দানিয়েল 1
1
দানিয়েল ও তাঁর সঙ্গীদের বিবরণ
(1:1—6:28)
নেবুকাডনেজারের রাজসভায় কয়েকজন তরুণ
1যিহুদীয়ারাজ যিহোয়াকিমের রাজত্বকালের তখন তৃতীয় বৎসর। এই সময়ে ব্যাবিলনরাজ নেবুকাডনেজার জেরুশালেম আক্রমণ করলেন। চারদিক থেকে ঘিরে ফেললেন নগর।#২ রাজা 24:1; ২ বংশা 36:5-7 2তিনি যিহোয়াকীমকে বন্দী করলেন ও মন্দিরের কিছু মূল্যবান সম্পদ লুণ্ঠন করলেন। জগদীশ্বর প্রভু এইভাবে নেবুকাডনেজারের হাতে যিহোয়াকিমের পতন ঘটালেন। নেবুকাডনেজার ব্যাবিলনে তাঁর আরাধ্য দেবতাদের মন্দিরে কিছু বন্দীকে নিয়ে গেলেন আর লুণ্ঠিত সম্পদ সেই মন্দিরের কোষাগারে জমা রাখলেন।#২ রাজা 20:17-18; 24:10-16; ২ বংশা 36:10; যিশা 39:7-8
3প্রধান সচিব অস্পনসকে রাজা ইসরায়েলী বন্দীদের মধ্যে থেকে রাজবংশজাত ও উচ্চবংশের কয়েকজন তরুণকে বেছে নিতে বললেন। 4আদেশ হল, এই তরুণদের সুদর্শন ও বুদ্ধিমান হওয়া চাই। তারা হবে সুশিক্ষিত ও জ্ঞানার্জনে পটু। শরীরে থাকবে না কোন খুঁত। তারা হবে রাজসভাসদ হবার উপযুক্ত পুরুষ। তাদের ব্যাবিলনীয়দের ভাষা ও সাহিত্য শেখাবার দায়িত্ব পড়ল অস্পনসের উপর। 5রাজা নির্দেশ দিলেন, রাজসভার পারিষদবর্গের জন্য যে আহার্য ধার্য করা আছে এই তরুণেরা প্রতিদিন সেই একই খাদ্য-পানীয় গ্রহণ করবে। তিন বৎসর এইভাবে তাদের শিক্ষা চলবে। 6যাদের বেছে নেওয়া হল তাদের মধ্যে ছিল দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয় নামে চারজন যিহুদা বংশীয় তরুণ। 7প্রধান সচিব তাদের নাম রাখলেন যথাক্রমে বেল্টশৎসর, শদ্রক, মৈশক ও অবেদনগো।
8দানিয়েল স্থির করলেন রাজার দেওয়া এই আহার্য গ্রহণ করে তিনি নিজেকে অশুচি করবেন না। তিনি এই বিষয়ে অস্পনসের অনুমতি চাইলেন। 9ঈশ্বর অস্পনসকে দানিয়েলের প্রতি সদয় করলেন। 10কিন্তু অস্পনস রাজার আদেশ অমান্য করতে সাহস করলেন না। তিনি দানিয়েলকে বললেনঃ দেখুন, আপনার খাদ্যতালিকা রাজা নিজে ঠিক করে দিয়েছেন। আপনার স্বাস্থ্য যদি অন্য তরুণদের মত সুস্থ সবল না হয়, তবে রাজা আমাকে মৃত্যুদণ্ড দেবেন।
11তখন দানিয়েল ও তাঁর তিন বন্ধুর তত্ত্বাবধানের জন্য যে ব্যক্তিকে অস্পনস নিযুক্ত করেছিলেন, দানিয়েল তাঁর শরণাপন্ন হলেন। 12বললেনঃ অনুগ্রহ করে আমাদের দিন দশেকের জন্য পরীক্ষা করে দেখুন। আমাদের শুধু নিরামিষ খাদ্য ও পানের জন্য জল দেবেন। 13তারপর যে তরুণেরা রাজ সভাসদদের জন্য নির্দিষ্ট খাদ্য-পানীয় গ্রহণ করবে, তাদের চেহারার সঙ্গে আমাদের চেহারা মিলিয়ে দেখবেন। দেখে আপনি তখন যা ভাল বুঝবেন তাই করবেন।
14তিনি দশদিনের জন্য তাঁদের পরীক্ষা করতে রাজী হলেন। 15নির্দিষ্ট সময়ের পর দেখা গেল যে যাদের রাজকীয় আহার দেওয়া হয়েছিল তাদের চেয়ে এই চারজন বেশী স্বাস্থ্যবান ও সবল। 16এই দেখে তিনি রাজকীয় খাদ্য পানীয়ের পরিবর্তে তাঁদের নিরামিষ আহারেরই ব্যবস্থা করলেন।
17ঈশ্বর এই চার তরুণকে সাহিত্য ও দর্শনশাস্ত্রে ব্যুৎপত্তি দান করলেন। আর দানিয়েলকে তিনি আর একটি বিশেষ ক্ষমতা দান করলেন—স্বপ্ন ও দিব্যদর্শন ব্যাখ্যা করার ক্ষমতা।
18রাজনির্ধারিত তিন বৎসর পার হলে অস্পনস এই সব তরুণদের নেবুকাডনেজারের কাছে উপস্থিত করলেন। 19রাজা প্রত্যেকের সঙ্গে কথাবার্তা বললেন। এদের মধ্যে দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়কেই সকলের চেয়ে রাজার বেশী ভাল লাগল। তাই তাঁরা রাজসভাসদ হিসাবে গৃহীত হলেন। 20রাজা যে প্রশ্নই জিজ্ঞাসা করেন বা যে কোন সমস্যাই উত্থাপন করেন, দেখা যায় যে রাজ্যের যে কোন ভবিষ্যৎ-বক্তা বা জাদুকরের চেয়ে এই চারজন সে বিষয়ে দশগুণ বেশী অবগত। 21পারস্য সম্রাট কোরস যখন ব্যাবিলনকে পদানত করেন সেই সময় পর্যন্ত দানিয়েল রাজসভা অলঙ্কৃত করেছিলেন।
Currently Selected:
দানিয়েল 1: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.