YouVersion Logo
Search Icon

দানিয়েল 3

3
স্বর্ণমূর্তি পূজার আদেশ
1সম্রাট নেবুকাডনেজারের আদেশে একটি সোনার মূর্তি গড়া হল। মূর্তিটি উচ্চতায় ষাট হাত, চওড়ায় ছয় হাত#3:1 27 মিটার ও প্রায় তিন মিটার। । রাজা মূর্তিটিকে ব্যাবিলন প্রদেশের দূরে সমভূমিতে স্থাপন করলেন। 2তারপর দেশের সমস্ত উচ্চপদস্থ আধিকারিকদের এই মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষ্যে সমবেত হবার জন্য আদেশ জারী করলেন। রাজন্যবর্গ, রাজ্যপাল, সামরিক প্রশাসক, কোষাধ্যক্ষ, উপদেষ্টা ও বিচারপতি প্রভৃতি প্রত্যেক উচ্চপদস্থ আধিকারিককে রাজ-আমন্ত্রণ পাঠান হল যেন তাঁরা সকলে রাজার স্থাপিত মূর্তির প্রতিষ্ঠা উপলক্ষ্যে উপস্থিত থাকেন। 3যখন সকলে এসে প্রতিষ্ঠা উৎসবে মূর্তির সামনে সমবেত হলেন, 4রাজঘোষক উচ্চকণ্ঠে ঘোষণা করলেনঃ নানা জাতি, নানা গোষ্ঠীর প্রতিনিধিগণ, নানা ভাষাভাষী মানুষের প্রতিনিধিগণ 5শুনুন আপনারা, রাজার আদেশ—তূরী, বাঁশী, বীণা, মৃদঙ্গ প্রভৃতি নানা বাদ্য একসঙ্গে বেজে উঠলেই আপনারা রাজা নেবুকাডনেজারের স্থাপিত স্বর্ণমূর্তিকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম ও আরাধনা করবেন। 6যদি কেউ প্রণাম ও আরাধনা না করেন, তাঁকে সঙ্গে সঙ্গে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। 7অতএব নানা জাতিবৃন্দের ও নানা ভাষাভাষী সমস্ত মানুষ তূরী, বাঁশী, বীণা ও মৃদঙ্গ ইত্যাদি বেজে ওঠার সঙ্গে সঙ্গে রাজা নেবুকাডনেজারের স্থাপিত সোনার মূর্তির সামনে ভূমিষ্ঠ হয়ে সেটির আরাধনা করলেন।
অগ্নিকুণ্ডে দানিয়েলের তিন বন্ধু
8ব্যাবিলনবাসীদের মধ্যে কিছু লোক তখন সুযোগ নিয়ে ইহুদীদের বিরুদ্ধে অপবাদ রটনা করে তাদের অভিযুক্ত করার সুযোগ নিল। 9তারা রাজা নেবুকাডনেজারের কাছে এসে বলল, মহারাজ চিরজীবী হোন! 10মহারাজ হুকুম জারী করেছিলেন যে, যে মুহূর্তে সব বাদ্যযন্ত্র বেজে উঠবে সেই মুহূর্তে সকলে ভূমিষ্ঠ হয়ে সোনার মূর্তিটিকে প্রণাম করবে, 11আর যদি কেউ এইভাবে মূর্তিটির পূজা না করে, তবে তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। 12হে রাজন, শদ্রক, মৈশক ও অবেদনগো নামে যে ইহুদীদের আপনি ব্যাবিলন প্রদেশের বিভাগীয় কর্তা হিসাবে নিযুক্ত করেছেন তারা আপনার আদেশ অমান্য করে চলেছে। তারা আপনার দেবতাদের পূজা করে না। আপনার স্থাপিত মূর্তিরও পূজা করে না।
13এই শুনে রাজা রাগে জ্বলে উঠলেন ও শদ্রক, মৈশক ও অবেদনগোকে তাঁর সামনে হাজির করার আদেশ দিলেন। 14তাঁদের নিয়ে আসা হলে রাজা তাঁদের বললেন, শদ্রক, মৈশক ও অবেদনগো, এ কথা কি সত্য যে তোমরা স্থির করেছ তোমরা আমার দেবতাদের ও আমার স্থাপিত মূর্তির পূজা তোমরা করবে না? 15এখানও যদি তূরী, বাঁশী, বীণা মৃদঙ্গ ইত্যাদি বাদ্যযন্ত্র বেজে ওঠার সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হয়ে এই মূর্তির পূজা কর তো ভাল। নচেৎ সেই মুহূর্তে তোমাদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে। দেখি কোন্‌ দেবতা আমার হাত থেকে তোমাদের রক্ষা করে।
16শদ্রক, মৈশক ও অবেদনগো বললেন, মহারাজ, এ বিষয়ে বাদানুবাদের কোন প্রয়োজন নেই। 17যদি আমাদের আরাধ্য ঈশ্বর আমাদের জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করতে সমর্থ হন, তবে তিনি নিশ্চয়ই আপনার হাত থেকে আমাদের উদ্ধার করবেন।#3:17 অথবা যদিও এ কথা সত্য যে আপনার দেবতা ও আপনার স্থাপিত সোনার মূর্তির পূজা আমরা করি না তবে এও সত্যি যে আমাদের আরাধ্য দেবতা জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে ও আপনার হাত থেকে আমাদের উদ্ধার করতে সমর্থ, আর তিনি তাই-ই করবেন। 18আর যদি তিনি নাও উদ্ধার করেন তবুও হে মহারাজ, আপনি নিঃসন্দেহে জেনে রাখুন যে আপনার দেবতার পূজা করা অথবা আপনার স্থাপিত সোনার মূর্তির সামনে নত হওয়া আমাদের পক্ষে অসম্ভব।
তিন বন্ধুর মৃত্যুদণ্ড
19প্রচণ্ড ক্রোধে দিশেহারা হলেন নেবুকাডনেজার। রক্তচক্ষু নিয়ে তাকালেন শদ্রক, মৈশক ও অবেদনগোর দিকে। লোকদের আদেশ দিলনে অগ্নিকুণ্ডের তাপ সাত গুণ বাড়িয়ে দিতে। 20তারপর সৈন্যদের মধ্যে থেকে সব চেয়ে বলবান কয়েকজনকে আদেশ দিলনে এই তিনজনকে বেঁধে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে। 21তারা তিনজনকে জামা পোষাক পরিচ্ছদ এমন কি উষ্ণীষ শুদ্ধ বেঁধে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল। 22এদিকে রাজার কঠোর আদেশ অনুযায়ী অগ্নিকুণ্ডের তাপ বাড়িয়ে এত প্রচণ্ড করা হল যে, যারা তাদের অগুনে নিক্ষেপ করল তারা নিজেরাই সেই আগুনের হল্কায় পুড়ে মারা গেল। 23আর শদ্রক, মৈশক ও অবেদনগো হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত আগুনের মধ্যে গিয়ে পড়লেন।
24হঠাৎ নেবুকাডনেজার বিস্ময়ে আসন ছেড়ে লাফিয়ে উঠলেন। অমাত্যদের দিকে চেয়ে বলে উঠলেন, আমরা তিনজন লোককে বেঁধে আগুনে ফেললাম না?
সবাই বলে উঠল, হ্যাঁ, হ্যাঁ।
25রাজার বললেন, তাহলে চারজনকে আগুনের মধ্যে চলে ফিরে বেড়াতে দেখছি কি করে? ওদের তো হাত-পা বাঁধা নেই, ওদের গায়ে একটা আঁচড়ও লাগেনি—আবার দেখছি দেবতুল্য চতুর্থ একজনকে।
তিনজনের মুক্তিলাভ ও পদোন্নতি
26নেবুকাডনেজার তখন অগ্নিকুণ্ডের প্রবেশপথের কাছে গিয়ে ডাকলেন, পরমেশ্বরের সেবক শদ্রক, মৈশক ও অবেদনগো, বেরিয়ে এস। সঙ্গে সঙ্গে তাঁরা বেরিয়ে এলেন। 27রাজারা, রাজ্যপালেরা, সামরিক প্রশাসকেরা ও অমাত্যবর্গ সকলে ভিড় করে এগিয়ে এলেন তাঁদের দেখতে। দেখলেন, আগুন তাঁদের স্পর্শও করতে পারেনি। তাঁদের চুল, তাঁদের পোষাক-পরিচ্ছদ কোন কিছুতেই আগুনের আঁচ লাগেনি, এমনকি তাঁদের গায়ে আগুনের পোড়া গন্ধ পর্যন্ত নেই।
28রাজা বলে উঠলেন, শদ্রক, মৈশক ও অবেদনগোর আরাধ্য ঈশ্বরের মহিমা হোক! তিনি আপন দূত পাঠিয়ে এই তিনজনকে উদ্ধার করেছেন। তাঁরা তাঁর উপর নির্ভর করে আমার আদেশ অমান্য করেছেন। এঁরা নিজেদের জীবন বিপন্ন করেও নিজেদের আরাধ্য দেবতা ভিন্ন আর কোন দেবতার পূজা করতে অস্বীকার করেছেন।
29এখন আমার আদেশ এই শদ্রক, মৈশক ও অবেদনগোর আরাধ্য ঈশ্বরের বিরুদ্ধে যদি কেউ কোন কথা বলে সে যে জাতি, গোষ্ঠী বা ভাষাভাষীই হোক না কেন, তার অঙ্গ-প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলা হবে। তার ঘরবাড়ি ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হবে। কারণ এইভাবে উদ্ধার করার ক্ষমতা আর কোন দেবতার নেই।
30শদ্রক, মৈশক ও অবেদনগোকে রাজা ব্যাবিলন প্রদেশের আরও উঁচু পদে নিযুক্ত করলেন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in