YouVersion Logo
Search Icon

দানিয়েল 2

2
নেবুকাডনেজারের স্বপ্ন
1নেবুকাডনেজারের রাজত্বের তখন দ্বিতীয় বৎসর চলছে। এই সময় তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নটি তাঁকে ভাবিয়ে তুলল, তাঁর চোখে ঘুম নেই। 2তিনি রাজ্যের সমস্ত ভবিষ্যৎ দ্রষ্টা, জাদুকর, মায়াবী ও জ্যোতিষী পণ্ডিতদের ডেকে পাঠালেন। স্বপ্নটি কি—রাজেকে বুঝাতে হবে। তাঁরা যখন এসে উপস্থিত হলেন,#আদি 41:8 3রাজা তাঁদের বললেনঃ আমি একটি স্বপ্ন দেখে বড় উদ্বিগ্ন হয়েছি। এই স্বপ্নের অর্থ জানতে চাই।
4তাঁরা অরামীয় ভাষায় উত্তর দিলেনঃ #2:4 মূল পুস্তকে এখান থেকে 7ম অধ্যায়ের শেষ পর্যন্ত অরামীয় ভাষা ব্যবহার করা হয়েছে। 2:2 আদি 41:8। মহারাজ চিরজীবী হোন। আপনি কি স্বপ্ন দেখেছেন বলুন, আমরা আপনার স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা করে দেব।
5রাজা বললেনঃ আমার ইচ্ছা, আমার স্বপ্ন ও তার তাৎপর্য দুই-ই আপনাদের বলতে হবে। যদি বলতে না পারেন তবে আপনাদের অঙ্গ-প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলা হবে আর আপনাদের ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত করা হবে। 6আর যদি স্বপ্ন ও স্বপ্নের অর্থ দুই-ই বলতে পারেন তবে আপনাদের উপযুক্ত পুরস্কার দেব ও মহাসম্মানে ভূষিত করব। এবার বলুন, আমি কি স্বপ্ন দেখেছি ও তার অর্থ কি?
7তাঁরা বললেলনঃ মহারাজ, আমাদের শুধু বলুন আপনি কি স্বপ্ন দেখেছেন। আমরা তার অর্থ বলে দেব।
8এই কথা শুনে রাজা রেগে গিয়ে বললেনঃ 9যা ভেবেছি ঠিক তাই! আপনারা এইভাবে সময় নেবার চেষ্টা করছেন, কারণ আপনারা জানেন, আমি কি স্বপ্ন দেখেছি তা বলতে না পারলে আপনাদের সকলকেই একই শাস্তি দেওয়া হবে। আপনারা সবাই মিলে ঠিক করেছেন যে আমাকে প্রবঞ্চনা করে সময় কাটাবেন। ভেবেছেন, সময়ে সব কিছু ঠিক হয়ে যাবে। যদি স্বপ্নটি কি ছিল বলতে পারেন তবেই বুঝব স্বপ্নের অর্থও আপনারা বলতে পারবেন।
10জ্যোতিষী পণ্ডিতেরা বললেন, মহারাজ, আপনি যা জানতে চান তা বলার মত লোক জগতে নেই। আজ পর্যন্ত কোন রাজা, তিনি যত বড় ও ক্ষমতাশালীই হোন না কেন, ভবিষ্যৎ দ্রষ্টা, জাদুকর বা মায়াবীদের কাছে এমন কথা কোনদিন জানতে চাননি। 11মহারাজ, যে কথা জানতে চাইছেন সে কথা বলা এতই দুরূহ যে দেবতারা ছাড়া কারও পক্ষে এ সবের উত্তর দেওয়া সম্ভব নয়। মানুষের জগতে কি তাঁদের পাওয়া যায়?
12এই কথা শুনে রাজা রাগে জ্বলে উঠলেন। ব্যাবিলনের রাজদরবারে যত পণ্ডিত ছিলেন সকলকে তিনি হত্যা করার আদেশ দিলেন। 13তাঁদের প্রত্যেককে বধ করার হুকুম জারী হয়ে গেল। দানিয়েল ও তাঁর তিন বন্ধুও এই হুকুমের আওতায় পড়লেন।
দানিয়েলের কাছে স্বপ্নের অর্থপ্রকাশ
14রাজার প্রহরীদের অধ্যক্ষ অরিয়োকের উপরে ছিল মৃত্যুদণ্ডাদেশ সম্পাদন করার ভার। দানিয়েল গেলের তাঁর কাছে। সুচতুরভাবে তাঁর বক্তব্য রাখলেন। 15বললেন, মহাশয়, আপনি রাজ প্রতিনিধি, আপনি বলুন, রাজা কেন এত কঠোর দণ্ডাদেশ দিয়েছেন? অরিয়োক তাঁকে সব বৃত্তান্ত বললেন।
16সঙ্গে সঙ্গে দানিয়েল রাজার কাছে গেলেন এবং তিনি নিজে স্বপ্নটি ব্যাখ্যা করবেন এই প্রতিশ্রুতি দিয়ে রাজার কাছ থেকে কিছু সময় চেয়ে নিলেন। 17এরপর তিনি বাড়ি ফিরে তাঁর বন্ধু হনানিয়, মীশায়েল ও অসরিয়কে সব কথা বললেন। 18তারপর বললেনঃ প্রার্থনা কর, ভগবৎকৃপা ভিক্ষা কর, যেন ঈশ্বর এই স্বপ্নেরর রহস্য উদ্‌ঘাটন করেন, যেন ব্যাবিলনের এই পণ্ডিতেরা ও আমরা বিনাশের হাত থেকে রক্ষা পাই। 19সেই রাতেই একটি দর্শনে দানিয়েলের কাছে রাজার স্বপ্নের রহস্য উদ্ঘাটিত হল। তিনি ভগবৎ-প্রশংসায় মুখর হয়ে প্রার্থনা করলেনঃ
20যুগে যুগে পরমেশ্বরের জয় হোক!
পরমজ্ঞানে তিনি পূর্ণ, মহাপরাক্রমী তিনি
21ষড় ঋতু তাঁর কথা মেনে চলে,
কাল আবর্তিত হয় তাঁরই ঈঙ্গিতে,
নৃপতিরা আসে যায় তাঁরই অঙ্গুলি হেলনে,
জ্ঞানবুদ্ধি বিবেচনা তাঁরই দান।
22রহস্যাবৃত গভীর তত্ত্ব তিনিই ব্যক্ত করেন,আঁধারের বুকে গোপনে যা আছে,সবই তাঁর জানা,মহিমাময় জ্যোতি সমাবৃত তিনি।
23হে আমার পিতৃপিতামহের ঈশ্বর,সসম্ভ্রমে করি তোমার গুণকীর্তন।আমাকে দিয়েছ তুমি জ্ঞানের গরিমা,দিয়েছ আমাদের প্রার্থনার উত্তর,রাজস্বপ্নের রহস্য তুমি করেছ উন্মোচন।
রাজার স্বপ্ন ও স্বপ্নের অর্থ
24ব্যাবিলনের সমস্ত পণ্ডিতদের মৃত্যুদণ্ড সম্পাদনের ভার ছিল অরিয়োকের উপর। দানিয়েল ছুটে গেলেন তাঁর কাছে। বললেনঃ ওদের এখনই বধ করবেন না। আমাকে রাজার কাছে নিয়ে চলুন। আমি তাঁকে তাঁর স্বপ্নের অর্থ বুঝিয়ে দেব।
25অরিয়োক তৎক্ষনাৎ দানিয়েলকে সম্রাট নেবুকাডনেজারের সম্মুখে উপস্থিত করলেন। বললেন, হে রাজন্‌, ইহুদি বন্দীদের মধ্যে থেকে একজনকে খুঁজে পেয়েছি যে আপনার স্বপ্নের অর্থ বলে দিতে পারবে।
26দানিয়েল অর্থাৎ বেল্টশৎসরকে রাজা জিজ্ঞাসা করলেনঃ তুমি বলতে পারবে আমি কি স্বপ্ন দেখেছি ও তার অর্থ কি?
27উত্তরে দানিয়েল বললেনঃ মহারাজ, এ ক্ষমতা কারও নেই। কোন পণ্ডিত, জাদুকর, গণৎকার বা জ্যোতিষী কারও পক্ষেই আপনি যা জানতে চান তা বলা সম্ভব নয়। 28কিন্তু একজন আছেন। তিনি স্বর্গমর্ত্যের অধীশ্বর। তিনি নিগূঢ় রহস্যকে মানুষের কাছে প্রকাশ করেন। তিনি আপনাকে দেখিয়েছেন ভবিষ্যতে কি ঘটবে। এখন স্বপ্নে আপনি যে দর্শন পেয়েছেন সেটি আমি বর্ণনা করব।
29নিদ্রার মধ্যে, হে মহারাজ, ভবিষ্যতে যা ঘটবে সেই বিষয়ে আপনি দর্শন পেয়েছিলেন। ঈশ্বর যিনি অজানা ভবিষ্যৎ মানুষের কাছে ব্যক্ত করেন তিনিই আপনাকে জানিয়েছেন, ভবিষ্যতে কি ঘটতে চলেছে। 30আপনার স্বপ্নের গোপন রহস্য আমার কাছে প্রকাশিত, হয়েছে। অবশ্য তার অর্থ এই নয় যে আমি অন্যদের তুলনায় বেশী বিচক্ষণ। এর একটিই উদ্দেশ্য। সেই উদ্দেশ্য এই যে আপনি যেন আপনার স্বপ্নের অর্থ বুঝতে পারেন এবং যে সত্য আপনার কাছে উদ্ঘাটন করা হয়েছে সেটি উপলব্ধি করতে পারেন।
31মহারাজ, স্বপ্ন দর্শনে আপনি একটি বিশালকায় মূর্তি দেখেছিলেন। সেটি ছিল দাঁড়িয়ে। বিকট, বীভৎস সেই মূর্তি। তার গা থেকে যেন ছটা বের হচ্ছিল। 32তার মাথা ও মুখ উজ্জ্বল সোনা দিয়ে তৈরী, বক্ষদেশ ও দুই হাত রূপোর, কোমর থেকে হাঁটুর উপর পর্যন্ত পিতল দিয়ে গড়া। 33পা দুটি লোহার আর পায়ের পাতা লোহা আর মাটি মিশিয়ে তৈরী করা হয়েছে। 34আপনি যখন সেই দিকে তাকিয়ে ছিলেন, সেই সময়ে পাহাড়ের চূড়া থেকে বিরাট একটি প্রস্তরখণ্ড খসে পড়ল। কেউ কিন্তু সেটাকে স্থানচ্যুত করেনি। পাথরটি এসে মূর্তির লোহা ও মাটি মিশিয়ে তৈরী পায়ের উপর আছড়ে পড়ল। পা দুটি চুরমার হয়ে গেল। 35সঙ্গে সঙ্গে লোহা, মাটি, পিতল, রূপো, সোনা সব কিছু একেবারে গুঁড়িয়ে ধূলো হয়ে গেল। বাতাস তুষের মত উড়িয়ে নিয়ে গেল সেই ধূলো। তার চিহ্নমাত্র রইল না। এদিকে পাথরটি ক্রমে এক বিশাল পর্বতে পরিণত হল। সেই পর্বত ক্রমে সারা পৃথিবী জুড়ে বিস্তারিত হল।
36মহারাজ, স্বপ্নে আপনি এই দৃশ্য দেখেছিলেন। এবারে আমি বলব স্বপ্নটির অর্থ কি? 37হে রাজন! রাজরাজেশ্বর আপনি। জগদীশ্বর প্রভু আপনাকে সম্রাটের আসনে বসিয়েছেন। ক্ষমতা, সম্মান ও প্রতিপত্তির চরম শিখরে এনেছেন। 38সমগ্র জগৎ এমকি পশুপক্ষীও আপনার রাজছত্রতলে। মূর্তির সেই স্বর্ণময় মস্তক আপনি স্বয়ং। 39আপনার পরে আসবে আরেকটি সাম্রাজ্য। তবে এত উন্নত নয়। তারপর আসবে আরেকটি। এটি সেই পিতলের অংশ। জগৎব্যাপী হবে তার আদিপত্য।
40এরপর চতুর্থ সাম্রাজ্য। এ সাম্রাজ্য হবে লোহার মত কঠিন। লোহা যেমন সব কিছু ভেঙ্গে চূরমার করে দেয় তেমনি এই সাম্রাজ্যও ঐ সমস্ত সাম্রাজ্যকে গুঁড়িয়ে ফেলবে। 41আপনি দেখেছেন, পায়ের পাতা ও আঙ্গুলগুলি লোহা ও মাটির সংমিশ্রণে তৈরী। এর অর্থ হলঃ এই সাম্রাজ্যও দুই রকম অবস্থার সংমিশ্রণ। লোহার কাঠিন্য কিছুটা তার মধ্যে থাকবে। কারণ লোহার সঙ্গে মাটি মিশান ছিল। 42লোহা ও মাটির সংমিশ্রণে তৈরী পায়ের আঙ্গুলগুলি দেখায় যে এই সাম্রাজ্যের কিছু অংশ হবে সবল আর কিছু অংশ দুর্বল। 43আপনি লক্ষ্য করেছেন, লোহার সঙ্গে মাটি মিশানো ছিল। এর তাৎপর্য এই: সাম্রাজ্যের বিভিন্ন দেশীয় রাজবংশগুলি বিবাহসূত্রে আবদ্ধ হয়ে সাম্রাজ্যের ঐক্য বজায় রাখার চেষ্টা করবে। কিন্তু লোহা আর মাটি যেমন এক হয়না, সেই রকম তাদের প্রচেষ্টাও বিফল হবে। 44এই সব রাজাদের রাজত্বের সময়ে স্বর্গমর্ত্যের অধীশ্বর এমন একটি রাজ্যের প্রতিষ্ঠা করবেন যে রাজ্য কেউ কোনদিন ধ্বংস করতে পারবে না বা কারও অধিকারে যাবে না কিন্তু এই সাম্রাজ্য ঐ সমস্ত রাজ্যকে নিঃশেষে ভেঙ্গে গুড়িয়ে দেবে আর নিজে হবে চিরস্থায়ী। 45আপনি আরও দেখেছেন, কেউ স্থানচ্যূত না করা সত্ত্বেও কিভাবে পর্বতচূড়া থেকে একটি পাথর খসে পড়ে লোহা, পিতল, মাটির, রূপো ও সোনা দিয়ে গড়া মূর্তিটির উপর আছড়ে পড়ল। এর দ্বারা পরমেশ্বর আপনাকে দেখাচ্ছেন ভবিষ্যতে কি ঘটবে। মহারাজ, আপনি যে স্বপ্ন দেখছিলেন আমি অবিকল তার বর্ণনা দিয়েছি ও স্বপ্নের প্রকৃত অর্থও বুঝিয়ে দিয়েছি।
দানিয়েলের রাজপুরস্কার লাভ
46সম্রাট নেবুকাডনেজার ভূমিষ্ঠ হয়ে দানিয়েলকে প্রণাম করলেন ও দানিয়েলের কাছে হোমবলি ও নৈবেদ্য নিবেদন করতে আদেশ দিলেন। 47রাজা বললেন, আপনার দেবতা শ্রেষ্ঠ দেবতা, রাজগণের প্রভু তিনি। রহস্যের অন্ধকারে লুকানো বিষয় তিনি প্রকাশ করেন। আমি একথা বলছি কারণ আপনি নিগূঢ় রহস্য উদ্ঘাটন করেছেন। 48দানিয়েলকে রাজা উচ্চপদে প্রতিষ্ঠিত করলেন, মূল্যবান উপহার দিয়ে পুরস্কৃত করলেন এবং তাঁর হাতে তুলে দিলেন ব্যাবিলন প্রদেশের কর্তৃত্বভার। রাজ উপদেষ্টাদের প্রধান হিসাবে তিনি তাঁকে নিযুক্ত করলেন। 49দানিয়েলের পরামর্শে রাজা শদ্রক, মৈশক ও অবেদনগোকে ব্যাবিলন প্রদেশের বিভিন্ন বিভাগের কর্তা হিসাবে নিযুক্ত করলেন। কিন্তু দানিয়েলের স্থান হল একেবারে রাজ সভাতেই।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in