YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 51

51
গান পরিচালকের সংকলনের জন্য। দায়ূদের গান। বৎশেবার সংগে দায়ূদের ব্যভিচারের পর নবী নাথন যখন দায়ূদের কাছে এসেছিলেন গানখানা সেই সময়কার।
1হে ঈশ্বর, তোমার অটল ভালবাসার জন্য আমার প্রতি দয়া কর;
তোমার অসীম করুণার জন্য
তোমার প্রতি আমার সব বিদ্রোহ ক্ষমা কর।
2আমার সব অন্যায় তুমি ধুয়ে ফেল;
আমার পাপ থেকে আমাকে শুচি কর।
3আমার সব বিদ্রোহের কথা আমার চেতনায় রয়েছে;
আমার পাপ সব সময় আমার মনে রয়েছে।
4তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি
আর তোমার চোখে যা খারাপ তা-ই করেছি।
কাজেই তোমার রায় ঠিক, তোমার বিচার নিখুঁত।
5হ্যাঁ, জন্ম থেকেই আমি অন্যায়ের মধ্যে আছি;
পাপের অবস্থাতেই আমি মায়ের গর্ভে ছিলাম।
6তুমি অন্তরের মধ্যে সত্য দেখতে চাও;
তুমিই আমার অন্তরের গভীরে জ্ঞান দাও।
7এসোব গাছের ডাল দিয়ে তুমি আমাকে শুচি কর,
তাতে আমি শুচি হব;
আমাকে ধূয়ে নাও, তাতে আমি ধব্‌ধবে সাদা হব।
8আমাকে খুশীর আওয়াজ ও আনন্দধ্বনি শুনতে দাও;
তোমার চুরমার করা আমার এই হাড়গুলো আনন্দ করুক।
9তুমি আমার পাপের দিকে চেয়ে দেখো না;
আমার সমস্ত অন্যায় তুমি ক্ষমা কর।
10হে ঈশ্বর, তুমি আমার মধ্যে খাঁটি অন্তর সৃষ্টি কর;
আমার মন আবার স্থির কর।
11তোমার সামনে থেকে আমাকে দূর করে দিয়ো না;
আমার মধ্য থেকে তোমার পবিত্র আত্মাকে নিয়ে যেয়ো না।
12তোমার দেওয়া উদ্ধারের আনন্দ আমাকে আবার দাও;
তোমার বাধ্য হওয়ার ইচ্ছুক মন দিয়ে তুমি আমাকে সবল কর।
13তাহলে আমি তোমার পথ সম্বন্ধে বিদ্রোহীদের শিক্ষা দিতে পারব,
আর পাপীরা ঘুরে তোমার দিকে ফিরবে।
14হে ঈশ্বর, আমার উদ্ধারকর্তা ঈশ্বর,
খুনের দায় থেকে তুমি আমাকে বাঁচাও;
তাতে আমার মুখ থেকে তোমার ন্যায্যতার গান বেরিয়ে আসবে।
15হে প্রভু, আমার মুখ খুলে দাও,
আমি তোমার প্রশংসা প্রচার করব।
16পশু-উৎসর্গে তো তুমি খুশী হও না, হলে আমি তা করতাম;
পোড়ানো-উৎসর্গেও তুমি সন্তুষ্ট হও না।
17ভাংগাচোরা অন্তরই ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ;
হে ঈশ্বর, নত এবং নম্র মনকে তুমি তুচ্ছ করবে না।
18তোমার মংগল ইচ্ছায় তুমি সিয়োনের মংগল কর;
তুমি যিরূশালেমের দেয়াল তোলার কাজ চালিয়ে যাও।
19তাহলে যোগ্য মনোভাব নিয়ে করা উৎসর্গের অনুষ্ঠানে,
পোড়ানো-উৎসর্গে আর নিঃশেষে পোড়ানো-উৎসর্গে
তুমি আনন্দ পাবে,
আর তোমার বেদীর উপরে লোকে ষাঁড় উৎসর্গ করবে।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in