Bible App logo
Search Icon

গীতসংহিতা 35

35
দায়ূদের গান।
1হে সদাপ্রভু, যারা আমার বিপক্ষে তুমিও তাদের বিপক্ষে থাক;
যারা আমার বিরুদ্ধে যুদ্ধ করে তুমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ কর।
2ছোট-বড় দু’খানা ঢালই তুমি তুলে নাও
আর আমার সাহায্যের জন্য এসে দাঁড়াও।
3আমার পিছনে যারা তাড়া করে আসছে,
বর্শা নিয়ে তাদের আসার পথ তুমি বন্ধ করে দাও।
আমাকে বল, “আমিই তোমার উদ্ধার।”
4যারা আমাকে মেরে ফেলতে চাইছে
তারা লজ্জা ও অসম্মানে পড়ুক;
যারা আমার সর্বনাশের ষড়যন্ত্র করছে
তারা অপমানিত হয়ে ফিরে যাক।
5তারা বাতাসের মুখে তুষের মত উড়ে যাক;
হ্যাঁ, সদাপ্রভুর দূত তাদের তাড়িয়ে দিন।
6তাদের পথ অন্ধকার ও পিছল হোক;
হ্যাঁ, সদাপ্রভুর দূত তাদের তাড়া করুন।
7তারা অকারণে আমার জন্য গর্তের উপর গোপনে জাল পেতেছে,
বিনা কারণে আমার জন্য গর্ত খুঁড়েছে।
8তাই হঠাৎ তাদের উপর সর্বনাশ নেমে আসুক;
তাদের গোপন জালে তারাই ধরা পড়ুক,
সেই সর্বনাশে তারাই পড়ুক।
9তখন সদাপ্রভুকে নিয়ে আমি আনন্দিত হব;
তাঁর দেওয়া উদ্ধারে আমি আনন্দ করব।
10আমার সমস্ত শরীর তখন বলবে,
“হে সদাপ্রভু, আর কে আছে তোমার মত?
তুমিই তো দুঃখীদের উদ্ধার করে থাক তাদের শত্রুদের হাত থেকে
যারা তাদের চেয়ে শক্তিশালী;
যারা লুটপাট করে তাদের হাত থেকে
তুমি দুঃখী ও অভাবীদের উদ্ধার করে থাক।”
11অত্যাচারীরা মিথ্যা সাক্ষ্য দিতে এগিয়ে আসছে,
আর আমি যা জানি না সেই বিষয়ে আমাকে জেরা করছে।
12মংগলের বদলে তারা আমার অমংগল করছে;
হায়, কি দুর্ভাগা আমি!
13তবুও তাদের অসুস্থতার সময় আমি চট পরেছি,
উপবাস করে নিজেকে ভেংগে চুরমার করেছি;
কিন্তু আমার প্রার্থনা আমার কাছেই ফিরে এসেছে।
14ভাই ও বন্ধু-হারার মত আমি তাদের জন্য শোক প্রকাশ করেছি;
শোক প্রকাশের সময় মা-হারার মত মাথা নীচু করেছি।
15কিন্তু আমি যখন উছোট খেলাম
তখন তারা খুশী হয়ে একজোট হল।
সেই সব আক্রমণকারীরা আমার অজান্তে
আমার বিরুদ্ধে একজোট হল।
তারা আমাকে অনবরত গাল-মন্দ করতে লাগল।
16উৎসবের সময়ে ঈশ্বরের প্রতি ভক্তিহীন ঠাট্টাকারীদের মত
আমার বিরুদ্ধে তারা দাঁতে দাঁত ঘষতে লাগল।
17হে প্রভু, আর কতকাল তুমি এ সব দেখবে?
তাদের অত্যাচার থেকে আমাকে রক্ষা কর;
এই সব সিংহদের হাত থেকে আমার বহুমূল্য জীবন বাঁচাও।
18মহাসভার মধ্যে আমি তোমাকে ধন্যবাদ দেব
আর অসংখ্য লোকের মধ্যে তোমার গুণগান করব।
19মিথ্যা কারণে যারা আমার শত্রু হয়েছে
তুমি আমাকে তাদের তামাশার পাত্র হতে দিয়ো না;
অকারণে যারা আমাকে ঘৃণা করে
আমার বিরুদ্ধে তাদের চোখ টেপাটিপি করতে দিয়ো না।
20তাদের কথাগুলো শান্তির দিকে নয়;
দেশে যারা শান্তিতে বাস করছে তাদের বিরুদ্ধে
তারা ছলনা-ভরা মতলব করে।
21আমার বিরুদ্ধে তারা মুখ ভেংগিয়ে বলেছে,
“হ্যাঁ, হ্যাঁ, আমরা নিজের চোখেই দেখেছি।”
22হে সদাপ্রভু, তুমি এ সব দেখেছ,
তুমি চুপ করে থেকো না;
হে প্রভু, তুমি আমার কাছে কাছে থাক।
23ঈশ্বর আমার, প্রভু আমার, তুমি জেগে ওঠো,
আমার পক্ষ নাও, আমার পক্ষ হয়ে কথা বল।
24হে সদাপ্রভু, আমার ঈশ্বর, তোমার ন্যায়ে আমার বিচার কর;
আমাকে তাদের তামাশার পাত্র হতে দিয়ো না।
25মনে মনে তাদের বলতে দিয়ো না,
“বেশ! বেশ! যা আমরা চেয়েছিলাম তা-ই হয়েছে।”
তাদের বলতে দিয়ো না, “আমরা ওকে শেষ করে দিয়েছি।”
26আমার বিপদ দেখে যারা আনন্দ করে
তারা সবাই লজ্জিত ও অপমানিত হোক;
যারা আমার উপরে নিজেদের তুলে ধরে
তারা লজ্জা আর অপমানে ঢাকা পড়ুক।
27আমি ন্যায়পথে চলেছি, এ কথা যারা শুনতে ভালবাসে
তারা খুশী হয়ে চিৎকার করুক আর আনন্দ করুক।
তারা সব সময় বলুক, “সদাপ্রভুর গৌরব হোক;
তাঁর দাসের মংগল হলে তিনি খুশী হন।”
28আমি জিভ্‌ দিয়ে তোমার ন্যায়বিচারের কথা বলব,
আর সারা দিন তোমার গুণগান করতে থাকব।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 35