হিজরত 26

26
শরীয়ত-তাঁবু
1আর তুমি দশটি পর্দা দ্বারা একটি শরীয়ত-তাঁবু প্রস্তুত করবে; সেগুলো পাকানো সাদা মসীনা এবং নীল, বেগুনে ও লাল সুতা দিয়ে তৈরি করবে; সেই পর্দাগুলোতে শিল্পীত কারুবীদের আকৃতি থাকবে। 2প্রত্যেক পর্দা লম্বায় আটাশ হাত ও প্রত্যেক পর্দা চওড়ায় চার হাত হবে; সমস্ত পর্দার এক মাপ হবে। 3আর একত্র পাঁচটি পর্দার পরসপর যোগ থাকবে এবং অন্য পাঁচটি পর্দার পরসপর যোগ থাকবে। 4আর জোড়ার স্থানে প্রথম অন্ত্য পর্দার কিনারায় নীল রংয়ের সুতা দিয়ে ঘুণ্টিঘরা করে দেবে এবং জোড়ার স্থানে দ্বিতীয় অন্ত্য পর্দার কিনারায়ও সেরকম করবে। 5প্রথম পর্দাতে পঞ্চাশটি ঘুণ্টিঘরা করে দেবে এবং জোড়ার স্থানে দ্বিতীয় পর্দার কিনারায়ও পঞ্চাশটি ঘুণ্টিঘরা করে দেবে; সেই দু’টি ঘুণ্টিঘরা শ্রেণী পরসপর সম্মুখীন হবে। 6আর পঞ্চাশটি সোনার ঘুণ্টি গড়ে ঘুণ্টিতে সমস্ত পর্দা পরসপর আট্‌কে দেবে; তাতে তা একটিই শরীয়ত-তাঁবু হবে।
7আর তুমি শরীয়ত-তাঁবুর উপরে আচ্ছাদনের নিমিত্তে তাঁবুর জন্য ছাগলের লোম দিয়ে সমস্ত পর্দা প্রস্তুত করবে, এগারটি পর্দা প্রস্তুত করবে। 8প্রত্যেক পর্দা লম্বায় ত্রিশ হাত ও প্রত্যেক পর্দা চওড়ায় চার হাত হবে; এই এগারটি পর্দার একই মাপ হবে। 9পরে পাঁচটি পর্দা পরসপর জোড়া দিয়ে পৃথক রাখবে, অন্য ছয়টি পর্দাও পৃথক রাখবে এবং এদের ষষ্ঠ পর্দা দুই ভাঁজ করে তাঁবুর সম্মুখে রাখবে। 10আর জোড়ার স্থানে প্রথম অন্ত্য পর্দার কিনারায় পঞ্চাশটি ঘুণ্টিঘরা তৈরি করে দেবে এবং সংযোগকারী দ্বিতীয় পর্দার কিনারায়ও পঞ্চাশটি ঘুণ্টিঘরা তৈরি করে দেবে।
11পরে ব্রোঞ্জের পঞ্চাশটি ঘুণ্টি গড়ে সেই ঘুণ্টিঘরাতে তা প্রবেশ করিয়ে তাঁবু সংযুক্ত করবে, 12তাতে তা একই তাঁবু হবে, তাঁবুর পর্দার অতিরিক্ত অংশ, অর্থাৎ যে অর্ধেক পর্দা অতিরিক্ত থাকবে, তা শরীয়ত-তাঁবুর পেছনের পাশে ঝুলে থাকবে। 13আর তাঁবুর পর্দার দৈর্ঘ্যের যে অংশ এপাশে এক হাত, ওপাশে এক হাত অতিরিক্ত থাকবে, তা আচ্ছাদনের জন্য শরীয়ত-তাঁবুর উপরে এপাশে ওপাশে ঝুলে থাকবে। 14পরে তুমি তাঁবুর জন্য পরিশোধিত ভেড়ার চামড়ার একটি ছাদ প্রস্তুত করবে, আবার তার উপরে শুশুকের চামড়ার একটি ছাদ প্রস্তুত করবে।
তক্তা ও অর্গল
15পরে তুমি শরীয়ত-তাঁবুর জন্য শিটীম কাঠের দাঁড় করানো তক্তা প্রস্তুত করবে। 16প্রত্যেক তক্তা লম্বায় দশ হাত ও চওড়ায় দেড় হাত হবে। 17প্রত্যেক তক্তার পরসপর সংযুক্ত দু’টা করে পায়া থাকবে; এভাবে শরীয়ত-তাঁবুর সমস্ত তক্তা প্রস্তুত করবে। 18শরীয়ত-তাঁবুর জন্য তক্তা প্রস্তুত করবে, দক্ষিণ দিকে দক্ষিণ পাশের জন্য বিশটি তক্তা। 19সেই বিশটি তক্তার নিচে চল্লিশটি রূপার চুঙ্গি গড়ে দেবে; একটি তক্তার নিচে তার দুই পায়ার জন্য দু’টি চুঙ্গি এবং অন্য অন্য তক্তার নিচেও তাদের দু’টা করে পায়ার জন্য দু’টা করে চুঙ্গি হবে। 20আর শরীয়ত-তাঁবুর দ্বিতীয় পাশের জন্য উত্তর দিকে বিশটি তক্তা; 21আর সেগুলোর জন্য রূপার চল্লিশটি চুঙ্গি একটি তক্তার নিচে দু’টি চুঙ্গি ও অন্যান্য তক্তার নিচেও দু’টা করে চুঙ্গি হবে। 22শরীয়ত-তাঁবুর পশ্চিম দিকের পিছনের ভাগের জন্য ছয়খানি তক্তা করবে। 23আর শরীয়ত-তাঁবুর সেই পিছন দিকের দুই কোণের জন্য দু’খানি তক্তা করবে। 24সেই দু’টি তক্তার নিচে জোড় হবে এবং সেভাবে মাথাতেও প্রথম কড়ার কাছে জোড় হবে; এরকম দু’টিতেই হবে; তা দুই কোণের জন্য হবে। 25তক্তা আটখানা হবে ও সেগুলোর রূপার চুঙ্গি ষোলটি হবে; একটি তক্তার নিচে দু’টি চুঙ্গি ও অন্য তক্তার নিচে দু’টি চুঙ্গি থাকবে।
26আর তুমি শিটীম কাঠের অর্গল প্রস্তুত করবে, 27শরীয়ত-তাঁবুর এক পাশের তক্তাতে পাঁচটি অর্গল ও অন্য পাশের তক্তাতে পাঁচটি অর্গল এবং শরীয়ত-তাঁবুর পশ্চিম দিকের পিছন ভাগের তক্তাতে পাঁচটি অর্গল দেবে। 28এবং মধ্যবর্তী অর্গল তক্তাগুলোর মধ্যস্থান দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যাবে। 29আর ঐ তক্তাগুলো সোনা দিয়ে মোড়াবে ও অর্গলের ঘর হবার জন্য সোনাকড়া তৈরি করবে এবং সমস্ত অর্গল সোনা দিয়ে মুড়িয়ে দেবে। 30শরীয়ত-তাঁবুর যে নমুনা পর্বতে তোমাকে দেখান হল, সেই অনুসারে তা স্থাপন করবে।
মহা-পবিত্র স্থানের পর্দা
31আর তুমি নীল, বেগুনে ও লাল এবং পাকানো সাদা মসীনা সুতা দিয়ে একটি পর্দা প্রস্তুত করবে; তা শিল্পীদের কাজ হবে, তাতে কারুবীদের আকৃতি থাকবে। 32তুমি তা সোনা দিয়ে মোড়ানো শিটীম কাঠের চারটি স্তম্ভের উপরে খাটাবে; সেগুলোর আঁকড়া হবে সোনার এবং সেগুলো রূপার চারটি চুঙ্গির উপরে বসবে। 33আর ঘুণ্টিগুলোর নিচে পর্দা খাটাবে এবং সেখানে পর্দার ভিতরে শরীয়ত-সিন্দুক আনবে। সেই পর্দা পবিত্র স্থানের ও মহা-পবিত্র স্থানের মধ্যে তোমাদের জন্য প্রভেদ রাখবে। 34আর মহা-পবিত্র স্থানে সাক্ষ্য-সিন্দুকের উপরে গুনাহ্‌ আবরণ রাখবে। 35আর পর্দার বাইরে রাখবে টেবিল ও টেবিলের সম্মুখে শরীয়ত-তাঁবুর পাশে, দক্ষিণ দিকে প্রদীপ-আসন রাখবে এবং উত্তর দিকে টেবিল রাখবে।
36আর তাঁবুর দরজা জন্য নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসীনা সুতা দ্বারা শিল্পীদের করা একটি পর্দা প্রস্তুত করবে। 37আর সেই পর্দার জন্য শিটীম কাঠের পাঁচটি স্তম্ভ তৈরি করে সোনা দিয়ে মোড়াবে ও সোনা দিয়ে তার আঁকড়া প্রস্তুত করবে এবং তার জন্য ব্রোঞ্জের পাঁচটি চুঙ্গি ঢালবে।

اکنون انتخاب شده:

হিজরত 26: BACIB

های‌لایت

به اشتراک گذاشتن

مقایسه

کپی

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید