১ শমুয়েলে 20
20
দাউদ ও যোনাথনের বন্ধুত্ব
1দাউদ নায়োথ থেকে যোনাথনের কাছে পালিয়ে এসে বললেন, আমি কি করেছি? কি আমার অপরাধ? আমি তোমার পিতার কি অনিষ্ট করেছি যে তিনি আমার প্রাণনাশের চেষ্টা করছেন? 2যোনাথন তাঁকে বললেন, কখনও না, কোনক্রমে তোমার জীবনহানি হবে না। দেখ, আমার বাবা আমার সঙ্গে পরামর্শ না করে ছোট বড় কোন কাজই করেন না, তবে বাবা আমার কাছে এ কথা কেন গোপন করবেন? 3তোমার আশঙ্কা সত্য নয়। কিন্তু দাউদ শপথ করে আবার বললেন, তোমার বাবা ভাল করেই জানেন যে তুমি আমার উপর সদয়, তাই তিনি হয়তো ভাবছেন, যোনাথনকে এ বিষয়ে না জানানোই ভাল, সে হয়তো দুঃখ পাবে। কিন্তু জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য এবং তোমার দিব্য, মৃত্যুর ও আমার মাঝখানে মাত্র একটি পদক্ষেপের ব্যবধান। 4তখন যোনাথন দাউদকে বললেন, তুমি যা করতে বলবে আমি তোমার জন্য তাই করব। 5দাউদ বললেন, দেখ, আগামী কাল অমাবস্যা। আমাকে মহারাজের সঙ্গে ভোজে যোগদান করতেই হবে। কিন্তু তুমি আমাকে যেতে দাও, আমি তৃতীয় দিনের সন্ধ্যা পর্যন্ত প্রান্তরে লুকিয়ে থাকব।#গণনা 28:11 6আমাকে দেখতে না পেয়ে যদি তোমার বাবা আমার খোঁজ করেন তবে বলবে যে দাউদের বাড়িতে তাদের গোষ্ঠীর বার্ষিক যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে, তাই সে তাড়াতাড়ি বেথলেহেমে বাড়ীতে যাওয়ার জন্য একান্তভাবে অনুমতি চাইল। 7তিনি যদি বলেন ভাল, তবে বুঝবে তোমার এ দাসের কুশল, কিন্তু যদি তিনি রুষ্ট হন তাহলে জানবে যে তিনি আমার অনিষ্ট করাই স্থির করেছেন। 8তুমি এখন তোমার এই দাসের প্রতি দয়া কর কারণ তুমি তোমার এই দাসের সঙ্গে এক পবিত্র সম্বন্ধ স্থাপন করেছ। যদি আমার কোন অপরাধ থাকে, তুমি নিজেই আমাকে হত্যা কর, তোমার বাবার কাছে আমাকে ধরিয়ে দিও না। 9যোনাথন বললেন, এমন কখনও না হোক, বরং আমি যদি কোন ক্রমে জানতে পারি যে আমার বাবা যদি তোমার অনিষ্ট করাই স্থির করেছেন তাহলে আমি সে কথা নিশ্চয়ই তোমাকে বলে দেব।। 10দাউদ বললেন, তোমার বাবা যদি তোমার সঙ্গে রাগতভাবে কথা বলেন তাহলে কে তা আমাকে জানাবে? 11যোনাথন বললেন, চল আমরা বেরিয়ে প্রান্তরে যাই। তাঁরা দুজনে প্রান্তরে বেরিয়ে গেলেন।
12যোনাথন দাউদকে বললেন, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সাক্ষী,#20:12 সিরিয়াক আগমীকাল কিম্বা পরশু এই সময়ে আমি বাবার সঙ্গে কথা বলে দেখব, যদি বুঝি তোমার পক্ষে অবস্থা ভাল তাহলে নিশ্চয়ই লোক পাঠিয়ে তোমাকে সে কথা জানাব। 13কিন্তু যদি বুঝি যে তোমার অনিষ্ট করাই বাবার ইচ্ছা তাহলে নিশ্চয়ই আমি তোমাকে তা বলব এবং নিরাপদে তোমাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। যদি না করি তবে প্রভু পরমেশ্বর যেন যোনাথনকে সর্বপ্রকার দণ্ডে দণ্ডিত করেন। 14প্রভু পরমেশ্বর যেমন আমার বাবার সঙ্গে আছেন তেমনি তোমরাও সঙ্গে থাকুন। তিনি যেমন তোমার প্রতি দয়া করেছেন তেমনি যতদিন আমি জীবিত থাকব ততদিন তুমিও আমার প্রতি দয়া করবে। 15আমাকে প্রাণে মারবে না। আমার বংশকেও কোন দিন তোমার দয়া থেকে বঞ্চিত করো না। প্রভু পরমেশ্বর যেদিন দাউদের শত্রুকুলের প্রত্যেককে ধরাপৃষ্ঠ থেকে উচ্ছিন্ন করবেন#20:15 গ্রীক : হিব্রু অস্পষ্ট সেদিনও যেন যোনাথনের নাম দাউদের কুল থেকে লুপ্ত না হয়।#২ শমু 9:1 16প্রভুই দাউদের শত্রুকুলের উপর প্রতিশোধ গ্রহণ করুন। 17যোনাথন তখন তাঁর প্রতি দাউদের ভালবাসার দিব্য দিয়ে দাউদকে শপথ করালেন, কারণ দাউদ তাঁকে প্রাণের চেয়েও ভালবাসতেন। 18যোনাথন দাউদকে বললেন, আগামীকাল অমাবস্যা, ভোজসভায় তোমার আসন শূন্য থাকলে তোমার খোঁজ করা হবে। 19পরশু দিন আরও বেশী করে খোঁজ করা হবে। তখন তুমি আগে একদিন এই ব্যাপারে যেখানে লুকিয়েছিলে সেখানে যাবে এবং কাছাকাছি কোন পাথরের#20:19 ইজেল পাথর ঢিবির আড়ালে লুকিয়ে থাকবে। 20আমি তার পাশে লক্ষ্যভেদ করার ছলে তিনটি তীর ছুঁড়ব। 21আর আমার বালক ভৃত্যটিকে বলব, যাও, তীরগুলো কুড়িয়ে নিয়ে এস।যদি আমি তাকে বলি, তীরগুলো তোমার এপাশে আছে, তুলে নাও, তাহলে তুমি চলে আসবে, জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য তুমি নিরাপদ, ভয়ের কোন কারণ নেই। 22কিন্তু আমি যদি ছেলেটিকে বলি, দেখ, তীরগুলো তোমার ওপাশে রয়েছে, তাহলে চলে যেও, জেনো প্রভুই তোমায় বিদায় দিচ্ছেন। 23আর যে বিষয়ে তোমার সঙ্গে আমার কথা হল, জেন সে বিষয়ে তোমার এবং আমার মধ্যে প্রভু পরমেশ্বর চিরকাল মধ্যস্থ থাকবেন।
24এই কথামত দাউদ প্রান্তরে গিয়ে লুকিয়ে রইলেন। অমাবস্যার দিন রাজা ভোজে যোগদান করলেন। 25অন্যান্য দিনের মত তিনি দেওয়ালের কাছে নিজের আসনে বসলেন। যোনাথন তাঁর বিপরীত দিকে বসলেন। অবনের বসলেন শৌলের পাশে। দাউদের আসন শূন্য রইল। 26শৌল সেদিন কিছুই বললেন না, তিনি ভাবলেন, হয়তো দাউদের কিছু হয়েছে, তার নিশ্চয় অশৌচচলছে। 27কিন্তু দ্বিতীয় দিন, অমাবস্যার পরের দিনও দাউদের আসন শূন্য থাকায় তিনি যোনাথনকে জিজ্ঞাসা করলেন, যিশয়ের পুত্র কাল ও আজ কেন ভোজ সভায় আসেনি? 28যোনাথন বললেন, দাউদ বেথলেহেমে যাওয়ার অনুমতি চেয়ে আমার কাছে একান্তভাবে অনুরোধ করেছিল। 29সে আমাকে বলেছিল, দয়া করে আমাকে যেতে দাও। নগরে আমাদের গোষ্ঠীর জন্য একটি যজ্ঞের অনুষ্ঠান হবে, আমার দাদা সেখানে যেতে আমাকে আদেশ দিয়েছেন। তুমি যদি আমায় সত্যিই ভালবাস তাহলে অনুমতি দাও, আমি গিয়ে একবার আমার আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করে আসি।এই জন্যই সে মহারাজের ভোজসভায় আসতে পারেনি।
30এ কথা শুনে শৌল যোনাথনের উপর রাগে জ্বলে উঠে বললেন, ওরে ভ্রষ্টা স্বেচ্ছাচারিণীর সন্তান, আমি বুঝেছি তুই নিজের আর তোর মায়ের নামে কলঙ্ক লেপন করার জন্যই যিশয়ের ছেলের সঙ্গে বন্ধুত্ব করেছিস। 31কিন্তু যিশয়ের ছেলে যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন তোর ও তোর রাজত্বের কোন স্থিরতা নেই, তা জানিস? এক্ষুণি লোক পাঠিয়ে তাকে আমার কাছে ধরে আন, তাকে মরতেই হবে। 32যোনাথন উত্তর দিলেন, কেন তাকে মরতে হবে? সে কি করেছে? 33শৌল তাঁকে আঘাত করার জন্য বর্শা ছুড়ে মারলেন। যোনাথন বুঝতে পারলেন যে তাঁর পিতা দাউদকে হত্যা করার জন্য দৃঢ়সঙ্কল্প করেছেন। 34যোনাথন তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ভোজসভা ত্যাগ করে বেরিয়ে গেলেন। মাসের দ্বিতীয় দিন তিনি কোন খাদ্য গ্রহণ করলেন না। কারণ দাউদের জন্য তাঁর মন উদ্বিগ্ন ছিল এবং তাঁর পিতাও তাঁকে অপমান করেছিলেন।
35পরদিন সকালে যোনাথন প্রান্তরে দাউদের সঙ্গে যে স্থান নির্দিষ্ট করেছিলেন সেখানে গেলেন। 36তাঁর সঙ্গে একটি ছোট ছেলে ছিল। তিনি ছেলেটিকে বললেন, আমি যে তীরগুলো ছুড়ব, তুই দৌড়ে গিয়ে সেগুলো কুড়িয়ে আনবি। ছেলেটি দৌড়াতে শুরু করলে তিনি তাকে ছাড়িয়ে সামনের দিকে তীর ছুঁড়লেন। 37ছেলেটি তাঁর নিক্ষিপ্ত তীরের কাছে উপস্থিত হলে তিনি তাকে ডেকে বললেন, তীরগুলো তোর সামনের দিকে ওপাশে নেই কি? 38তিনি তাকে ডেকে বললেন, শিগগির চলে আয়, দেরী করিস না। 39ছেলেটি তীরগুলো কুড়িয়ে তার প্রভু যোনাথনের কাছে নিয়ে এল, এ সবের কিছুই সে বুঝতে পারল না, কেবল যোনাথন ও দাউদই ব্যাপারটা জানতেন। 40যোনাথন তাঁর অস্ত্রশস্ত্র ছেলেটিকে দিয়ে বললেন, এগুলো নিয়ে নগরে চলে যা।
41ছেলেটি চলে যাওয়ামাত্র দাউদ পাথরের#20:41 গ্রীকঃ হিব্রু-অস্পষ্ট ঢিবির আড়াল থেকে উঠে দাঁড়ালেন এবং মাটিতে উপুড় হয়ে পড়ে তিনবার প্রণিপাত করলেন। 42তাঁরা দুইজনে পরস্পরকে চুম্বন করলেন এবং কাঁদতে লাগলেন। দাউদ কান্নায় খুব ভেঙ্গে পড়েছিলেন। তারপর যোনাথন দাউদকে বললেন, ঈশ্বর তোমার সহবর্তী, ভালোয় ভালোয় যাও। আমরা দুজনে তো প্রভু পরমেশ্বরের নামে দিব্য করেছি, প্রভু চিরকাল আমার ও তোমার, আমার বংশের ও তোমার বংশের মধ্যে মধ্যস্থ থাকবেন। #20:42 এই অংশটি মূল হিব্রুতে পরবর্তী অধ্যায়ের প্রথমে সংযোজিততখন দাউদ বিদায় নিলেন, যোনাথনও নগরে ফিরে এলেন।
Currently Selected:
১ শমুয়েলে 20: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.