YouVersion Logo
Search Icon

দ্বিতীয় বিবরণ 18

18
পুরোহিত ও লেবীয়দের জন্য দান
1“লেবীয় পুরোহিতেরা এবং লেবি-গোষ্ঠীর অন্যান্য লোকেরা বাকী ইস্রায়েলীয়দের মত কোন জায়গা-জমি কিম্বা সম্পত্তি পাবে না। সদাপ্রভুর উদ্দেশে আগুনে করা উৎসর্গের জন্য যে সব জিনিস আনা হবে এবং সদাপ্রভুকে আর যা কিছু দেওয়া হবে তা-ই তারা খাবে। 2ইস্রায়েলীয় ভাইদের মধ্যে তাদের সম্পত্তি বলে কিছু থাকবে না। সদাপ্রভুর প্রতিজ্ঞা অনুসারে সদাপ্রভুই হবেন তাদের সম্পত্তি।
3“লোকেরা যে সব গরু-ছাগল-ভেড়া উৎসর্গ করবে সেগুলোর কাঁধ, চোয়ালের মাংস এবং পাকস্থলী তারা পুরোহিতকে দেবে; এগুলো হবে পুরোহিতের পাওনা। 4তোমাদের প্রথমে তোলা ফসল, নতুন আংগুর-রস ও তেল আর ছাগল-ভেড়ার গা থেকে প্রথমবার কেটে নেওয়া লোম তোমরা পুরোহিতদের দেবে, 5কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সমস্ত গোষ্ঠীর মধ্য থেকে লেবীয়দের এবং তাদের বংশধরদের বেছে নিয়েছেন, যেন তারা সব সময় সদাপ্রভুর নামে সেবার কাজ করতে পারে।
6“ইস্রায়েলীয়দের দেশের কোন লেবীয় যদি তার বাসস্থান ছেড়ে সত্যিকারের ইচ্ছা নিয়ে সদাপ্রভুর বেছে নেওয়া জায়গায় যায়, 7তবে অন্যান্য লেবীয় ভাইদের মত সে-ও সেখানে তার ঈশ্বর সদাপ্রভুর নামে সেবার কাজ করতে পারবে। 8তার বাবার রেখে যাওয়া জিনিসপত্র বিক্রি করে টাকা পেলেও সেখানকার লেবীয়দের সংগে সে সমান ভাগের অধিকারী হবে।
সদাপ্রভুর চোখে যে সব কাজ জঘন্য
9“তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে দেশ দিতে যাচ্ছেন সেখানে গিয়ে সেখানকার জাতিগুলো যে সব জঘন্য কাজ করে তোমরা তা করতে শিখবে না। 10তোমাদের মধ্যে যেন এমন কোন লোক না থাকে যে তার নিজের সন্তানকে আগুনে পুড়িয়ে উৎসর্গের অনুষ্ঠান করে, যে গোণাপড়া করে কিম্বা মায়াবিদ্যা খাটায় কিম্বা লক্ষণ দেখে ভবিষ্যতের কথা বলে, যে যাদু করে, 11যে মন্ত্রতন্ত্র খাটায়, যে ভূতের মাধ্যম হয়, যে মন্দ আত্মার সংগে সম্বন্ধ রাখে এবং যে মৃত লোকের সংগে যোগাযোগ রাখে। 12এই সব কাজ যে করে সদাপ্রভু তাকে জঘন্য মনে করেন। এই সব জঘন্য কাজের জন্যই তোমাদের ঈশ্বর সদাপ্রভু ঐ সব জাতি তোমাদের সামনে থেকে তাড়িয়ে দেবেন। 13তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে তোমাদের নির্দোষ থাকতে হবে।
সেই নবী
14“তোমরা যে সব জাতিদের বেদখল করবে তারা মায়াবিদ্যা ব্যবহারকারী ও গণকদের কথায় কান দেয়, কিন্তু তোমাদের বেলায় এই সব ব্যাপারে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিষেধ রয়েছে। 15তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের ইস্রায়েলীয় ভাইদের মধ্য থেকেই তোমাদের জন্য আমার মত একজন নবী দাঁড় করাবেন। তাঁর কথামত তোমাদের চলতে হবে। 16হোরেব পাহাড়ের কাছে যেদিন তোমরা সবাই সদাপ্রভুর সামনে জড়ো হয়েছিলে সেই দিন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে তা-ই চেয়েছিলে। তোমরা বলেছিলে, ‘আর আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা শুনতে কিম্বা এই মহান আগুন দেখতে চাই না; তা হলে আমরা মারা যাব।’
17“সদাপ্রভু আমাকে বলেছিলেন, ‘তারা ভালই বলেছে। 18আমি তাদের ইস্রায়েলীয় ভাইদের মধ্য থেকে তাদের জন্য তোমার মত একজন নবী দাঁড় করাব। তার মুখ দিয়েই আমি আমার কথা বলব, আর আমি যা বলতে তাকে আদেশ দেব সে তা-ই তাদের বলবে। 19সেই নবী আমার নাম করে যে কথা বলবে কেউ যদি আমার সেই কথা না শোনে, তবে আমি নিজেই সেই লোককে দায়ী করব। 20কিন্তু আমি আদেশ দিই নি এমন কোন কথা যদি কোন নবী আমার নাম করে বলতে সাহস করে কিম্বা সে যদি দেব-দেবতার নামে কথা বলে, তবে তাকে মেরে ফেলতে হবে।’
21“কোন একটা কথা সম্বন্ধে তোমরা মনে মনে বলতে পার, ‘সদাপ্রভু এই কথা বলেছেন কিনা তা আমরা কি করে জানব? ’ 22কোন নবী যদি সদাপ্রভুর নাম করে কোন কথা বলে আর তা যদি অসত্য হয় কিম্বা না ঘটে, তবে বুঝতে হবে সেই কথা সদাপ্রভু বলেন নি। সেই নবী দুঃসাহস করে ঐ কথা বলেছে। তাকে তোমরা ভয় কোরো না।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in