দ্বিতীয় বিবরণ 29
29
1সদাপ্রভু হোরেব পাহাড়ে মোশির মধ্য দিয়ে ইস্রায়েলীয়দের জন্য একটা ব্যবস্থা স্থাপন করেছিলেন, আর এগুলো হল তাঁর দ্বিতীয় ব্যবস্থার শর্ত যা তিনি মোশিকে মোয়াব দেশে ইস্রায়েলীয়দের জন্য স্থাপন করতে বলেছিলেন।
মোয়াব দেশে মোশির ঘোষণা
2মোশি সব ইস্রায়েলীয়দের ডেকে বললেন, “সদাপ্রভু মিসর দেশের ফরৌণ ও তাঁর সমস্ত কর্মচারীর প্রতি এবং তাঁর গোটা দেশটার প্রতি যা করেছিলেন তা তোমরা নিজেরাই দেখেছ। 3তাঁদের সেই মহাপরীক্ষা এবং সদাপ্রভুর দেখানো আশ্চর্য চিহ্ন এবং তাঁর বড় বড় আশ্চর্য কাজ তোমরা নিজেদের চোখেই দেখেছ। 4কিন্তু তোমরা সদাপ্রভুর কাছ থেকে আজ পর্যন্ত সেগুলো বুঝবার মন, দেখবার চোখ ও শুনবার কান পাও নি। 5চল্লিশ বছর মরু-এলাকার মধ্য দিয়ে সদাপ্রভুই তোমাদের চালিয়ে নিয়ে এসেছেন। এর মধ্যে তোমাদের গায়ের কাপড় এবং জুতা নষ্ট হয়ে যায় নি। 6রুটি, আংগুর-রস কিম্বা অন্য কোন মদ তোমরা খেতে পাও নি। সদাপ্রভুই তা করেছেন যাতে তোমরা বুঝতে পার যে, তিনিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু।
7“তোমরা এই জায়গায় পৌঁছালে পর হিষ্বোনের রাজা সীহোন ও বাশনের রাজা ওগ আমাদের সংগে যুদ্ধ করবার জন্য বের হয়ে এসেছিলেন, কিন্তু আমরা তাঁদের হারিয়ে দিয়েছি। 8আমরা তাঁদের দেশ নিয়ে সম্পত্তি হিসাবে তা রূবেণীয়, গাদীয় ও মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোককে দিয়েছি। 9সেইজন্য তোমরা এই ব্যবস্থার সব আদেশগুলো যত্নের সংগে মেনে চলবে যাতে সব কাজেই তোমাদের মংগল হয়।
10“তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে আজ তোমরা সবাই এসে দাঁড়িয়েছ- দাঁড়িয়েছে তোমাদের সর্দারেরা ও প্রধানেরা, তোমাদের বৃদ্ধ নেতারা ও কর্মচারীরা এবং অন্যান্য সব ইস্রায়েলীয়েরা। 11তোমাদের সংগে রয়েছে তোমাদের ছেলেমেয়ে ও স্ত্রীলোকেরা; আর রয়েছে তোমাদের ছাউনিতে বাস-করা অন্য জাতির লোকেরা যারা তোমাদের কাঠ কাটে ও জল তোলে। 12তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের জন্য আজ নিশ্চয়তার শপথ করে যে ব্যবস্থা স্থাপন করেছেন সেই শপথ ও ব্যবস্থা মেনে নেবার জন্য তোমরা এখানে এসে দাঁড়িয়েছ। 13সদাপ্রভু আজ তা স্থাপন করছেন যাতে তোমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইস্হাক ও যাকোবের কাছে করা শপথ এবং তোমাদের কাছে করা প্রতিজ্ঞা অনুসারে তিনি তোমাদের ঈশ্বর হতে পারেন এবং আজকের দিনে পাকাপাকি ভাবে তোমাদের তাঁর নিজের লোক করে নিতে পারেন। 14-15আমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে এসে আজ যারা দাঁড়িয়েছে কেবল তাদের জন্যই যে আমি নিশ্চয়তার শপথ করা এই ব্যবস্থার কথা ঘোষণা করছি তা নয়, কিন্তু যাদের এখনও জন্ম হয় নি তাদের জন্যও করছি।
16“তোমরা নিজেরাই জান, মিসর দেশে আমরা কি রকম জীবন কাটিয়েছি এবং কিভাবে বিভিন্ন দেশের মধ্য দিয়ে এখানে এসে পৌঁছেছি। 17কাঠ, পাথর, সোনা ও রূপার তৈরী জঘন্য মূর্তি ও প্রতিমা তোমরা ঐ সব লোকদের মধ্যে দেখেছ। 18তোমরা দেখে নাও যেন তোমাদের মধ্যে আজ এমন কোন পুরুষ বা স্ত্রীলোক কিম্বা কোন বংশ বা গোষ্ঠী না থাকে যার অন্তর তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ফেলে ঐ সব জাতির দেব-দেবতার পূজা করতে আগ্রহী। যদি সেই রকম কেউ থাকে তবে তোমাদের মধ্যে সে হবে এমন একটা শিকড়ের মত যা পরে বিষাক্ত তেতো গাছ হয়ে উঠবে। 19এই রকম লোক এই শপথ করা কথাগুলো শুনবার সময় যদি নিজেকে ভাগ্যবান বলে মনে করে এবং মনে মনে ভাবে, নিজের ইচ্ছামত চলতে থাকলেও সে নিরাপদে থাকবে, তাহলে তোমাদের সকলের উপরেই সে সর্বনাশ ডেকে আনবে। 20সদাপ্রভু কখনও তাকে ক্ষমা করতে রাজী হবেন না। সেই লোকের বিরুদ্ধে তাঁর ক্রোধ জ্বলে উঠবে আর তাঁর অন্তরে তাঁর পাওনা ভক্তির আগ্রহ জেগে উঠবে। এই বইয়ে যে সব অভিশাপের কথা লেখা আছে তা সবই তার উপর পড়বে। সদাপ্রভু পৃথিবী থেকে তার নাম মুছে ফেলবেন। 21তিনি ইস্রায়েলীয়দের সমস্ত গোষ্ঠীর মধ্য থেকে অমংগলের জন্য তাকেই বেছে নেবেন, আর তিনি এই আইন-কানুনের বইয়ে লেখা ব্যবস্থার মধ্যে যে সব অভিশাপের কথা বলা হয়েছে সেই কথা অনুসারে তা করবেন।
22“এইভাবে এই দেশের উপর যে সব আঘাত নেমে আসবে এবং সদাপ্রভু যে সব রোগ দেশের উপর পাঠিয়ে দেবেন সেই বিষয়ে তোমাদের বংশধরেরা আর দূর দেশ থেকে আসা বিদেশীরা তোমাদের জিজ্ঞাসা করবে। 23গোটা দেশটা লবণ আর গন্ধকে পুড়ে পড়ে থাকবে। তাতে কিছুই বোনা হবে না, কিছুই গজাবে না আর কোন ঘাস বা ঝোপ-ঝাড় তার উপর থাকবে না। এই দেশের অবস্থা হবে সদোম, ঘমোরা, অদ্মা ও সবোয়িমের মত, যা সদাপ্রভু তাঁর ভয়ংকর ক্রোধে জ্বলে উঠে ধ্বংস করে দিয়েছিলেন। 24তা দেখে অন্য সব জাতি জিজ্ঞাসা করবে, ‘সদাপ্রভু কেন এই দেশটার এই দশা করেছেন? কেন তাঁর এই ভয়ংকর জ্বলন্ত ক্রোধ? ’
25“এর উত্তর হবে, ‘কারণ এই জাতি তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থা ত্যাগ করেছে, যে ব্যবস্থা মিসর দেশ থেকে তাদের বের করে আনবার পর তিনি তাদের জন্য স্থাপন করেছিলেন। 26তারা তাঁকে ফেলে তাদের কাছে নতুন দেব-দেবতার পূজা করেছে ও তাদের সামনে মাথা নীচু করেছে, যাদের পূজা করবার নির্দেশ সদাপ্রভু দেন নি। 27সেইজন্যই সদাপ্রভুর ক্রোধ এই দেশের উপর জ্বলে উঠেছে আর তিনি এই বইয়ে লেখা সব অভিশাপ এই দেশের উপর ঢেলে দিয়েছেন। 28ভীষণ ক্রোধে, ভয়ংকর জ্বলন্ত ক্রোধে, তিনি দেশ থেকে তাদের উপ্ড়ে নিয়ে অন্য দেশে ছুঁড়ে ফেলে দিয়েছেন, আর আজও তারা সেখানেই আছে।’
29“গোপন সব কিছু আমাদের ঈশ্বর সদাপ্রভুর ব্যাপার, কিন্তু প্রকাশিত সব কিছু চিরকালের জন্য আমাদের ও আমাদের সন্তানদের, যেন এই আইন-কানুনের সমস্ত কথা আমরা পালন করে চলতে পারি।
اکنون انتخاب شده:
দ্বিতীয় বিবরণ 29: SBCL
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
© The Bangladesh Bible Society, 2000