দ্বিতীয় বিবরণ 5

5
দশ আজ্ঞা
1মোশি সমস্ত ইস্রায়েলীয়দের ডেকে বললেন, “ইস্রায়েলীয়েরা, আজ আমি তোমাদের কাছে যে সব নিয়ম ও নির্দেশ প্রকাশ করছি তোমরা তা শোন। তোমরা সেগুলো শিখে রাখবে এবং তা যত্নের সংগে পালন করবে। 2আমাদের ঈশ্বর সদাপ্রভু হোরেব পাহাড়ে আমাদের জন্য একটি ব্যবস্থা স্থাপন করেছিলেন। 3সেই ব্যবস্থা তিনি আমাদের পূর্বপুরুষদের কাছে দেন নি, দিয়েছেন আমাদের কাছে, আজ আমরা যারা এখানে বেঁচে রয়েছি আমাদের সকলের কাছে। 4সদাপ্রভু সেই পাহাড়ের উপরে আগুনের মধ্য থেকে তোমাদের সামনেই কথা বলেছিলেন। 5সেই সময় আগুনের ভয়ে তোমরা পাহাড়ের উপর ওঠো নি বলে আমি তোমাদের ও সদাপ্রভুর মাঝখানে দাঁড়িয়ে তাঁর কথা তোমাদের কাছে প্রকাশ করেছিলাম। তখন সদাপ্রভু বলেছিলেন,
6‘আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। মিসর দেশের গোলামী থেকে আমিই তোমাদের বের করে এনেছি।
7‘আমার জায়গায় কোন দেব-দেবতা দাঁড় করাবে না।
8‘পূজার উদ্দেশ্যে তোমরা কোন মূর্তি তৈরী করবে না, তা আকাশের কোন কিছুর মত হোক বা মাটির উপরকার কোন কিছুর মত হোক কিম্বা জলের মধ্যেকার কোন কিছুর মত হোক। 9তোমরা তাদের পূজাও করবে না, তাদের সেবাও করবে না, কারণ কেবলমাত্র আমি সদাপ্রভুই তোমাদের ঈশ্বর। আমার পাওনা ভক্তি আমি চাই। যারা আমাকে ঘৃণা করে তাদের পাপের শাস্তি আমি তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত দিয়ে থাকি। 10কিন্তু যারা আমাকে ভালবাসে এবং আমার আদেশ পালন করে হাজার হাজার পুরুষ পর্যন্ত তাদের প্রতি আমার অটল ভালবাসা থাকবে।
11‘কোন বাজে উদ্দেশ্যে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নাম নেবে না। যে তা করবে তাকে সদাপ্রভু শাস্তি দেবেন।
12‘তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে যেমন আদেশ করেছেন তেমনি করে তোমরা বিশ্রামবার আমার উদ্দেশ্যে আলাদা করে রাখবে এবং তা পালন করবে। 13সপ্তাহের ছয় দিন তোমরা পরিশ্রম করবে এবং তোমাদের সমস্ত কাজ করবে, 14কিন্তু সপ্তম দিনটি হল তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামের দিন। সেই দিন তোমরা, তোমাদের ছেলেমেয়ে, তোমাদের দাস ও দাসী, তোমাদের গরু ও গাধা কিম্বা অন্য কোন পশু কিম্বা তোমাদের গ্রাম ও শহরে বাস করা অন্য জাতির লোক- কারও কোন কাজ করা চলবে না। এতে তোমাদের দাস ও দাসীও তোমাদের মত বিশ্রাম পাবে। 15মনে রেখো, তোমরাও মিসর দেশে দাসই ছিলে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাঁর কঠোর এবং শক্তিশালী হাত বাড়িয়ে সেখান থেকে তোমাদের বের করে এনেছেন। সেইজন্যই তিনি বিশ্রামবার পালন করবার আদেশ তোমাদের দিয়েছেন।
16‘তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ মেনে তোমরা তোমাদের মা-বাবাকে সম্মান করে চলবে। তাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া দেশে তোমরা অনেক দিন বেঁচে থাকবে এবং তোমাদের মংগল হবে।
17‘খুন কোরো না।
18‘ব্যভিচার কোরো না।
19‘চুরি কোরো না।
20‘কারও বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ো না।
21‘অন্যের স্ত্রীর উপর লোভ কোরো না। অন্যের ঘর-দুয়ার, জমা-জমি, দাস-দাসী, গরু-গাধা কিম্বা আর কিছুর উপর লোভ কোরো না।’
22“সেই পাহাড়ের উপর আগুন, মেঘ ও গাঢ় অন্ধকারের মধ্য থেকে সদাপ্রভু এই আদেশগুলোই তোমাদের সকলের কাছে জোরে ঘোষণা করেছিলেন। এছাড়া তিনি তোমাদের কাছে আর কিছু বলেন নি। পরে তিনি সেগুলো দু’টি পাথরের ফলকের উপর লিখে আমার কাছে দিয়েছিলেন।
23“সেই দিন যখন পাহাড়টা জ্বলছিল আর অন্ধকারের মধ্য থেকে তোমরা তাঁর স্বর শুনতে পেয়েছিলে তখন তোমাদের সব গোষ্ঠী-সর্দারেরা আর বৃদ্ধ নেতারা আমার কাছে উঠে এসেছিলেন। 24তোমরা তখন বলেছিলে, ‘আমাদের ঈশ্বর সদাপ্রভু যে কত গৌরবময় ও মহান তা তিনি আমাদের দেখিয়েছেন আর আগুনের মধ্য থেকে আমরা তাঁর স্বর শুনতে পেয়েছি। আজকে আমরা বুঝতে পারলাম যে, ঈশ্বর কারও কাছে কথা বলবার পরেও সে বেঁচে থাকতে পারে। 25কিন্তু এর পর আমরা মারা পড়তে যাব কেন ? এই মহান আগুন তো আমাদের পুড়িয়ে ফেলবে; আর বেশীক্ষণ যদি আমাদের ঈশ্বর সদাপ্রভুর স্বর শুনতে পাই তবে আমরা মারা পড়বই। 26মানুষের মধ্যে এমন কে আছে যে, আমাদের মত করে আগুনের মধ্য থেকে জীবন্ত ঈশ্বরের স্বর শুনবার পরেও বেঁচে আছে? 27আমাদের ঈশ্বর সদাপ্রভু যা বলেছেন, আপনিই কাছে গিয়ে তা শুনে আসুন। তিনি আপনাকে যা বলবেন তা আমাদের জানিয়ে দেবেন; আমরা তা শুনে সেইমতই চলব।’
28“আমার সংগে যখন তোমরা কথা বলছিলে তখন সদাপ্রভু তোমাদের কথা শুনেছিলেন এবং আমাকে বলেছিলেন, ‘এই লোকেরা তোমাকে যা বলেছে তা আমি শুনেছি। তারা যা বলেছে তা ভালই। 29আমাকে ভক্তি করবার এবং আমার আদেশ পালন করে চলবার এই মনোভাব যেন তাদের সব সময় থাকে। তাতে তাদের ও তাদের সন্তানদের চিরস্থায়ী মংগল হবে।
30“‘তুমি তাদের তাম্বুতে ফিরে যেতে বল, 31কিন্তু তুমি এখানে আমার কাছে থাক। আমি তোমাকে সেই সমস্ত আদেশ, আইন ও নিয়ম দেব যা তোমাকে তাদের শিখাতে হবে, যেন অধিকার করবার জন্য যে দেশ আমি তাদের দিতে যাচ্ছি সেখানে তারা সেগুলো পালন করে চলে।’
32“কাজেই তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যা করবার আদেশ দিয়েছেন তা তোমাদের যত্নের সংগে পালন করতে হবে; তা থেকে একটুও এদিক-সেদিক হওয়া চলবে না। 33যাতে তোমরা বাঁচতে পার এবং তোমাদের মংগল হয় আর যে দেশ তোমরা অধিকার করবে সেখানে অনেক দিন বেঁচে থাকতে পার সেইজন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে যে পথে তোমাদের চলবার আদেশ দিয়েছেন তোমরা সেই সব পথেই চলবে।

اکنون انتخاب شده:

দ্বিতীয় বিবরণ 5: SBCL

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید