গীতসংহিতা 34
34
দায়ূদের গান। অবীমেলকের সামনে দায়ূদ পাগলের ভান করেছিলেন, সেইজন্য অবীমেলক দায়ূদকে তাড়িয়ে দিয়েছিলেন আর দায়ূদও চলে গিয়েছিলেন। গানটা সেই সময়কার।
1আমি সব সময় সদাপ্রভুর গৌরব করব;
আমার মুখে তাঁর গুণগান লেগেই থাকবে।
2আমি সদাপ্রভুকে নিয়ে গর্ব করব;
তা শুনে দুঃখীরা আনন্দ পাবে।
3তোমরা আমার সংগে সদাপ্রভুর মহিমার কথা বল;
এস, আমরা একসংগে তাঁর গৌরব করি।
4আমি সদাপ্রভুকে ডাকলাম,
তিনি আমার ডাকে সাড়া দিলেন;
আমার সমস্ত ভয় থেকে তিনি আমাকে উদ্ধার করলেন।
5লোকে তাঁর দিকে যখন বিশ্বাসের চোখে চায়
তখন তাদের মুখ উজ্জ্বল হয়ে ওঠে;
তাদের মুখে লজ্জার ভাব দেখা দেয় না।
6এই হতভাগা সদাপ্রভুকে ডাকল;
তিনি তার ডাকে সাড়া দিলেন
আর সমস্ত কষ্ট থেকে তাকে উদ্ধার করলেন।
7যারা সদাপ্রভুকে ভক্তি করে
সদাপ্রভুর দূত তাদের চারপাশে ছাউনি ফেলেন
আর তাদের রক্ষা করেন।
8স্বাদ নিয়ে দেখ সদাপ্রভু মংগলময়;
ধন্য সেই লোক, যে তাঁর মধ্যে আশ্রয় নেয়।
9হে সদাপ্রভুর লোকেরা, তোমরা তাঁকে ভক্তিপূর্ণ ভয় কর,
কারণ যারা তাঁকে ভক্তি করে
তাদের কোন কিছুরই অভাব হয় না।
10যুব সিংহদের খাবারের অভাব হয়,
তারা খিদেয় কষ্ট পায়;
কিন্তু যারা সদাপ্রভুর ইচ্ছামত চলে
তাদের মংগলের অভাব হয় না।
11ছেলেমেয়েরা, এস, আমার কথা শোন;
আমি তোমাদের শিখাব কি করে সদাপ্রভুকে ভক্তি করতে হয়।
12তোমাদের মধ্যে কে এই জীবন ভোগ করতে চায়?
সুখভোগ করার জন্য কে অনেক দিন বেঁচে থাকতে চায়?
13তাহলে সে জিভ্ দিয়ে মন্দ কথা না বলুক,
আর ঠোঁট দিয়ে ছলনার কথা বের না করুক।
14মন্দ কাজ থেকে দূরে থাক, ভাল কাজ কর;
শান্তির জন্য আগ্রহী হও আর তার পিছু ছেড়ো না।
15যারা ন্যায়ের পথে চলে তাদের উপরে সদাপ্রভুর চোখ আছে;
তাদের ডাক শোনার জন্য তাঁর কান খোলাই রয়েছে।
16যারা মন্দ কাজ করে সদাপ্রভু তাদের বিরুদ্ধে দাঁড়ান,
যাতে পৃথিবীর বুক থেকে তাদের নাম মুছে যায়।
17যারা ন্যায় কাজ করে সদাপ্রভু তাদের কান্না শোনেন;
সমস্ত কষ্ট থেকে তিনি তাদের উদ্ধার করেন।
18যাদের মন ভেংগে গেছে সদাপ্রভু তাদের কাছে থাকেন;
যাদের অন্তর চুরমার হয়ে গেছে তিনি তাদের উদ্ধার করেন।
19যে ন্যায় পথে চলে তার বিপদ অনেক হলেও
সেই সব থেকে সদাপ্রভুই তাকে উদ্ধার করেন।
20তার সব হাড় তিনিই রক্ষা করেন,
সেগুলোর একটাও ভাংগা হবে না।
21অন্যায়কারীর মৃত্যু হবে মন্দতার হাতে;
যারা ন্যায় কাজ করে তাদের ঘৃণাকারীদের শাস্তি হবে।
22সদাপ্রভুই তাঁর দাসদের মুক্ত করেন;
যারা তাঁর মধ্যে আশ্রয় নেয় তারা কেউই শাস্তি পাবে না।
Currently Selected:
গীতসংহিতা 34: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000