দ্বিতীয় বিবরণ 8

8
সদাপ্রভুর কাজ মনে রাখবার নির্দেশ
1“আজ আমি তোমাদের যে সব আদেশ দিচ্ছি তার প্রত্যেকটা পালন করবার দিকে তোমরা মন দাও, যাতে তোমরা বেঁচে থাক ও সংখ্যায় বেড়ে ওঠো আর সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেবার কথা শপথ করে প্রতিজ্ঞা করেছিলেন সেখানে ঢুকে তা অধিকার করতে পার। 2মনে করে দেখ, তোমাদের ঈশ্বর সদাপ্রভু এই চল্লিশটা বছর কিভাবে মরু-এলাকার মধ্য দিয়ে সারাটা পথ তোমাদের চালিয়ে এনেছেন। তোমাদের অহংকার ভেংগে দেবার জন্য এবং তোমাদের মনে কি আছে, অর্থাৎ তোমরা তাঁর আদেশ পালন করবে কি না, তা পরীক্ষায় ফেলে দেখাবার জন্য তিনি এই কাজ করেছেন। 3খিদেয় কষ্ট দিয়ে এবং যে মান্নার কথা তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের জানা ছিল না তা খাইয়ে তিনি তোমাদের অহংকার ভেংগে দিয়েছেন। এতে তিনি তোমাদের এই শিক্ষা দিতে চেয়েছেন যে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু সদাপ্রভুর মুখের প্রত্যেকটি কথাতেই বাঁচে। 4এই চল্লিশ বছর তোমাদের গায়ের কাপড় নষ্ট হয় নি এবং পা-ও ফুলে যায় নি। 5এই কথা তোমাদের অন্তরে জেনে রেখো যে, বাবা যেমন ছেলেকে শাসন করেন ঠিক সেইভাবে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের শাসন করেন।
6“তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ পালন করবে, তাঁর পথে চলবে এবং তাঁকে ভক্তি করবে। 7তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে চমৎকার দেশটিতে তোমাদের নিয়ে যাচ্ছেন সেখানে রয়েছে পাহাড় ও উপত্যকা দিয়ে বয়ে যাওয়া নদী, ফোয়ারা আর মাটির তলার জল। 8সেখানে রয়েছে প্রচুর গম ও যব, আংগুর ও ডুমুর গাছ এবং ডালিম, জলপাইয়ের তেল আর মধু। 9সেই দেশে তোমরা পাবে প্রচুর খাবার এবং কোন কিছুরই অভাব তোমাদের থাকবে না। সেখানকার পাথরে রয়েছে লোহা। সেখানকার পাহাড় থেকে তোমরা তামা খুঁড়ে তুলতে পারবে।
10“তোমরা সেখানে খেয়েদেয়ে তৃপ্ত হবার পর তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া ঐ চমৎকার দেশটির জন্য তাঁর গৌরব করবে। 11তোমরা সতর্ক থাকবে যেন আজ আমি তাঁর যে সব আদেশ, নির্দেশ ও নিয়ম তোমাদের দিচ্ছি তা অমান্য করে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলে না যাও। 12যদি তোমরা সতর্ক না থাক, তবে তোমরা যখন খেয়েদেয়ে তৃপ্ত হবে আর সুন্দর সুন্দর বাড়ী-ঘর তৈরী করে সেখানে বাস করতে থাকবে, 13যখন তোমাদের পালের গরু-ছাগল-ভেড়ার সংখ্যা বেড়ে যাবে আর তোমাদের অনেক সোনা-রূপা হবে এবং তোমাদের সব কিছু বেড়ে যাবে, 14তখন তোমরা অহংকারী হয়ে উঠবে এবং যিনি মিসর দেশের গোলামী থেকে তোমাদের বের করে এনেছেন তোমাদের সেই ঈশ্বর সদাপ্রভুকে তোমরা ভুলে যাবে। 15তিনি তোমাদের এক বিরাট, ভয়ংকর, শুকনা, জলহীন এবং বিষাক্ত সাপ ও কাঁকড়া-বিছায় ভরা মরু-এলাকার মধ্য দিয়ে নিয়ে এসেছেন। তিনি শক্ত পাথরের মধ্য থেকে তোমাদের জন্য জল বের করেছেন। 16তিনি সেই মরু-এলাকায় তোমাদের মান্না খেতে দিয়েছেন যার কথা তোমাদের পূর্বপুরুষেরা কখনও জানেন নি। তোমাদের পরীক্ষা করবার জন্য ও অহংকার ভেংগে দেবার জন্য তিনি তা দিয়েছিলেন যাতে শেষ পর্যন্ত তোমাদের মংগল হয়। 17তোমরা হয়তো কেউ মনে মনে বলতে পার, ‘আমার নিজের শক্তিতে, নিজের হাতে কাজ করে আমি এই সব ধন-সম্পত্তি করেছি।’ 18কিন্তু তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা ভুলে যেয়ো না; তিনিই এই সব করবার ক্ষমতা তোমাদের দিয়েছেন, আর এইভাবে তিনি তোমাদের পূর্বপুরুষদের কাছে যে ব্যবস্থার কথা শপথ করে বলেছিলেন তা তিনি এখন পূর্ণ করে চলেছেন।
19“যদি তোমরা কখনও তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলে গিয়ে দেব-দেবতাদের পিছনে যাও এবং তাদের সেবা ও পূজা কর, তবে আজ আমি তোমাদের বিরুদ্ধে এই কথা নিশ্চয় করে বলছি যে, তোমরা ধ্বংস হয়ে যাবে। 20সদাপ্রভু তোমাদের সামনে যে সব জাতিকে ধ্বংস করছেন তাদের মত তোমরাও তোমাদের ঈশ্বর সদাপ্রভুর অবাধ্য হওয়ার দরুন ধ্বংস হয়ে যাবে।

اکنون انتخاب شده:

দ্বিতীয় বিবরণ 8: SBCL

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید