YouVersion Logo
Search Icon

দ্বিতীয় বিবরণ 16

16
উদ্ধার-পর্ব
1“আবীব মাসে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে তোমরা উদ্ধার-পর্ব পালন করবে। এই আবীব মাসেই একদিন রাতের বেলায় তিনি মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছিলেন। 2নিজেকে প্রকাশ করবার জন্য সদাপ্রভু তাঁর বাসস্থান হিসাবে যে জায়গাটা বেছে নেবেন, সেখানে তোমরা তোমাদের গরু বা ছাগল-ভেড়ার পাল থেকে পশু নিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে উদ্ধার-পর্বের উৎসর্গ করবে। 3সেই পশুর মাংস তোমরা খামি দেওয়া রুটির সংগে খাবে না। সাত দিন ধরে তোমাদের দুঃখ স্মরণ করানো খামিহীন রুটি খেতে হবে, কারণ ভয়ে তাড়াহুড়া করে তোমরা মিসর দেশ ছেড়ে চলে এসেছিলে। এতে মিসর দেশ থেকে বেরিয়ে আসবার কথা তোমাদের সারা জীবন মনে থাকবে। 4এই সাত দিন সারা দেশে তোমাদের মধ্যে যেন খামি দেওয়া কোন কিছু পাওয়া না যায়। পর্বের প্রথম দিনের সন্ধ্যাবেলা তোমরা যে মাংস উৎসর্গ করবে তা যেন সকাল পর্যন্ত পড়ে না থাকে।
5“তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া আর কোন শহরে তোমরা উদ্ধার-পর্বের পশু উৎসর্গ করবে না; 6যে জায়গাটা তিনি নিজেকে প্রকাশ করবার জন্য তাঁর বাসস্থান হিসাবে বেছে নেবেন কেবল সেখানেই তা উৎসর্গ করবে। যেদিন তোমরা মিসর দেশ থেকে বের হয়ে এসেছ প্রত্যেক বছরের সেই দিনে সূর্য ডুববার সময় সন্ধ্যাবেলায় উদ্ধার-পর্বের পশু উৎসর্গ করবে। 7তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে জায়গাটা বেছে নেবেন সেখানেই তোমরা সেই মাংস রান্না করে খাবে। তার পরের দিন সকালে তোমরা তোমাদের ঘরে ফিরে যাবে। 8ছয় দিন ধরে তোমরা খামিহীন রুটি খাবে আর সাত দিনের দিন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে শেষ দিনের মিলন-সভার আয়োজন করবে এবং সেই দিন কোন কাজ করবে না।
সাত সপ্তাহের পর্ব
9“মাঠের ফসল কাটা আরম্ভ করা থেকে তোমরা গুণে সাতটা সপ্তাহ বাদ দেবে। 10তারপর তোমাদের নিজের ইচ্ছায় করা উৎসর্গ দিয়ে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে সাত সপ্তাহের পর্ব পালন করবে। তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে পরিমাণে আশীর্বাদ করেছেন তা বুঝে তোমরা এই উৎসর্গের জিনিস দেবে। 11তোমাদের ঈশ্বর সদাপ্রভু নিজেকে প্রকাশ করবার জন্য তাঁর বাসস্থান হিসাবে যে জায়গাটা বেছে নেবেন সেখানে তাঁর সামনে তোমরা, তোমাদের ছেলেমেয়েরা, তোমাদের দাস ও দাসীরা এবং তোমাদের মধ্যে বাস করা লেবীয়েরা, বিদেশী বাসিন্দারা, অনাথ ছেলেমেয়েরা আর বিধবারা- তোমরা সবাই আনন্দ করবে। 12মিসর দেশে তোমরাও যে দাস ছিলে সেই কথাটা মনে রেখে তোমরা এই সব নিয়ম যত্নের সংগে পালন করবে।
কুঁড়ে-ঘরের পর্ব
13“তোমাদের খামার এবং আংগুর মাড়াই করবার জায়গা থেকে সব কিছু তুলে রাখবার পরে সাত দিন তোমরা কুঁড়ে-ঘরের পর্ব পালন করবে। 14তোমরা, তোমাদের ছেলেমেয়েরা, তোমাদের দাস ও দাসীরা এবং তোমাদের মধ্যে বাস করা লেবীয়েরা, বিদেশী বাসিন্দারা, অনাথ ছেলেমেয়েরা আর বিধবারা- তোমরা সবাই এই পর্বে আনন্দ করবে। 15তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে জায়গা বেছে নেবেন সেখানেই তোমরা তাঁর উদ্দেশে সাত দিন ধরে এই পর্ব পালন করবে, কারণ তোমাদের তোলা সব ফসল এবং সব কাজে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করবেন আর তোমাদের আনন্দ পূর্ণ হবে।
16“তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বেছে নেওয়া জায়গায় বছরে তিনবার, অর্থাৎ খামিহীন রুটির পর্বের সময়, সাত সপ্তাহের পর্বের সময় এবং কুঁড়ে-ঘরের পর্বের সময় তোমাদের সব পুরুষ লোকদের সদাপ্রভুর সামনে উপস্থিত হতে হবে। কেউ যেন খালি হাতে সদাপ্রভুর সামনে উপস্থিত না হয়। 17তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে পরিমাণে আশীর্বাদ করেছেন তা বুঝে তোমাদের প্রত্যেকেই যেন কিছু না কিছু নিয়ে আসে।
বিচারক নিয়োগ
18“তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে সব গ্রাম ও শহর দিতে যাচ্ছেন তার প্রত্যেকটিতে প্রত্যেক গোষ্ঠীর জন্য তোমরা বিচারক ও কর্মচারী নিযুক্ত করবে। তারা ন্যায়ভাবে লোকদের বিচার করবে। 19তোমরা অন্যায় বিচার করবে না কিম্বা কারও পক্ষ নেবে না। তোমরা ঘুষ নেবে না, কারণ ঘুষ জ্ঞানীদের চোখ অন্ধ করে দেয় এবং নির্দোষ লোকদের কথায় প্যাঁচ লাগিয়ে দেয়। 20যে দেশটা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দিচ্ছেন, তোমরা যাতে বেঁচে থেকে তা ভোগ-দখল করতে পার সেইজন্য তোমরা কেবল ন্যায়কেই মেনে চলবে।
দেব-দেবতা পূজার বিরুদ্ধে নিয়ম
21-22“তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে তোমরা যে বেদী তৈরী করবে তার পাশে পূজা করবার জন্য কাঠের আশেরা-খুঁটি পুঁতবে না কিম্বা কোন পাথরও খাড়া করবে না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু এই সব ঘৃণা করেন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in