হিজরত 37

37
শরীয়ত-সিন্দুক
1আর বৎসলেল শিটীম কাঠ দিয়ে সিন্দুক তৈরি করলেন, তা আড়াই হাত লম্বা, দেড় হাত চওড়া ও দেড় হাত উঁচু করা হল; 2আর ভিতর ও বাইরেটা খাঁটি সোনা দিয়ে মুড়ে দিলেন এবং তার চারদিকে সোনার কিনারা গড়ে দিলেন। 3আর তার চারটি পায়ার জন্য সোনার চারটি কড়া ঢাললেন; তার এক পাশে দু’টি কড়া ও অন্য পাশে দু’টি কড়া দিলেন। 4আর তিনি শিটীম কাঠের দু’টি বহন-দণ্ড করে সোনা দিয়ে মুড়লেন, 5এবং সিন্দুক বহন করার জন্য ঐ বহন-দণ্ড সিন্দুকের দুই পাশের কড়াতে প্রবেশ করালেন।
6পরে তিনি খাঁটি সোনা দিয়ে গুনাহ্‌ আবরণ প্রস্তুত করলেন; তা আড়াই হাত লম্বা ও দেড় হাত চওড়া করা হল। 7আর পিটানো সোনা দিয়ে দু’টি কারুবী নির্মাণ করে গুনাহ্‌ আবরণের দুই প্রান্তে দিলেন। 8তার এক প্রান্তে এক কারুবী ও অন্য প্রান্তে অন্য কারুবী, গুনাহ্‌ আবরণের দুই প্রান্তে তার সাথে অখণ্ড দু’টি কারুবী দিলেন। 9তাতে সেই দু’টি কারুবী উপরের দিকে পাখা বিস্তার করে ঐ পাখা দ্বারা গুনাহ্‌ আবরণ আচ্ছাদন করলো এবং তাদের মুখ পরসপরের দিকে রইলো; কারুবীদের দৃষ্টি গুনাহ্‌ আবরণের দিকে রইলো।
টেবিল
10পরে তিনি শিটীম কাঠ দিয়ে টেবিল তৈরি করলেন, তা দুই হাত লম্বা, এক হাত চওড়া ও দেড় হাত উঁচু করা হল। 11আর তা খাঁটি সোনা দিয়ে মুড়লেন ও তার চার দিকে সোনার কিনারা গড়ে দিলেন। 12আর তিনি তার জন্য চারদিকে চার আঙ্গুল পরিমিত একটি বেড় তৈরি করলেন ও বেড়ের চারদিকে সোনার কিনারা গড়ে দিলেন। 13আর তার জন্য সোনার চারটি কড়া ঢেলে তার চার পায়ার চার কোণে রাখলেন। 14সেই কড়া বেড়ের কাছে ছিল এবং টেবিল বহন করার জন্য বহন-দণ্ডের ঘর হল। 15পরে তিনি টেবিল বহন করার জন্য শিটীম কাঠ দিয়ে দু’টি বহন-দণ্ড করে সোনা দিয়ে মুড়ে দিলেন। 16আর টেবিলের জন্য সমস্ত পাত্র তৈরি করলেন, অর্থাৎ তার থালা, চামচ, ঢালবার জন্য সেঁকপাত্র ও সমস্ত ঢাকনা খাঁটি সোনা দিয়ে তৈরি করলেন।
প্রদীপ-আসন
17পরে তিনি খাঁটি সোনা দিয়ে প্রদীপ-আসন তৈরি করলেন; তার কাণ্ড, শাখা, গোলাধার, কুঁড়ি ও ফুল তার সাথে সংযুক্ত ছিল। 18সেই প্রদীপ-আসনের এক পাশ থেকে তিনটি শাখা ও প্রদীপ-আসনের অন্য পাশ থেকে তিনটি শাখা, এই ছয়টি শাখা তার পাশ থেকে বের হল। 19একটি শাখায় বাদাম ফুলের মত তিনটি গোলাধার, একটি কুঁড়ি ও একটি ফুল এবং অন্য শাখায় বাদাম ফুলের মত তিনটি গোলাধার, একটি কুঁড়ি ও একটি ফুল, প্রদীপ-আসন থেকে বের হওয়া ছয়টি শাখায় এরকম হল। 20আর প্রদীপ-আসনের বাদাম ফুলের মত চারটি গোলাধার ও তাদের কুঁড়ি ও ফুল ছিল। 21আর প্রদীপ-আসনের যে ছয়টি শাখা বের হল, সেগুলোর এক শাখাদ্বয়ের নিচে তৎসহ অখণ্ড একটি কুঁড়ি, অন্য শাখাদ্বয়ের নিচে তৎসহ অখণ্ড একটি কুঁড়ি ও অপর শাখাদ্বয়ের নিচে তৎসহ অখণ্ড একটি কুঁড়ি ছিল। 22এই কুঁড়ি ও শাখা তার সাথে সংযুক্ত ছিল এবং সমস্তই পিটানো খাঁটি সোনার একই বস্তু ছিল। 23আর তিনি তার সাতটি প্রদীপ এবং তার চিমটা ও শীষদানী খাঁটি সোনা দিয়ে তৈরি করলেন। 24তিনি এই প্রদীপ-আসন এবং ঐ সমস্ত সামগ্রী এক তালন্ত পরিমিত খাঁটি সোনা দিয়ে তৈরি করলেন।
ধূপগাহ্‌
25পরে তিনি শিটীম কাঠ দিয়ে ধূপগাহ্‌ তৈরি করলেন; তা এক হাত লম্বা, এক হাত চওড়া ও দুই হাত উঁচু চারকোনা বিশিষ্ট; তার সমস্ত শিং তার সঙ্গে অখণ্ড ছিল। 26পরে সেই কোরবানগাহ্‌, তার উপরের অংশ, তার চারপাশ ও তার সমস্ত শিং খাঁটি সোনা দিয়ে মুড়ে এবং তার চারদিকে সোনার কিনারা গড়ে দিলেন। 27আর তা বইবার জন্য বহন-দণ্ডের ঘর করে দিতে তার কিনারার নিচে দুই পাশের দুই কোণের কাছে সোনার দুটো করে কড়া গড়ে দিলেন। 28আর শিটীম কাঠ দিয়ে বহন-দণ্ড প্রস্তুত করলেন ও তা সোনা দিয়ে মুড়লেন।
29পরে তিনি সুগন্ধি-প্রস্তুতকারীর প্রক্রিয়া অনুসারে অভিষেকের জন্য পবিত্র তেল ও সুগন্ধি দ্রব্যের খাঁটি ধূপ প্রস্তুত করলেন।

اکنون انتخاب شده:

হিজরত 37: BACIB

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید