লেবীয় 23
23
ভিন্ন ভিন্ন ঈদ সম্বন্ধীয় নিয়ম
1আর মাবুদ মূসাকে বললেন, 2তুমি বনি-ইসরাইলকে বল, তোমরা মাবুদের যেসব ঈদ পবিত্র মিলন-মাহ্ফিল বলে ঘোষণা করবে, আমার সেসব ঈদ এই।
বিশ্রামবার, ঈদুল ফেসাখ ও খামিহীন রুটির উৎসব
3ছয় দিন কাজ করতে হবে, কিন্তু সপ্তম দিনে পূর্ণ বিশ্রামের বিশ্রামবার, পবিত্র মিলন-মাহ্ফিল হবে, তোমরা কোন কাজ করবে না; সেদিন তোমাদের সমস্ত নিবাসে মাবুদের উদ্দেশে বিশ্রামবার।
4তোমরা নির্ধারিত সময়ে যেসব পবিত্র মিলন-মাহ্ফিল ঘোষণা করবে, মাবুদের সেসব ঈদ এই। 5প্রথম মাসের চতুর্দশ দিনে সন্ধ্যাবেলা মাবুদের উদ্দেশে ঈদুল ফেসাখ হবে; 6এবং সেই মাসের পঞ্চদশ দিনে মাবুদের উদ্দেশে খামিহীন রুটির উৎসব হবে। তোমরা সাত দিন খামিহীন রুটি ভোজন করবে; 7প্রথম দিনে তোমাদের পবিত্র মিলন-মাহ্ফিল হবে; তোমরা কোন পরিশ্রমের কাজ করবে না। 8কিন্তু সাত দিন মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার নিবেদন করবে; সপ্তম দিনে পবিত্র মিলন-মাহ্ফিল হবে; তোমরা কোন পরিশ্রমের কাজ করবে না।
শস্যের অগ্রিমাংশ উৎসর্গ
9আর মাবুদ মূসাকে বললেন, 10তুমি বনি-ইসরাইলকে বল, আমি তোমাদেরকে যে দেশ দেব, সেই দেশে প্রবেশ করে তোমরা যখন সেই দেশে উৎপন্ন শস্য কাটবে, তখন তোমাদের প্রথমে কাটা শস্যের একটি আঁটি ইমামের কাছে আনবে। 11সে মাবুদের সম্মুখে ঐ আটি দোলাবে, যেন তোমাদের জন্য তা গ্রাহ্য হয়; বিশ্রামবারের পর দিন ইমাম তা দোলাবে। 12আর যেদিন তোমরা ঐ আটি দোলাবে, সেই দিন মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানীর জন্য এক বছরের নিখুঁত একটি ভেড়ার বাচ্চা কোরবানী করবে। 13তার সাথে শস্য-উৎসর্গের (এক ঐফার) বিশ ভাগের এক ভাগ তেল মিশানো মিহি সুজি দেবে; তা মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার হবে এবং তার পেয় উপহার এক হিন আঙ্গুর-রসের চার ভাগের এক ভাগ হবে। 14আর তোমরা যে পর্যন্ত তোমাদের আল্লাহ্র উদ্দেশে এই উপহার না আন, সেদিন পর্যন্ত রুটি বা ভাজা শস্য বা তাজা শীষ ভোজন করবে না; তোমাদের সমস্ত নিবাসে এটি পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী নিয়ম।
সাত সপ্তাহের উৎসব
15আর সেই বিশ্রামবারের পরদিন থেকে, দোলনীয় নৈবেদ্যরূপ আটি আনবার দিন থেকে, তোমরা পূর্ণ সাতটি বিশ্রামবার গণনা করবে। 16এভাবে সপ্তম বিশ্রামবারের পর-দিন পর্যন্ত তোমরা পঞ্চাশ দিন গণনা করে মাবুদের উদ্দেশে নতুন খাদ্যের উপহার নিবেদন করবে। 17তোমরা নিজ নিজ নিবাস থেকে দোলনীয় উপহার হিসেবে (এক ঐফার) দুই দশমাংশের দু’খানি রুটি আনবে এবং মিহি সুজি দ্বারা তা প্রস্তুত করবে ও খামি মিশিয়ে পাক করবে; তা মাবুদের উদ্দেশে নিবেদিত প্রথম ফসল হবে। 18আর তোমরা সেই রুটির সঙ্গে এক বছরের নিখুঁত সাতটি ভেড়ার বাচ্চা, একটি ষাঁড় ও দু’টি ভেড়া কোরবানী করবে; তা মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী হবে এবং তৎসম্বন্ধীয় শস্য-উৎসর্গের ও পেয় উৎসর্গের সঙ্গে মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার হবে। 19পরে তোমরা গুনাহ্-কোরবানীর জন্য একটি ছাগলের বাচ্চা ও মঙ্গল-কোরবানীর জন্য এক বছরের দু’টি ভেড়ার বাচ্চা কোরবানী করবে। 20আর ইমাম ঐ প্রথম ফসলের রুটির সঙ্গে ও দু’টি ভেড়ার বাচ্চার সঙ্গে মাবুদের উদ্দেশে দোলনীয় উপহার হিসেবে তাদেরকে দোলাবে; সেসব ইমামের জন্য মাবুদের উদ্দেশে পবিত্র হবে। 21আর সেই দিনেই তোমরা একটা উৎসব ঘোষণা করবে এবং তোমাদের পবিত্র মিলন-মাহ্ফিল হবে; তোমরা কোন পরিশ্রমের কাজ করবে না; এটি তোমাদের সমস্ত নিবাসে পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী নিয়ম।
22আর তোমাদের ভূমির শস্য কাটবার সময়ে তোমরা কেউ ক্ষেতের কিনারার শস্য কাটবে না ও শস্য কাটবার পরে পড়ে থাকা শস্য সংগ্রহ করবে না; তা দুঃখী ও বিদেশীর জন্য ত্যাগ করবে; আমি মাবুদ তোমাদের আল্লাহ্।
তূরীধ্বনির উৎসব
23আর মাবুদ মূসাকে বললেন, 24তুমি বনি-ইসরাইলকে বল, সপ্তম মাসে, সেই মাসের প্রথম দিনে তোমাদের বিশ্রামবার এবং তূরীধ্বনিসহযুক্ত স্মরণ করার পবিত্র মিলন-মাহ্ফিল হবে। 25তোমরা কোন পরিশ্রমের কাজ করবে না, কিন্তু মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার কোরবানী করবে।
কাফ্ফারার দিন
26আর মাবুদ মূসাকে বললেন, 27আবার ঐ সপ্তম মাসের দশম দিন কাফ্ফারা করার দিন; সেদিন তোমাদের পবিত্র মিলন-মাহ্ফিল হবে ও তোমরা নিজ নিজ প্রাণকে দুঃখ দেবে এবং মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার কোরবানী করবে। 28আর সেদিন তোমরা কোন কাজ করবে না; কেননা তোমাদের আল্লাহ্ মাবুদের সম্মুখে তোমাদের জন্য কাফ্ফারা দিতে হবে বলে তা কাফ্ফারা দিন হবে। 29সেদিন যে কেউ তার প্রাণকে দুঃখ না দেয়, সে নিজের লোকদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে। 30আর সেদিন যে কোন ব্যক্তি কোন কাজ করে, তাকে আমি নিজের লোকদের মধ্য থেকে মুছে ফেলব। 31তোমরা কোন কাজ করো না; এটি তোমাদের সমস্ত নিবাসে পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী নিয়ম। 32সেদিন তোমাদের পূর্ণ বিশ্রামের বিশ্রামবার হবে, আর তোমরা নিজ নিজ প্রাণকে দুঃখ দেবে; মাসের নবম দিন সন্ধ্যাবেলা, এক সন্ধ্যা থেকে অপর সন্ধ্যা পর্যন্ত, তোমাদের বিশ্রামবার পালন করবে।
কুটির উৎসব
33আর মাবুদ মূসাকে বললেন, 34তুমি বনি-ইসরাইলকে বল, ঐ সপ্তম মাসের পঞ্চদশ দিন থেকে সাত দিন পর্যন্ত মাবুদের উদ্দেশে কুটির উৎসব হবে। 35প্রথম দিনে পবিত্র মিলন-মাহ্ফিল হবে; তোমরা কোন পরিশ্রমের কাজ করবে না। 36সাতদিন তোমরা মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার কোরবানী করবে; পরে অষ্টম দিনে তোমাদের পবিত্র মিলন-মাহ্ফিল হবে; আর তোমরা মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার কোরবানী করবে; এটি ঈদের মাহ্ফিল; তোমরা কোন পরিশ্রমের কাজ করবে না।
37এসব মাবুদের ঈদ। এসব ঈদ তোমরা পবিত্র মিলন-মাহ্ফিল বলে ঘোষণা করবে এবং প্রতিদিন যেমন কর্তব্য, সেই অনুসারে মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার, পোড়ানো-কোরবানী, শস্য-উৎসর্গ এবং কোরবানী ও পেয় উপহার কোরবানী করবে। 38মাবুদের বিশ্রামবার থেকে, মাবুদের উদ্দেশে দাতব্য তোমাদের দান থেকে, তোমাদের সমস্ত মানত থেকে ও তোমাদের স্বেচ্ছাদত্ত সমস্ত উপহার থেকে এসব ভিন্ন।
39আবার সপ্তম মাসের পঞ্চদশ দিনে ভূমির ফল সংগ্রহ করলে পর তোমরা সাত দিন মাবুদের উৎসব পালন করবে; প্রথম দিন বিশ্রামবার ও অষ্টম দিন বিশ্রামবার হবে। 40আর প্রথম দিনে তোমরা শোভাদায়ক গাছের ফল, খেজুর পাতা, পাতা ভরা গাছের ডাল এবং নদীতীরস্থ বাইসী গাছ নিয়ে তোমাদের আল্লাহ্ মাবুদের সম্মুখে সাত দিন আনন্দ করবে। 41আর তোমরা বছরের মধ্যে সাত দিন মাবুদের উদ্দেশে সেই উৎসব পালন করবে; এটি তোমাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী নিয়ম; সপ্তম মাসে তোমরা সেই উৎসব পালন করবে। 42তোমরা সাত দিন কুটিরে বাস করো; ইসরাইল-বংশজাত সকলে কুটিরে বাস করবে। 43এতে তোমাদের ভাবী বংশ জানতে পারবে যে, আমি বনি-ইসরাইলকে মিসর দেশ থেকে বের করে এনে কুটিরে বাস করিয়েছিলাম; আমি মাবুদ তোমাদের আল্লাহ্।
44তখন মূসা বনি-ইসরাইলদের কাছে মাবুদের দেওয়া ঈদগুলোর কথা বললেন।
اکنون انتخاب شده:
লেবীয় 23: BACIB
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013