১ শমুয়েলে 19
19
দাউদের প্রাণনাশের চক্রান্ত
1শৌল তাঁর পুত্র যোনাথন এবং তাঁর পারিষদবর্গকে বলে দিলেন যেন তারা দাউদকে হত্যা করে। 2কিন্তু যোনাথন দাউদকে খব ভালবাসতেন তাই তিনি দাউদকে বললেন, আমার পিতা শৌল তোমাকে হত্যা করার চেষ্টা করছেন। তুমি কাল সকালবেলা সাবধানে একটা গোপন স্থানে লুকিয়ে থেক। 3তুমি যেখানে থাকবে আমি বাবাকে নিয়ে তার কাছাকাছি জায়গায় গিয়ে দাঁড়াব এবং তোমার সম্পর্কে তাঁর সঙ্গে কথাবার্তা বলব। যদি কিছু জানতে পারি তাহলে এসে তোমাকে বলে দেব।
4পরে যোনাথন তাঁর পিতা শৌলের কাছে দাউদের সুখ্যাতি করে বললেন, মহারাজ, আপনার দাস দাউদের অনিষ্ট করে পাপ করবেন না, সে আপনার কোন অনিষ্ট করেনি বরং তার কাজকর্মের ফলে আপনার অনেক উপকার হয়েছে। 5সে নিজের জীবন বিপন্ন করে সেই ফিলিস্তিনীটাকে বধ করেছে আর তারই ফলে প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের কেমন বিপুলভাবে জয়যুক্ত করেছেন। তা দেখে আপনিও আনন্দিত হয়েছিলেন। তবে এখন কেন অকারণে দাউদকে হত্যা করে নির্দোষের রক্তপাতজনিত মহাপাপ করবেন? 6শৌল তখন যোনাথনের কথায় কর্ণপাত করলেন। তিনি শপথ করে বললেন, জাগ্রত প্রভু পরমেশ্বরে দিব্য, তাকে হত্যা করা হবে না। 7যোনাথন দাউদকে ডেকে এই সমস্ত কথা তাঁকে জানালেন। তিনি দাউদকে শৌলের কাছে নিয়ে এলেন এবং দাউদ আগের মতই তাঁর কাছে রইলেন।
শৌলের দরবার থেকে দাউদের পলায়ন
8কিছুদিন পরে ফিলিস্তিনীদের সঙ্গে আবার যুদ্ধ বাধল। দাউদ এই যুদ্ধে তাদের এমন প্রচণ্ডভাবে আঘাত করলেন যে তারা পরাজিত হয়ে পালিয়ে গেল। 9প্রভু পরমেশ্বর আবার শৌলকে মানসিক অশান্তিতে#19:9 হিব্রু : প্রভু পরমেশ্বরের কাছ থেকে মন্দ আত্মা এসে শৌলকে বিপর্যস্ত করে তুলল। বিপর্যস্ত করে তুললেন। শৌল নিজের ঘরেই বসেছিলেন, তাঁর হাতে ছিল একটা বর্শা। দাউদ তাঁর সামনে বসে বীণা বাজাচ্ছিলেন। 10এমন সময়ে শৌল বর্শা দিয়ে দাউদকে দেয়ালের সঙ্গে গেঁথে ফেলার চেষ্টা করলেন কিন্তুই দাউদ চকিতে তাঁর সামনে থেকে সরে যাওয়ায় বর্শাটি দেয়ালে গেঁথে গেল। দাউদ সেই রাত্রে পালিয়ে গিয়ে রক্ষা পেলন। 11দাউদের উরর নজর রাখার জন্য এবং সকালবেলায় তাঁকে হত্যা করার জন্য শৌল বাড়িতে অনুচর পাঠালেন। কিন্তু দাউদের স্ত্রী মিখল তাঁকে বললেন, আজ রাত্রেই যদি তুমি প্রাণ নিয়ে না পালাও তবে কাল তোমাকে ওরা হত্যা করবে।#গীত 59 (শিরোনাম) 12মিখল জানালা দিয়ে দাউদকে নামিয়ে দিলেন আর তিনি পালিয়ে গিয়ে আত্মরক্ষা করলেন। 13মিখল তখন একটি পারিবারিক বিগ্রহ#19:13 পারিবারিক বিগ্রহ নিয়ে বিছানায় শুইয়ে দিলেন এবং একটি ছাগলের লোমের কম্বল#19:13 হিব্রু শব্দের অর্থ অস্পষ্ট সেটির মাথায় জড়িয়ে কাপড় দিয়ে সেটাকে ঢেকে রাখলেন। 14শৌলের অনুচররা দাউদকে ধরতে এলে মিখল তাদের বললেন, উনি অসুস্থ। 15তখন শৌল তাঁর অনুচরদের দাউদকে দেখতে পাঠালেন এবং বলে দিলেন দাউদকে খাটে করে আমার কাছে নিয়ে এস, আমি তাকে বধ করব। 16অনুচররা ঘরের ভিতর গিয়ে দেখল খাটের উপর সেই বিগ্রহটি ছাগলের লোমের কম্বলে ঢাকা রয়েছে। 17শৌল তখন মিখলকে বললেন, তুমি আমার সঙ্গে এরকম প্রতারণা কেন করলে? তুমি আমার শত্রুকে ছেড়ে দেওয়ায় সে পালিয়ে গিয়েছে। মিখল উত্তর দিলেন, তিনি বলেছিলেন, আমাকে যেতে দাও নইলে আমি তোমাকে হত্যা করব।
18দাউদ ইতিমধ্যে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচালেন। তিনি রামায় শমুয়েলের কাছে গিয়ে তাঁর প্রতি শৌলের সমস্ত আচরণের কথা জানালেন। তারপর তিনি ও শমুয়েল নায়োথ গ্রামে গিয়ে বাস করতে লাগলেন। 19শৌল সংবাদ পেলেন যে দাউদ রামায় নায়োথে আছেন। 20তখন তিনি দাউদকে ধরবার জন্য অনুচরদের পাঠালেন। পথে একদল পবিত্র আত্মায় আবিষ্ট নবীর সঙ্গে সেই অনুচরদের সাক্ষাৎ হল। ঈশ্বরের শক্তির প্রবল আবেগে তাঁরা ভাবোচ্ছাস প্রকাশ করছিলেন। এঁদের নেতারূপে তারা শমুয়েলকে দাঁড়িয়ে থাকতে দেখল। তখন ঈশ্বরের শক্তি শৌলের অনুচরদের উপরেও অধিষ্ঠিত হলেন, ফলে তারাও ভাবের আবেগে উচ্ছাস প্রকাশ করতে লাগল। 21শৌলের কাছে এই সংবাদ পৌঁছালে তিনি অন্য অনুচরদের পাঠালেন, কিন্তু তারাও ভাবাবিষ্ট হল। শৌল তৃতীয়বার আর একদল অনুচর পাঠিয়ে দিলেন, 22কিন্তু তারাও ভাবাবিষ্ট হয়ে একই আচরণ করতে লাগল। তখন শৌল নিজেই রামায় গেলেন আর সেখু নামক স্থানে যে মস্ত বড় কুয়োটি রয়েছে তার কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, শমুয়েল আর দাউদ কোথায়? একজন বলল, মহারাজ, তাঁরা রামায় নায়োথে আছেন। শৌল তখন নায়োথের দিকে রওনা হলেন। 23ঈশ্বরের শক্তি তাঁর উপরেও অধিষ্ঠিত হল। তিনি রামায় নায়োথে না পৌঁছানো পর্যন্ত পথে যেতে যেতে প্রবল উত্তেজনায় নবীদের মত আচরণ করতে লাগলেন। 24তিনি পোশাক খুলে ফেলে শমুয়েলের সম্মুখেও ভাবাবেশে একই আচরণ করতে লাগলেন এবং সারাদিন ও সারারাত বিবস্ত্র হয়ে পড়ে রইলেন। আর এই জন্যই এই প্রবাদ রটে গেল, শৌলও কি শেষে নবী হয়ে গেলেন?#১ শমু 10:11-12
Currently Selected:
১ শমুয়েলে 19: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.