Bible App logo
Search Icon

গীতসংহিতা 33

33
1হে ঈশ্বরভক্ত লোকেরা, সদাপ্রভুর বিষয় নিয়ে
তোমরা আনন্দ-গান কর;
তাঁর গুণগান করা খাঁটি লোকদেরই কাজ।
2বীণা বাজিয়ে সদাপ্রভুকে ধন্যবাদ দাও;
তাঁর উদ্দেশে দশ তারের বীণা বাজাও।
3তাঁর উদ্দেশে নতুন গান গাও,
পাকা হাতে বাজনা বাজাও আর আনন্দে চিৎকার কর।
4সদাপ্রভুর বাক্য সত্য,
তাঁর সব কাজে তিনি বিশ্বস্ত।
5সদাপ্রভু ন্যায় কাজ ও ন্যায়বিচার ভালবাসেন;
সারা পৃথিবী জুড়ে আছে তাঁর অটল ভালবাসা।
6সদাপ্রভুর কথায় মহাকাশ তৈরী হয়েছে;
তার মধ্যেকার সব কিছু তৈরী হয়েছে তাঁর মুখের শ্বাসে।
7তিনি সমুদ্রের জল জড়ো করে ঢিবি করেন,
আর বিভিন্ন ভাণ্ডারে সেই গভীর জল রাখেন।
8পৃথিবীর সব লোক সদাপ্রভুকে ভক্তি করুক,
জগতের সবাই তাঁর ভয়ে কাঁপুক;
9কারণ তিনি বললেন আর সব কিছুর সৃষ্টি হল;
তিনি আদেশ দিলেন আর সব কিছু প্রতিষ্ঠিত হল।
10সব জাতির পরিকল্পনা সদাপ্রভুই অকেজো করেন;
তাদের চিন্তাগুলো তিনিই বিফল করেন।
11কিন্তু সদাপ্রভুর পরিকল্পনা চিরকাল টিকে থাকে;
তাঁর মন যুগ যুগ ধরেই স্থির থাকে।
12ধন্য সেই জাতি, যার ঈশ্বর সদাপ্রভু;
সেই লোকেরা ধন্য,
যাদের তিনি নিজের সম্পত্তি হিসাবে বেছে নিয়েছেন।
13সদাপ্রভু স্বর্গ থেকে নীচে তাকিয়ে দেখেন
আর সমস্ত মানুষকে লক্ষ্য করেন।
14যারা পৃথিবীতে বাস করে
তাঁর বাসস্থান থেকে তিনি তাদের খেয়াল করেন।
15সকলের অন্তর তিনিই গড়েন;
তারা যা কিছু করে তা তিনি বুঝতে পারেন।
16বড় সৈন্যদল থাকলেও কোন রাজা তা দিয়ে রক্ষা পেতে পারে না;
মহাশক্তি দ্বারাও কোন বীর যোদ্ধা রক্ষা পেতে পারে না।
17রক্ষা পাবার জন্য ঘোড়ার উপর নির্ভর করা মিথ্যা আশা;
মহাশক্তি থাকলেও ঘোড়া রক্ষা করতে পারে না।
18কিন্তু সদাপ্রভুর প্রতি যাদের ভক্তিপূর্ণ ভয় আছে,
যারা তাঁর অটল ভালবাসার উপর আশা রাখে,
তাদের উপর তাঁর নজর রয়েছে;
19যাতে মৃত্যু থেকে তিনি তাদের রক্ষা করতে পারেন
আর দুর্ভিক্ষের সময়ে বাঁচিয়ে রাখতে পারেন।
20আমরা সদাপ্রভুর জন্য অপেক্ষা করছি;
তিনিই আমাদের সাহায্যকারী ও আমাদের ঢাল।
21হ্যাঁ, তাঁকেই ঘিরে রয়েছে আমাদের অন্তরের আনন্দ,
কারণ আমরা তাঁর পবিত্রতার উপর নির্ভর করি।
22হে সদাপ্রভু, আমাদের উপরে তোমার ভালবাসা থাকুক,
কারণ আমরা তোমার উপরেই আমাদের আশা রেখেছি।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 33