হিতোপদেশ 12
12
1যে লোক শাসন ভালবাসে সে জ্ঞান ভালবাসে,
কিন্তু যে লোক সংশোধনের কথা ঘৃণা করে সে পশুর সমান।
2ভাল লোক সদাপ্র্রভুর কাছ থেকে দয়া পায়,
কিন্তু যে কুমতলব করে সদাপ্রভু তাকে দোষী বলে স্থির করেন।
3মন্দতা দিয়ে কোন লোকের জীবনে স্থিরতা আসে না,
কিন্তু ঈশ্বরভক্ত লোকের জীবনের ভিত্তি অটল থাকে।
4ভাল ও গুণবতী স্ত্রী স্বামীর মাথার মুকুটের মত,
কিন্তু যে স্ত্রী লজ্জার কাজ করে
সে তার স্বামীর পচা হাড়ের মত।
5ঈশ্বরভক্ত লোকদের চিন্তা ন্যায়ে পূর্ণ,
কিন্তু দুষ্টদের পরামর্শে আছে ছলনা।
6দুষ্ট লোকেরা রক্তপাত করবার জন্য ওৎ পেতে থাকবার কথা বলে,
কিন্তু ন্যায়বানেরা রক্ষা করবার কথা বলে।
7দুষ্ট লোকেরা ধ্বংস হয়ে যায়, তাদের বংশ থাকে না,
কিন্তু ঈশ্বরভক্ত লোকদের বংশ অটল থাকে।
8মানুষ যেভাবে বুদ্ধি খাটায় সেই অনুসারে প্রশংসা পায়,
কিন্তু কুটিলমনা লোকদের তুচ্ছ করা হয়।
9যে লোক বড়লোকের ভান করে কিন্তু ঘরে খাবার নেই,
তার চেয়ে যে বড়লোক নয় অথচ চাকর রাখে সে বরং ভাল।
10ঈশ্বরভক্ত লোক তার পশুদের যত্ন করে,
কিন্তু দুষ্টদের মমতাও নিষ্ঠুরতায় পূর্ণ।
11যে লোক নিজের জমিতে পরিশ্রম করে তার প্রচুর খাবার থাকে,
কিন্তু যে অসারতার পিছনে দৌড়ায় তার বুদ্ধির অভাব আছে।
12দুষ্টেরা মন্দ লোকদের লুট করা জিনিস পেতে চায়,
কিন্তু ঈশ্বরভক্ত লোকদের জীবন ফল দান করে।
13মন্দ লোক তার পাপে পূর্ণ কথাবার্তার দ্বারা ফাঁদে পড়ে,
কিন্তু ঈশ্বরভক্ত লোক কষ্ট থেকে রেহাই পায়।
14মানুষ তার কথার দ্বারা মংগলে পরিপূর্ণ হতে পারে,
আর তার কাজ অনুসারে সে ফল পায়।
15অসাড়-বিবেক লোকের পথ তার নিজের কাছে ঠিক মনে হয়,
কিন্তু জ্ঞানী লোক পরামর্শ শোনে।
16যার বিবেক অসাড় সে তার বিরক্তি প্রকাশ করে ফেলে,
কিন্তু সতর্ক লোক নিজের অপমান ঢাকা দেয়।
17সত্যবাদীর সাক্ষ্যের ফলে উচিত বিচার হয়,
কিন্তু মিথ্যবাদীর সাক্ষ্যের ফলে ভুল বিচার হয়।
18বেপরোয়া কথা তলোয়ারের মত আঘাত করে,
কিন্তু জ্ঞানীর কথা সুস্থ করে।
19সত্যবাদীর কথা চিরকাল স্থায়ী,
কিন্তু মিথ্যাবাদীর কথা অল্পকাল স্থায়ী।
20যারা কুমতলব করে তাদের অন্তরে ছলনা থাকে,
কিন্তু যারা মংগলের পরামর্শ দেয় তাদের অন্তরে থাকে আনন্দ।
21ঈশ্বরভক্ত লোকদের জীবনে অমংগল হয় না,
কিন্তু দুষ্টদের জীবন অমংগলে পূর্ণ থাকে।
22মিথ্যাবাদী মুখকে সদাপ্রভু ঘৃণা করেন,
কিন্তু যে লোকেরা বিশ্বস্ততায় চলে
তাদের উপর তিনি সন্তুষ্ট হন।
23সতর্ক লোক যা জানে তা বলে বেড়ায় না,
কিন্তু বিবেচনাহীন লোকেরা তাদের কথায় নির্বুদ্ধিতা প্রকাশ করে।
24পরিশ্রমী লোকেরা কর্তৃত্ব করে,
কিন্তু অলস লোকেরা পরের অধীন হয়।
25দুশ্চিন্তার ভারে মানুষের অন্তর ভেংগে পড়ে,
কিন্তু একটুখানি উৎসাহের কথা তাকে আনন্দ দান করে।
26ঈশ্বরভক্ত লোক তার প্রতিবেশীকে পথ দেখায়,
কিন্তু দুষ্টেরা এমন পথে চলে যা তাদেরই বিপথে নিয়ে যায়।
27অলস লোক নিজের খাবারের জন্য শিকার করতেও যায় না,
কিন্তু মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হল পরিশ্রমী হওয়া।
28ন্যায়ের পথে জীবন থাকে,
সেই পথে মৃত্যু নেই।
Currently Selected:
হিতোপদেশ 12: SBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000