YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 11

11
1ঠকামির দাঁড়িপাল্লা সদাপ্রভু ঘৃণা করেন,
কিন্তু ন্যায্য বাট্‌খারাতে তিনি খুশী হন।
2অহংকারের সংগে সংগে অপমানও আসে,
কিন্তু নম্রতার সংগে আসে জ্ঞান।
3সৎ লোকেরা পরিচালিত হয় তাদের সততার দ্বারা,
কিন্তু অবিশ্বস্ত লোকেরা ধ্বংস হয় নিজেদের ছলনার দ্বারা।
4যেদিন ঈশ্বরের ক্রোধ নেমে আসবে
সেই দিন ধন কোন উপকারে আসবে না,
কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তি মৃত্যু থেকে রক্ষা করবে।
5সৎ লোকদের ঈশ্বরভক্তি তাদের জন্য সোজা পথ তৈরী করে,
কিন্তু দুষ্টদের পতন হয় তাদের দুষ্টতার দ্বারা।
6সৎ লোকদের ঈশ্বরভক্তি তাদের রক্ষা করে,
কিন্তু অবিশ্বস্ত লোকেরা নিজেদের লোভের ফাঁদে পড়ে।
7দুষ্ট লোক মরলে তার আশাও নষ্ট হয়ে যায়;
তার শক্তির দরুন সে যে সব আশা করেছিল তা নষ্ট হয়ে যায়।
8ঈশ্বরভক্ত লোক কষ্ট থেকে উদ্ধার পায়,
কিন্তু সেই কষ্ট দুষ্ট লোকের উপরে এসে পড়ে।
9ঈশ্বরের প্রতি যার ভক্তি নেই সে মুখ দিয়ে
প্রতিবেশীর সর্বনাশ করে,
কিন্তু ঈশ্বরভক্ত লোক জ্ঞান দ্বারা রক্ষা পায়।
10ঈশ্বরভক্তদের মংগল হলে শহরে আনন্দ হয়,
আর দুষ্টেরা ধ্বংস হলে লোকে আনন্দে চিৎকার করে।
11সৎ লোকেরা ঈশ্বরের আশীর্বাদ পেলে শহরের উন্নতি হয়,
কিন্তু দুষ্টদের মুখের দ্বারা শহরের সর্বনাশ হয়।
12যে তার প্রতিবেশীকে তুচ্ছ করে তার বুদ্ধির অভাব আছে,
কিন্তু যার বিচারবুদ্ধি আছে সে তার জিভ্‌ সামলায়।
13যে পরের বিষয় নিয়ে অলোচনা করে সে গুপ্ত কথা বলে দেয়,
কিন্তু বিশ্বস্ত লোক কথা গোপন রাখে।
14উপযুক্ত পরিচালনার অভাবে জাতি হেরে যায়,
কিন্তু অনেক পরামর্শদাতা হলে জাতি উদ্ধার পায়।
15যে অন্যের জামিন হয় সে নিশ্চয়ই কষ্ট পাবে,
কিন্তু যে জামিন হতে অস্বীকার করে সে নিরাপদে থাকে।
16সুন্দর স্বভাবের স্ত্রীলোক সম্মান লাভ করে,
আর অত্যাচারী লোকেরা ধন লাভ করে।
17দয়ালু লোক নিজের উপকার করে,
কিন্তু নিষ্ঠুর লোক নিজের ক্ষতি করে।
18দুষ্ট লোক যা আয় করে তা মিথ্যা,
কিন্তু যে ঈশ্বরভক্তির বীজ বোনে
সে সত্যিই তার ফসল কাটবে।
19যে ঈশ্বরভক্তিতে অটল সে পরিপূর্ণ জীবন পায়,
কিন্তু যে মন্দতার পিছনে দৌড়ায় সে নিজের মৃত্যু ডেকে আনে।
20যাদের অন্তর কুটিল সদাপ্রভু তাদের ঘৃণা করেন,
কিন্তু যারা নিখুঁত জীবন কাটায় তাদের উপর তিনি সন্তুষ্ট হন।
21তোমরা নিশ্চয় জেনো দুষ্টেরা শাস্তি পাবেই পাবে,
কিন্তু ঈশ্বরভক্তেরা কোন শাস্তি পাবে না।
22শূকরের নাকে সোনার নথ দিলে যেমন হয়,
তেমনি হয় সেই সুন্দরী স্ত্রীলোক যার ভাল-মন্দের বোধ নেই।
23ঈশ্বরভক্তের মনের ইচ্ছা মংগল বয়ে আনে,
কিন্তু দুষ্ট লোকের আশার বদলে
কেবল ঈশ্বরের ক্রোধ নেমে আসে।
24যে কেউ খোলা হাতে দান করে সে আরও বেশী লাভ করে;
আবার যে কেউ ন্যায্য খরচ করতে অস্বীকার করে
সে অভাবে পড়ে।
25যে খোলা হাতে দান করে তার উন্নতি হয়;
যে অন্যকে তৃপ্ত করে সে নিজেও তৃপ্ত হয়।
26যে লোক শস্য আটক করে রাখে লোকে তাকে অভিশাপ দেয়,
কিন্তু যে তা বিক্রি করে সে আশীর্বাদের পাত্র হয়।
27যে মংগলের খোঁজ করে সে দয়া পায়,
কিন্তু যে মন্দের খোঁজ করে তার উপর তা-ই ঘটবে।
28যে তার ধনের উপর নির্ভর করে তার পতন হবে,
কিন্তু ঈশ্বরভক্ত লোক সবুজ পাতার মত সতেজ থাকবে।
29যে তার পরিবারে কষ্ট নিয়ে আসে
তার ভাগে বাতাস ছাড়া আর কিছুই থাকবে না;
আর যাদের বিবেক অসাড় তারা জ্ঞানীদের দাস হবে।
30ঈশ্বরভক্ত লোক অন্যদের কাছে জীবন-গাছের মত;
যে অন্যদের মন জয় করে সে জ্ঞানী।
31এই জগতেই যদি ঈশ্বরভক্ত লোকদের পাওনা পেতে হয়,
তবে দুষ্ট এবং পাপীরা নিশ্চয়ই তাদের পাওনা পাবে।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for হিতোপদেশ 11