পশু নিয়ে বধ করবে ও নিজেদের নগরে বসে ইচ্ছামত তার মাংস খাবে। 22কৃষ্ণসার ও হরিণের মাংস যেভাবে তোমরা খেতে সেই ভাবেই ঐ মাংস খাবে। সংস্কার অনুযায়ী অশুচি ও শুচি, সকলেই তা খেতে পারবে। 23কিন্তু তোমরা কোনক্রমেই রক্ত ভোজন করবে না, কারণ রক্তই প্রাণ। তোমরা মাংসের সঙ্গে প্রাণস্বরূপ রক্ত ভোজন করবে না।#লেবীয় 17:10-14 24সেই রক্ত জলের মত মাটিতে ঢেলে ফেলবে। 25এই আদেশ পালন করলে প্রভু পরমেশ্বর তোমাদের প্রতি প্রসন্ন হবেন এবং তোমাদের, তোমাদের সন্তানদের ও ভাবী বংশধরদের কল্যাণ হবে। 26প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত সমস্ত বস্তু এবং মানতের সমস্ত দ্রব্য নিয়ে তোমরা প্রভু পরমেশ্বরের মনোনীত স্থানে যাবে। 27তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বেদীর উপরে তোমাদের হোমবলি, মাংস ও রক্ত উৎসর্গ করবে। বলির রক্ত তোমরা আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বেদীর উপরে ঢেলে দেবে, পরে তোমরা তার মাংস খেতে পারবে। 28তোমরা খুব সাবধানে আমার এই সমস্ত নির্দেশ ও বিধি পালন করবে, তা হবে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে উত্তম ও ন্যায্য এবং এইভাবে চললে তোমাদের ও তোমাদের বংশধরদের যুগপর্যায়ে কল্যাণ হবে।
অলীক প্রতিমা পূজা সম্পর্কে সতর্কবাণী
29তোমরা যে জাতি সমূহকে অধিকারচ্যুত করতে যাচ্ছ, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যখন তোমাদের সম্মুখ থেকে তাদের উচ্ছেদ করবেন এবং তোমরা যখন তাদের অধিকারচ্যুত করে তাদের দেশে বসতি করবে, 30তখন তোমরা খুব সাবধানে থাকবে, অন্যথায় তোমাদের সম্মুখ থেকে তারা উচ্ছিন্ন হওয়ার পর তোমরাও তাদের অনুসরণ করে ফাঁদে পড়বে। তাদের পূজা পদ্ধতি জেনে তাদেরই মত তোমরাও দেবতাদের উপাসনা করবে। 31তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে কখনও সেরকম আচরণ করবে না। কারণ তারা তাদের দেবতাদের উদ্দেশে প্রভুর দৃষ্টিতে ঘৃণিত সর্বপ্রকার গর্হিত আচরণ করেছে, এমন কি তারা সেই দেবতাদের উদ্দেশে নিজেদের পুত্রকন্যাদের আগুনে আহুতি দিয়েছে।
32আমি তোমাদের যে সব নির্দেশ দিয়েছি তোমরা শুধু সেগুলিই সযত্নে পালন করবে। তোমরা তার সঙ্গে কিছু যোগ করবে না বা তা থেকে কিছু বাদও দেবে না।#দ্বি.বি. 4:2; প্রকা 22:18-19
Currently Selected:
দ্বিতীয় বিবরণ 12: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.