দ্বিতীয় বিবরণ 17
17
1“তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে তোমরা এমন কোন গরু বা ছাগল বা ভেড়া উৎসর্গ করবে না যার কোন খুঁত বা দোষ আছে, কারণ তিনি তা ঘৃণা করেন।
2“তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া গ্রাম বা শহরগুলোর কোনটাতে হয়তো দেখা যাবে যে, তোমাদের মধ্যেকার কোন পুরুষ অথবা স্ত্রীলোক তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া ব্যবস্থা অমান্য করে তাঁর চোখে যা মন্দ তা করছে। 3সে হয়তো আমার আদেশের বিরুদ্ধে গিয়ে দেব-দেবতার সেবা করছে এবং সেই সব দেব-দেবতা কিম্বা সূর্য, চাঁদ বা আকাশের তারাগুলোর পূজা করছে। 4যদি এই সব তোমাদের জানানো হয়, তবে তোমরা তা ভাল করে তদন্ত করে দেখবে। যদি তা সত্যি হয় এবং এই রকম ঘৃণার কাজ ইস্রায়েলীয়দের মধ্যে করা হয়েছে বলে প্রমাণিত হয়, 5তবে যে পুরুষ বা স্ত্রীলোক এই রকম জঘন্য কাজ করেছে তোমরা তাকে গ্রাম বা শহরের ফটকের কাছে নিয়ে পাথর ছুঁড়ে মেরে ফেলবে। 6কোন মানুষকে মেরে ফেলতে হলে দুই বা তিনজন সাক্ষীর কথার উপর নির্ভর করে তা করতে হবে; মাত্র একজন সাক্ষীর কথার উপর নির্ভর করে তা করা চলবে না। 7সেই লোকটিকে মেরে ফেলবার জন্য সাক্ষীরাই প্র্রথমে পাথর ছুঁড়বে, তারপর ছুঁড়বে অন্যান্য সব লোকেরা। এইভাবে তোমরা তোমাদের মধ্য থেকে সেই মন্দতা শেষ করে দেবে।
জটিল বিচার সম্বন্ধে নির্দেশ
8“যদি এমন সব মামলা তোমাদের আদালতে আসে যেগুলোর বিচার করা তোমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়- সেটা রক্তপাতের জন্যই হোক কিম্বা ঝগড়া-বিবাদের জন্যই হোক কিম্বা আঘাতের জন্যই হোক- তবে সেই মামলা নিয়ে সদাপ্রভুর বেছে নেওয়া জায়গায় তোমাদের যেতে হবে। 9তোমরা তখন সেই সময়কার বিচারক এবং লেবীয়দের মধ্যে যারা পুরোহিত তাদের কাছে যাবে। তোমরা বিষয়টা তাদের বুঝিয়ে বলবে আর তারাই তোমাদের সেই বিচারের রায় দেবে। 10সদাপ্রভুর বেছে নেওয়া জায়গাতে তারা তোমাদের কাছে যে রায় জানাবে তোমরা তা কাজে লাগাবে। তবে সাবধান, তারা তোমাদের যা যা করতে বলবে তার কোনটাই তোমরা বাদ দেবে না। 11তারা আইন-কানুন সম্বন্ধে তোমাদের যা শিক্ষা দেবে এবং যে রায় দেবে সেই মতই তোমরা কাজ করবে। তারা তোমাদের যা করতে বলবে তোমরা ঠিক তা-ই করবে, এদিক ওদিক করবে না। 12যদি কোন লোক অহংকারের বশে সেই বিচারকের কথা কিম্বা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবাকারী সেই পুরোহিতের কথা শুনতে রাজী না হয়, তবে তাকে অবশ্যই মেরে ফেলতে হবে। তোমরা ইস্রায়েলীয়দের মধ্য থেকে এই রকমের মন্দতা শেষ করে দেবে। 13তাহলে সমস্ত লোক সেই কথা শুনে ভয় পাবে এবং এই রকম অহংকারের ভাব আর দেখাবে না।
রাজা নিয়োগ
14“তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে দেশটা তোমাদের দিতে যাচ্ছেন সেখানে গিয়ে তা দখল করে যখন তোমরা সেখানে বাস করতে থাকবে এবং বলবে, ‘আমাদের আশেপাশের জাতিগুলোর মত এস, আমরা আমাদের জন্য একজনকে রাজা হিসাবে বেছে নিই,’ 15তখন তোমাদের ঈশ্বর সদাপ্রভু যাকে ঠিক করে দেবেন তাকেই তোমরা তোমাদের রাজা করবে। সে যেন তোমাদের ইস্রায়েলীয় ভাইদের মধ্যে একজন হয়। যে তোমাদের ইস্রায়েলীয় ভাই নয় এমন ভিন্ন জাতির কোন লোককে তোমরা তোমাদের রাজা করবে না। 16সেই রাজা যেন নিজের জন্য অনেক ঘোড়া জোগাড় করবার দিকে মন না দেয় এবং তার পরে আরও ঘোড়া জোগাড় করবার জন্য ইস্রায়েলীয়দের মিসর দেশে না পাঠায়, কারণ সদাপ্রভু তোমাদের বলেছেন, ‘তোমরা ঐ পথে আর ফিরে যাবে না।’ 17সে যেন অনেক বিয়ে না করে; তাতে তার মন বিপথে যাবে। সে যেন নিজের জন্য অতিরিক্ত সোনা ও রূপা জড়ো না করে।
18“লেবীয়দের মধ্যে যারা পুরোহিত তাদের কাছে আইন-কানুনের যে বই আছে সিংহাসনে বসবার সময় তাকে সেই বই থেকে তার নিজের জন্য সব আইন-কানুন একটি বইয়ে নকল করে নিতে হবে। 19সেটা তার কাছেই থাকবে এবং সারা জীবন তাকে তা পড়তে হবে যাতে সে তার ঈশ্বর সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করতে শেখে এবং এই আইন-কানুন ও নিয়মের কথাগুলো মেনে চলে। 20এর ফলে অন্যান্য ইস্রায়েলীয় ভাইদের চেয়ে নিজেকে বড় করে দেখবার ভাব তার মনে আসবে না এবং আইন-কানুন থেকে সে এদিক ওদিক সরে যাবে না। এতে সে ও তার বংশধরেরা ইস্রায়েলীয়দের উপর অনেক দিন রাজত্ব করতে পারবে।
Currently Selected:
দ্বিতীয় বিবরণ 17: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000