YouVersion Logo
Search Icon

১ শমুয়েলে 28

28
শৌলের হতাশা
1সেই সময়ে ফিলিস্তিনীরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য সৈন্য সমাবেশ করল। আখিশ দাউদকে বললেন, মনে রেখ, তোমাকেও তোমার লোকজনকে আমার সৈন্যদলভুক্ত হয়ে অবশ্যই আমার সঙ্গে যেতে হবে। 2দাউদ তাঁকে বললেন, ঠিক আছে, আপনি তাহলে স্বচক্ষেই আপনার দাসের কর্মক্ষমতা দেখতে পাবেন। আখিশ বললেন, আমিও তাহলে তোমাকে সারাজীবন আমার দেহরক্ষীর পদে বহাল করব।
3শমুয়েল তখন গত হয়েছেন। সমগ্র ইসরায়েল জাতি তাঁর জন্য শোক প্রকাশ করে তাঁকে তাঁর নিজের নগর রামায় সমাধিস্থ করেছিল। শৌল সেই সময়ে ভূতের ওঝা ও তন্ত্রসাধকদের দেশ থেকে বিতাড়িত করেছিলেন।#লেবীয় 20:27; দ্বি.বি. 18:10-11; ১ শমু 25:1
4ফিলিস্তিনীরা একত্র হয়ে শুনেমে এসে শিবির স্থাপন করল। শৌলও সমস্ত ইসরায়েলীদের একত্র করে শিবির স্থাপন করলেন গিলবোয়াতে। 5শৌল ফিলিস্তিনী সেনাবাহিনী দেখে ভীত হলেন। 6তাঁর হৃদয় অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠল। শৌল তখন প্রভু পরমেশ্বরের কাছে এ বিষয়ে জানতে চাইলেন, কিন্তু প্রভু পরমেশ্বর স্বপ্ন, ঊরিম বা নবী কারও মাধ্যমেই তাঁকে কোন উত্তর দিলেন না।#গণনা 27:21 7শৌল তখন তাঁর পারিষদদের বললেন, তোমরা একদল স্ত্রীলোক ওঝার খোঁজ কর, আমি তার কাছে গিয়ে এ বিষয়ে জানব। পারিষদরা তাঁকে জানাল, এন্দোরে একটি স্ত্রীলোক আছে সে ভূতের ওঝা। 8শৌল তখন অন্য পোশাক পরে ছদ্মবেশে দুজন লোক সঙ্গে নিয়ে রাত্রে সেই স্ত্রীলোকটির কাছে গেলেন। তিনি তাকে বললেন, আমি যার কথা বলব মন্ত্র পড়ে প্রেতাত্মার সাহায্যে তাকে আনাও। 9সেই স্ত্রীলোকটি তাঁকে বলল, আপনি নিশ্চয়ই জানেন শৌল সমস্ত ভূতের ওঝা ও তন্ত্র সাধকদের দেশ থেকে উচ্ছেদ করেচেন। তাহলে কেন আপনি আমাকে ফাঁদ ফেলে আমার জীবননাশের চেষ্টা করছেন?। 10শৌল প্রভু পরমেশ্বরের নামে দিব্য করে তাকে বললেন, জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য, এর জন্য তোমার কোন শাস্তি হবে না। 11স্ত্রীলোকটি বলল, বলুন কাকে আনাতে হবে? শৌল বললেন, শমুয়েলকে আনাও। 12স্ত্রীলোকটি শমুয়েলকে দেখে চেঁচিয়ে উঠে শৌলকে বলল, কেন আমার সঙ্গে চালাকি করলেন? আপনি তো শৌল। 13শৌল তখন তাঁকে বললেন, তোমার কোন ভয় নেই। তুমি কি দেখেছ বল। স্ত্রীলোকটি তাঁকে বলল, আমি দেখতে পাচ্ছি একজন দেবতা মাটি ফুঁড়ে বেরিয়ে আসছেন। শৌল তাকে জিজ্ঞাসা করলেন, তিনি দেখতে কেমন? 14সে বলল, আলখাল্লা পরা একজন বৃদ্ধ আসছেন। শৌল বুঝলেন, তিনি শমুয়েল। তিনি মাটিতে উপুড় হয়ে পড়ে তাঁকে প্রণাম করলেন।
15শমুয়েল শৌলকে বললেন, কেন তুমি আমাকে উঠিয়ে কষ্ট দিলে? শৌল বললেন, আমি মহাবিপদে পড়েছি। ফিলিস্তিনীরা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, ঈশ্বরও আমাকে ত্যাগ করেছেন। তিনি আর আমায় উত্তর দিচ্ছেন না, নবীদের মাধ্যমেও নয়, স্বপ্নের দ্বারাও নয়। সেই জন্যই আমার কি কর্তব্য তা জানার জন্যই আপনাকে ডাকিয়ে এনেছি। 16শমুয়েল বললেন প্রভু পরমেশ্বর যখন তোমায় ত্যাগ করে তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তখন আমাকে আর জিজ্ঞাসা করছ কেন? 17প্রভু আমার মুখ দিয়ে যেমন বলিয়েছিলেন তিনি তোমার প্রতি তেমনিই করেছেন। প্রভু তোমার হাত থেকে রাজত্ব কেড়ে নিয়ে তোমার প্রতিবেসী দাউদকে দান করেছেন।#১ শমু 15:28 18তুমি তাঁর আদেশ পালন করনি, অমালেকীদের বিরুদ্ধে তাঁর প্রচণ্ড ক্রোধ চরিতার্থ হতে দাওনি। 19তাই আজ প্রভু পরমেশ্বর তোমার এই দুর্দশা করেছেন। তা ছাড়া প্রভু তোমার সঙ্গে ইসরায়েল জাতিকেও ফিলিস্তিনীদের হাতে পরাজিত করবেন। আগামী কাল তোমার পুত্রদের সঙ্গে তুমিও আমার কাছে আসবে। প্রভু পরমেশ্বর ইসরায়েল সৈন্যবাহিনীকে ফিলিস্তিনীদের হাতে পরাজিত করবেন।#১ শমু 15:3-9 20শমুয়েলের কথা শুনে শৌল অত্যন্ত ভীত হয়ে সটান মাটিতে পড়ে গেলেন। সারা দিনরাত কিছু না খাওয়ার দরুণ তাঁর শরীরে কোন শক্তি ছিল না। 21সেই স্ত্রীলোকটি শৌলের কাছে এসে দেখল যে তিনি ভয়ে অত্যন্ত মুষড়ে পড়েছেন। তাই দেখে সে শৌলকে বলল, দেখুন, আপনার এই দাসী আপনার আদেশ পালন করেছে, জীবন বিপন্ন করেও আমি আপনার কথা রেখেছি। 22দয়া করে এখন আপনার দাসীর কথা আপনি শুনুন। আপনাকে কিছু খাবার এনে দিচ্ছি, আপনি গ্রহণ করুন, তাহলে চলার শক্তি পাবেন। 23কিন্তু তিনি তাকে প্রত্যাখ্যান করে বললেন, না, আমি কিছু খাব না। কিন্তু তাঁর অনুচররাও সেই স্ত্রীলোকটির সঙ্গে রাজাকে পীড়াপীড়ি করতে লাগল। তখন তিনি তাদের কথায় ভূমিশয্যা ত্যাগ করে উঠে বসলেন। 24সেই স্ত্রীলোকটির একটি মোটাসোটা বাছুর ছিল। 25সে তাড়াতাড়ি সেটাকে বধ করল এবং ময়দা মেখে খামিরবিহীন রুটি তৈরী করে শৌল ও তাঁর অনুচরদের খেতে দিল। খাওয়াদাওয়ার পর তাঁরা রাত্রি থাকতেই সেখান থেকে চলে গেলেন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in